০২:০১ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই অভিনেতা তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে হারিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি ভাইয়ের মৃত্যুর খবর জানালেন।
প্রিয় ভাইয়ের আকস্মিক মৃত্যুতে ডিপজল গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভাইকে হারানোর শূন্যতা কখনো পূরণ হবে না।
ফেসবুক পোস্টে ডিপজল উল্লেখ করেন, ‘আমার অত্যন্ত শ্রদ্ধেয় মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকালমৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল
একই পোস্টে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই প্রার্থনাও করেছেন তিনি।
ডিপজল লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
জানা গেছে, আজ বুধবার বাদ জোহর বাড়ায়ানি পাড়া জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, ৯ নভেম্বর, ডিপজল তার মেজো ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। তখন ডিপজলের সেই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেন।
আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ‘নসীব’ সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন