ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মোবাইল কিনে না দেয়ায় বাড়ি ছেড়ে যাওয়া শিশু ১৪ দিন পর উদ্ধার


মোবাইল কিনে না দেয়ায় বাড়ি ছেড়ে যাওয়া শিশু ১৪ দিন পর উদ্ধার

১০ বছর বয়সি শাফায়াত হোসেন মোবাইল কিনে না দেয়ায় তার পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ১৪ দিন নিখোঁজ থাকার পর, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ ঘুরে অবশেষে তার বাবা-মা পুলিশ সহায়তায় তাকে ফিরে পান।

বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শাফায়াত মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকার সাবের হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ৮ অক্টোবর মোবাইল কিনে না দেয়ায় রাগ করে বাড়ি থেকে চলে যায় শাফায়াত। এরপর তার খোঁজে অনেক চেষ্টা করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে তার বাবা সাবের হোসেন থানায় নিখোঁজ ডায়েরি করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

উদ্ধারের পর শিশুটি জানায়, বাড়ি থেকে চলে যাওয়ার পর ঢাকায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে চট্টগ্রামে নিয়ে যায়। পরে সেখান থেকে পালিয়ে আবার ঢাকায় ফিরে আসে সে। এ সময় আরেক ব্যক্তি তাকে লঞ্চে চাকরি দেয়। কিছুদিন পরে সেই চাকরি ছেড়ে নারায়ণগঞ্জ চলে যায় শাফায়াত। সবশেষ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের লঞ্চে ওঠে সে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পুলিশ শিশুটির আত্মীয়স্বজনের সহযোগিতায় মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে একটি লঞ্চ সেই ঘাটে পৌঁছালে পুলিশ ওই লঞ্চ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে থানায় নিয়ে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

দীর্ঘ ১৪ দিন পর আদরের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শাফায়াতের বাবা-মা। তারা পুলিশকে ধন্যবাদ জানান সন্তানকে উদ্ধার করে দেয়ার জন্য।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ফেনীর প্রকৌশলী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ফেনীর প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, ‘তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এতে দুর্ঘটনার কারণ এবং জড়িত অন্যান্য বিষয় বিস্তারিতভাবে উঠে আসবে।’

এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন যে, রেললাইনে মেরামতের কাজ চলছিল, কিন্তু তাকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, কর্ণফুলী কমিউটার ট্রেনটিকে লাইন ক্লিয়ারেন্স পেপার প্রদানকারী নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেনও রেললাইনে মেরামতকাজের বিষয়ে কোনো তথ্য না পাওয়ার দাবি করেছেন।

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না, প্রার্থী পক্ষে কাজ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না, প্রার্থী পক্ষে কাজ করতে হবে

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক ব্যবহার করা হবে না। তবে, দল মনোনীত প্রার্থী থাকবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সকলকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় ২ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় অংশগ্রহণ করে নেতা-কর্মীদের এই নির্দেশনা প্রদান করেন।

জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, দলের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, "প্রার্থীদের মধ্যে যোগ্য ব্যক্তিকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে।"

প্রতিনিধি সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না এবং যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ারসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বিজয়া দশমীতে সিঁদুর খেলা, নারীদের মধ্যে আনন্দের পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


নাটোরে বিজয়া দশমীতে সিঁদুর খেলা, নারীদের মধ্যে আনন্দের পরিবেশ

নাটোর, ২১ অক্টোবর ২০২৬ : আজ নাটোরের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দশমী বিহিত পূজা ও পূজা পরবর্ত্তী ‘অপরাজিতা পূজা’ সম্পন্ন হওয়ার পর নারীরা সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন।

বিজয়া দশমীতে দেবী দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ানো হয় এবং বিবাহিত নারীরা মা দুর্গার সিঁথিতে সিঁদুর দেন। দেবীর কাছে প্রার্থনা করার পর নারীরা একে অপরের সিঁথিতে, গালে ও মুখে সিঁদুর লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বী নারীদের বিশ্বাস, দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণের মাধ্যমে তাদের সিঁথির সিঁদুর ও পারিবারিক কল্যাণ অক্ষয় হবে।

সিঁদুর খেলাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ঢাকের বাদ্য ও ভক্তিমূলক গানের সুরে বিবাহিত নারী ও শিশুরা আনন্দে নাচগান করেন। তবে বিজয়ার বেদনা বিধুর পরিবেশও লক্ষ্য করা যায়।

বুধবার সন্ধ্যায় মণ্ডপগুলো থেকে জেলা শহরের জয়কালী দীঘির দিকে বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রা শুরু হবে, যা মধ্যরাত পর্যন্ত চলবে।

পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, নাটোর পৌর এলাকার ৫০টি মণ্ডপের বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রা জয়কালী দীঘিতে গিয়ে শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডে বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা আবেদনের ৭০% প্রত্যাখ্যাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


নিউজিল্যান্ডে বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা আবেদনের ৭০% প্রত্যাখ্যাত

ইমিগ্রেশন নিউজিল্যান্ড (আইএনজেড) জানিয়েছে, ভারত থেকে প্রাপ্ত স্টুডেন্ট ভিসা আবেদনের অর্ধেকেরও বেশি বর্তমানে তারা প্রত্যাখ্যান করছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে করা আবেদনের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের হার প্রায় ৭০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ভিসা পরিচালক সেলিয়া কুম্বস 'রেডিও নিউজিল্যান্ড'কে (আরএনজেড) জানিয়েছেন, ভুয়া কর্মসংস্থানের অভিজ্ঞতা এবং ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়া— উচ্চ হারে ভিসা প্রত্যাখ্যানের অন্যতম প্রধান কারণ।

গত সপ্তাহে আরএনজেড-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, গত তিন মাসে বাংলাদেশ থেকে আসা পূর্ণ-ফি প্রদানকারী সম্ভাব্য শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার লাফিয়ে ৭০ শতাংশে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে চীনের পরেই দ্বিতীয় স্থানে থাকা ভারতের ক্ষেত্রে এই হার ৩৯ শতাংশে রয়েছে।

কুম্বস জানিয়েছেন, নিউজিল্যান্ডের বর্তমান অভিবাসন ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সহজ নীতি এবং অন্যান্য দেশ শিক্ষার্থী গ্রহণ সীমিত করায়, অনেক বেশি মানুষ এখন এই দেশে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন।

তিনি বলেন, "বিশ্বের অন্যান্য দেশ তাদের অভিবাসন নীতি কঠোর করায় নিউজিল্যান্ডে আবেদনকারীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে যেমন আসল ও যোগ্য শিক্ষার্থী রয়েছে যাদের ভিসা অনুমোদিত হচ্ছে, তেমনই ভুয়া বা শর্ত পূরণে ব্যর্থ আবেদনকারীর সংখ্যাও বাড়ছে।"

কুম্বস আরও জানিয়েছেন, বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, "গত বছরের এই সময়ে নিউজিল্যান্ডে আবেদনকারী শীর্ষ ১০টি দেশের তালিকাতেও বাংলাদেশ ছিল না। কিন্তু ২০২৬ সালের এপ্রিল-মে মাসের মধ্যে, অর্থাৎ মাত্র ৪-৫ মাসের ব্যবধানে এটি আমাদের ইমিগ্রেশন সিস্টেমে তৃতীয় সর্বোচ্চ আবেদনকারী দেশ হিসেবে উঠে আসে।"

কুম্বস উল্লেখ করেছেন, কিছু আবেদনের ক্ষেত্রে ভুয়া কাগজপত্র ও ভুল তথ্য ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, "সম্প্রতি যে জালিয়াতিটি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হলো ব্যাংক স্টেটমেন্ট ও দলিলের পুনর্ব্যবহার বা রিসাইক্লিং। অর্থাৎ, একজন ব্যক্তির আসল অর্থ ও সঠিক কাগজপত্র ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন এজেন্টের মাধ্যমে অন্য একাধিক শিক্ষার্থীর জন্য সেই একই তথ্য বারবার জমা দেওয়া হচ্ছে।"

"একপর্যায়ে আমরা প্রায় ৮৫টি আবেদন চিহ্নিত করি, যেখানে সম্পূর্ণ একই কাগজপত্র ব্যবহার করা হয়েছিল," যোগ করেন তিনি। কুম্বস জানিয়েছেন, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা আবেদনগুলোতেও একই ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, "বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশীয় বাজার থেকে আসা আবেদনগুলোতে যে ধরনের জালিয়াতি দেখা যায়, তার একটি বড় অংশ হলো কাজের ভুয়া অভিজ্ঞতা। সাধারণত পড়ালেখার মাঝের বিরতি (গ্যাপ) ঢাকতে কিংবা স্টাডি প্ল্যানকে গ্রহণযোগ্য করে তুলতে এসব ব্যবহার করা হয়।"

"এছাড়া বাংলাদেশে সক্রিয় কিছু 'ডিপ্লোমা মিল' (ভুয়া সনদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান)-ও আমাদের টিমের নজরে এসেছে। এসব প্রতিষ্ঠান থেকে ভিসা আবেদনের জন্য শিক্ষার্থীদের ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে দেওয়া হতো।"

"আমরা অনেক সময় আয়ের ভুয়া উৎস, জাল ভাড়া রসিদ ইত্যাদি দেখতে পাই। মূলত অর্থের প্রকৃত উৎস প্রমাণ করতে না পেরে অনেকে এভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে থাকে।"

তবে কুম্বস পরিষ্কার করেছেন যে, সব প্রত্যাখ্যাত আবেদনই যে জালিয়াতির কারণে বাতিল হচ্ছে তা নয়। শিক্ষার্থীরা যেন সঠিকভাবে বুঝতে পারেন তাদের ঠিক কী কী তথ্য প্রমাণ হিসেবে দিতে হবে, সেটি অত্যন্ত জরুরি। তিনি জানিয়েছেন, ভুয়া আবেদন ধরা পড়লে ইমিগ্রেশন নিউজিল্যান্ড সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সে বিষয়ে সতর্ক করে, যাতে তারা দায়ী এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

কুম্বস জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতে আসা শিক্ষার্থীদের আবেদনের ঢল সামলাতে ইমিগ্রেশন নিউজিল্যান্ড প্রস্তুতি নিচ্ছে। একই সাথে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির অফার লেটার দেওয়ার আগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তিনি বলেন, "আমাদের কাজ হলো যোগ্য শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত তাদের আসার সুযোগ করে দেওয়া। তাই আমরা শিক্ষ খাতকে তাদের শিক্ষার্থী বাছাই ও নিয়োগ প্রক্রিয়ায় উন্নতি আনার আহ্বান জানিয়েছি। প্রয়োজনে ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে তারা যাচাই করে দেখতে পারে শিক্ষার্থীটি তাদের প্রতিষ্ঠানের জন্য এবং প্রতিষ্ঠানটি ওই শিক্ষার্থীর জন্য উপযুক্ত কি না। একই সাথে এজেন্টদের কার্যক্রমও তাদের পর্যবেক্ষণ করা উচিত।"

"শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি অফার লেটার দেওয়ার ক্ষেত্রে আরও খানিকটা বিচক্ষণ ও সতর্ক হতে পারে, তবে পুরো ব্যবস্থাটি অনেক বেশি উন্নত ও কার্যকর হয়ে উঠবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%