প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার, মেগান মার্কেল জনসমক্ষে আসেন বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর এটি তার প্রথম উপস্থিতি।
বেলজিয়ামের ব্রাসেলসে স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে সফরের সময় তিনি বেশিরভাগ সময় নীরব ও আড়ালে থাকার চেষ্টা করেন।
ইউরোপীয় পার্লামেন্টে অনলাইনে শিশুদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পৌঁছালে ফটোগ্রাফারদের একটি দল তাদের স্বাগত জানায়।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগ আনা হয়েছে। সাংবাদিকরা এ বিষয়ে মন্তব্য জানতে মেগানের কাছে প্রশ্ন করলেও তিনি কোনো জবাব দেননি।
অনুষ্ঠানে মেগান ও হ্যারির একসঙ্গে বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনী পর্বে কেবল হ্যারি বক্তব্য দেন। অনুষ্ঠানটি ৫০ শিশু, যারা অনলাইনে নির্যাতন ও শোষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছে, তাদের স্মরণে নির্মিত বিশেষ স্থাপনা ‘লস্ট স্ক্রিন মেমোরিয়াল’ উদ্বোধনের উপলক্ষে আয়োজন করা হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ-কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাবার গ্রেফতারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে এই মুহূর্তে তার পক্ষে জনসমক্ষে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানে পৌঁছে দুজনকেই বেশ শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল।
মেগানের পরনে ছিল কালো পোশাক, এবং বুকে লাগানো ছিল ছোট একটি পপি ফুলের প্রতীক, যা যুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মরণে ব্যবহার করা হয়।
এ সময় তিনি হ্যারির হাত শক্ত করে ধরে ছিলেন। হ্যারির পরনে ছিল গাঢ় নীল রঙের আনুষ্ঠানিক পোশাক, সঙ্গে পপি প্রতীক ও গাঢ় রঙের টাই।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা এবং স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্তোনিও লোপেজ-ইস্তুরিজের সঙ্গে সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল দেখা যায় মেগানকে হ্যারির পাশে।
যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে আসার পর বিদেশে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এটি প্রথমবার একসঙ্গে দেখা গেল মেগান ও হ্যারিকে।
বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মেগানের ৮২ বছর বয়সী বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার ফ্লোরিডার লেকল্যান্ডে তার বসবাসের অবসরকালীন আবাসন থেকে এফবিআই সদস্যরা গ্রেফতার করেন। পরে তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, থমাস মার্কেলকে আটক রাখার আবেদন করেছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী তার হাতে একটি ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি নিজেই সেটি কেটে খুলে ফেলেছেন।
যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লিন্ডসে গ্রিফিন মঙ্গলবার এক আদেশে থমাস মার্কেলকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।
আদেশে বলা হয়, তিনি বিচার শুরুর আগে জামিনে মুক্ত থাকার শর্ত ভঙ্গ করেছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগ রয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার নিজের যৌন উত্তেজক ছবি থাকার অভিযোগও অন্তর্ভুক্ত।
প্রায় দুই দশক ধরে ভাড়া নেওয়া লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি গুদামে এসব ছবি সংরক্ষিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে থমাস মার্কেলের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
এর আগে গত মাসে ব্রিটেনের কয়েকটি ট্যাবলয়েড সংবাদমাধ্যম জানায়, ফিলিপাইনে থমাস মার্কেলের সাবেক বাড়িতে শিশুদের যৌন নিপীড়নের ছবি পাওয়া গেছে। পরে পুলিশও এ-সংক্রান্ত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। তবে মেগানের বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এক বিবৃতিতে মেগান বলেন, তিনি বিষয়টি নিয়ে ‘গভীরভাবে মর্মাহত’। আগের কিছু ‘উদ্বেগজনক ও ভয়াবহ’ অভিযোগের কারণে সন্তান আর্চি (৭) ও লিলিবেটের (৫) সঙ্গে বাবার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলেও জানান তিনি।
শিশুদের অনলাইন নিরাপত্তায় ইইউর প্রশংসা হ্যারির
অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স হ্যারি। সেখানে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তা দুব্রাভকা সুইকা ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লোপেজ-ইস্তুরিজও উপস্থিত ছিলেন।
আলোচনায় ২০২০ সাল থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরেন হ্যারি। তার বক্তব্যের সময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে সমর্থন জানান।
হ্যারি বলেন, ‘খুব দ্রুতই স্পষ্ট হয়ে গিয়েছিল, এই সমস্যা দূর হচ্ছে না। বরং আরও বেশি শিশু আত্মহত্যা করছে কিংবা এমন ক্ষতির শিকার হচ্ছে, যার প্রভাব সারা জীবন থেকে যাচ্ছে। আরও বেশি মা-বাবা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এই সমস্যার মূলে থাকা প্রতিষ্ঠানগুলো কোনো পরিবর্তন আনতে রাজি নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণহীন বিস্তার নিয়ে সমালোচনা করে হ্যারি বলেন, ‘অল্প কয়েকজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি চান, পুরো বিশ্ব যেন সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়ে, যেখানে কোনো আইন বা নিয়ন্ত্রণ থাকবে না।’
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) কার্যক্রম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং ১৫ বছর বয়স পর্যন্ত সীমিত ও অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনার প্রশংসা করেন হ্যারি। এ উদ্যোগটি ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামে পরিচিত।
হ্যারি বলেন, ‘সবাই মিলে একটি অভিন্ন নীতিতে এগিয়ে যাওয়া জরুরি। বিশেষ করে শিশুদের নিরাপত্তার প্রমাণ দেওয়ার দায়িত্ব মা-বাবার পরিবর্তে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়ার মধ্য দিয়েই কাজ শুরু করা উচিত।’
২০২০ সালের শুরুর দিকে মেগান ও হ্যারি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে ব্যক্তিগত উদ্যোগে তারা এখনো এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন