০৯:৫৩ পি.এম
মোল্লাহাটে উপজেলা বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাগেরহাটের এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বিএনপির শান্তি সমাবেশ চলাকালীন গোপালগঞ্জের দিক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল প্রবেশের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এতে সমাবেশে অংশগ্রহণকারী অন্তত পাঁচজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে মিছিলটি পিছু হটে যায়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মধুমতী নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু ও এর সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে আবুল খায়ের সেতুসংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটের সীমানায় প্রবেশের চেষ্টা করে। এই সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ ধরে চলা সংঘর্ষের পর মিছিলটি ফিরে যায়।
আহত পাঁচজনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘গোপালগঞ্জের দিক থেকে একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মিছিল নিয়ে আসা লোকজন ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, ল্যাপটপ ক্ষতিগ্রস্ত
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন