০২:১৫ পি.এম
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ফরহাদ আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাস স্ট্যান্ডের মরইরতল এলাকার পশ্চিম পাশে অবস্থিত একটি সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের পুত্র। তিনি মাত্র এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুস সালাম জানান, ‘জকিগঞ্জ থেকে সিলেটমুখি একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।’
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: ৫ দিন পর শুটার শামীমের ভাগনে গ্রেপ্তার
এসআই মোমেন বলেন, ‘দুর্ঘটনায় ফরহাদের মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।’
প্রাণহানির বিষয়ে নিশ্চিত করে সিলেটের জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন