০৯:১৭ পি.এম
পাঁচটি মেয়েকে নিয়ে অভাবের মধ্যে জীবনযাপন করছেন মুন্নি বেগম। তাঁর কাছে নেই নিজস্ব জমি এবং স্থায়ী আয়ের কোনো উৎস। জীবিকার তাগিদে ধান কাটার মৌসুমে তিনি মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজে মাটি খুঁড়ে বের করে জমিয়ে রাখা ধান সংগ্রহ করেন। সেই ধান দিয়েই কোনোরকমে চলে সংসার। কুড়িগ্রামের রাজারহাটের ৫৮ বছর বয়সী ভূমিহীন বিধবা মুন্নি বেগমের এই কঠিন জীবনের কাহিনী। প্রশাসনের কাছে তাঁর দুর্দশার খবর পৌঁছালে পাশে দাঁড়ান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শনিবার তাঁকে উপহার হিসেবে দেওয়া হয় বাছুরসহ একটি গাভি। এই উপহার পেয়ে মুন্নি বেগম নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার পর কুড়িগ্রাম সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে মুন্নি বেগমের হাতে বাছুরসহ গাভীটি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মুন্নি বেগম রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা। স্বামীহারা এই নারী দীর্ঘদিন ধরে পাঁচ মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভূমিহীন হওয়ায় তাঁর নিজের কোনো কৃষিজমি নেই। ফলে ধান কাটার মৌসুমে অন্যের জমিতে পড়ে থাকা ধান কিংবা ইঁদুরের গর্তে জমিয়ে রাখা ধান সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করতে হয় তাঁকে।
মুন্নি বেগমের জীবনসংগ্রামের খবর জানতে পেরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বিষয়টি জেলাপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে অবহিত করেন। পরে জেলাপ্রশাসক ও ইউএনওর পরামর্শ এবং উদ্যোগে বিষয়টি ত্রাণমন্ত্রীর নজরে আসে। এর ফলস্বরূপ অসহায় এই নারীর জীবিকার অবলম্বন হিসেবে তাঁকে বাছুরসহ একটি গাভি উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা
গাভি পেয়ে আবেগাপ্লুত মুন্নি বেগম বলেন, ‘অভাবের সংসারে এতদিন অনেক কষ্ট করে দিন পার করেছি। কখনোই ভাবিনি এভাবে কেউ আমার পাশে দাঁড়াবেন। গাভীটি পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখন গাভীর দুধ বিক্রি করে সংসারের খরচ চালাতে পারব, পাশাপাশি পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। গাভীটি আমার সংসারে নতুন আশার আলো হয়ে এসেছে। মন্ত্রীসহ যারা আমাকে এভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
গাভি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলাপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন