০৯:১৫ পি.এম
দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণের সোচ্চার হওয়ার আহ্বান জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষভাবে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় টিআইবির হোপ সেন্টারে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্বেষা মিত্র।
আরও পড়ুন: মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫, শনিবারের ঘটনা
অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, বিতর্কের মূল্যবোধ ও টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। বিতর্কের মাধ্যমে তরুণরা নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি যুক্তিনির্ভর চর্চার সুযোগ পান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই কোনো না কোনোভাবে জয়ী হয়েছেন।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের বিভিন্ন অর্জনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদেরই এগিয়ে আসতে হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের অন্য সদস্য সানজিদা মেহনাজ তাসনিম। রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারা দেশের ৩২টি বিতর্ক দল এতে অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আরও পড়ুন: বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর
তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য বিতার্কিক ও বিচারকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যুক্তিবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
টিআইবি জানায়, বিতর্কে নারী সমঅধিকার ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল।
২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী আবাসিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এবারের প্রতিযোগিতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনেও সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।
আরও পড়ুন: রেলযাত্রীদের নিরাপত্তায় সারাদেশে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন