ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা


রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা

রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে হামলায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় কয়েকটি গুলিও ছোড়া হয়। ঘটনায় উপকেন্দ্রের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম রাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন ধরেনি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে। একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলার পর দূর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা গুলি ছোড়ার পাশাপাশি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।
তিনি বলেন, পরপর দুই দিন এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, প্রথম দিনের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। এরপরও রাতে আবার হামলার ঘটনা ঘটে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিনের হামলায় একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


মিরপুরে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন, হতাহতের খবর নেই

রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি আগুনে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তবে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এই ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, মিরপুর-১০ এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুনের কারণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুকে বোর্ড অব পিসের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


গাজার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুকে বোর্ড অব পিসের কড়া হুঁশিয়ারি

যুদ্ধবিরতি চুক্তি এবং পূর্বসম্মত ২০ দফা পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে গাজার যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও তদারকির দায়িত্ব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ‘বোর্ড অব পিস’ কড়া হুঁশিয়ারি প্রদান করেছে। চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠির মাধ্যমে এই সতর্কবার্তা জানানো হয়েছে, যা বোর্ডের জ্যেষ্ঠ দূত নিকোলাই ম্লাদেনভের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই তথ্য একটি ইসরায়েলি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের মাধ্যমে জানা গেছে।

ম্লাদেনভ ওই চিঠিতে উল্লেখ করেছেন যে, বোর্ড অব পিস গাজার বিষয়ে নেতানিয়াহুর কাছে নতুন কোনো ছাড়ের আবেদন করছে না। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা এবং ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো পালন করলেই যথেষ্ট হবে, যেগুলোতে নেতানিয়াহু পূর্বে অনুমোদন দিয়েছেন। এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর নির্ধারিত মানদণ্ড পূরণ করা এবং হামাসের পরিবর্তে উপত্যকার শাসন ও নিরাপত্তা পরিচালনার জন্য গঠিত সংস্থাগুলোকে কাজ করার সুযোগ দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে।

বোর্ড অব পিস ইতোমধ্যে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন গঠন করেছে এবং কয়েক হাজার ফিলিস্তিনি নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) কাজ করার জন্য শত শত মরক্কোর সেনাকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) এখনও গাজায় প্রবেশ করতে পারেনি, পুলিশ বাহিনীর প্রশিক্ষণ মিসরে শুরু হয়নি এবং আইএসএফও উপত্যকায় মোতায়েন হয়নি। নেতানিয়াহু সরকার এসব সংস্থার কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

চলতি বছরের শুরুতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে হামাস। অস্ত্র সমর্পণ নিয়ে টালবাহানা করলেও গত ৩০ জুলাই গোষ্ঠীটি বোর্ডের নিরস্ত্রীকরণ রোডম্যাপে সম্মত হয়েছে। কিন্তু পর্যায়ক্রমিক কাঠামোর কারণে ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র হস্তান্তর সহজতর করার লক্ষ্যে গঠিত সংস্থাগুলোর কার্যক্রম আটকে দিয়েছে।

সূত্রগুলো জানায়, দীর্ঘ কয়েক মাস ধরে বোর্ড ইসরায়েলের ওপর কড়া চাপ প্রয়োগ থেকে বিরত ছিল, কারণ নির্বাচনী প্রচারণার সময় নেতানিয়াহু এমন কোনো পদক্ষেপ নেবেন না যা প্রতিদ্বন্দ্বীরা দুর্বলতা হিসেবে দেখাতে পারে। তবে ২৭ অক্টোবরের নির্বাচন কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হওয়ার পর বোর্ড অব পিস আর অপেক্ষা না করার ইঙ্গিত দিয়েছে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে জনসম্মুখে চাপ বাড়াতে শুরু করেছে।

এই সপ্তাহে বোর্ডের অন্যতম রূপকার জ্যারেড কুশনার সতর্ক করে বলেছেন যে, গাজা নীতিতে পরিবর্তন না আনলে ইসরায়েল ‘বৈশ্বিক একঘরে অবস্থার’ দিকে এগিয়ে যাবে। বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাউম হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েল ২০ দফা পরিকল্পনা আটকে রাখা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন প্যানেল গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার দায়িত্ব ফিরিয়ে দেবে। এর ফলে উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দার দায়িত্ব ইসরায়েল, হামাস, জাতিসংঘ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অথবা এদের কোনো সমন্বিত পক্ষের ওপর গিয়ে পড়বে। মঙ্গলবারের চিঠিতেও ম্লাদেনভ প্রায় একই বার্তা দিয়েছেন।

২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অনুমোদন করে এবং ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজার যুদ্ধ-পরবর্তী রূপান্তর তদারকির দায়িত্ব বোর্ড অব পিসকে দেয়। তবে ইসরায়েল পুনর্গঠন পরিকল্পনায় বাধা দিলে ম্লাদেনভ আগেই এই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

সূত্রগুলোর মতে, চিঠি পাঠানোর পরের কয়েক দিনে বোর্ড লক্ষ্য করেছে যে নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তনে আগ্রহী হয়ে উঠছেন। এরপর নেতানিয়াহু কুশনারের সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান যে ইসরায়েল ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু করবে। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসে আইএসএফ মোতায়েনের অনুমতিসহ গাজা-সংক্রান্ত কয়েকটি পদক্ষেপ অনুমোদন দেবে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ম্লাদেনভের ব্রিফিংয়ের আগেই ইসরায়েল অগ্রগতি দেখাতে চাইছে বলে জানিয়েছে একটি ইসরায়েলি সূত্র।

এদিকে, হামাসের শীর্ষ নেতাদের এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অভিযুক্তদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা জোরদার করেছে। যেসব হামলায় সেনাদের ওপর আসন্ন হুমকি নেই এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়, তা যুদ্ধবিরতির লঙ্ঘন। একটি সূত্র জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা সব ক্ষেত্রে এমনটি ঘটেনি বলে মনে করেন এবং বেসামরিক প্রাণহানি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট ওই সূত্রের মতে, চলমান হামলা নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার ঝুঁকি তৈরি করছে, কারণ এতে হামাস সদস্যরা ভাবতে পারেন যে অস্ত্র সমর্পণ করলেও বা না করলেও তাদের হত্যা করা হবে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫, শনিবারের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫, শনিবারের ঘটনা

মোল্লাহাটে উপজেলা বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাগেরহাটের এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিএনপির শান্তি সমাবেশ চলাকালীন গোপালগঞ্জের দিক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল প্রবেশের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এতে সমাবেশে অংশগ্রহণকারী অন্তত পাঁচজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে মিছিলটি পিছু হটে যায়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মধুমতী নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু ও এর সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে আবুল খায়ের সেতুসংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটের সীমানায় প্রবেশের চেষ্টা করে। এই সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ ধরে চলা সংঘর্ষের পর মিছিলটি ফিরে যায়।

আহত পাঁচজনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘গোপালগঞ্জের দিক থেকে একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মিছিল নিয়ে আসা লোকজন ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%