ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ডিজেলের দাম কমছে মালয়েশিয়ায়


ডিজেলের দাম কমছে মালয়েশিয়ায়

ইরানকে নিয়ে চলমান সংঘাত অবসানের আলোচনার অগ্রগতি হওয়ার কারণে মালয়েশিয়া আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে ঘোষণা দেন।

রবিবার (২১ জুন) দেশের সংবাদপত্র দ্য স্টারকে দেওয়া বক্তব্যে আনোয়ার বলেন, ‘আমি লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ডিজেল কর্মসূচি ঘোষণা করেছি। এর উদ্দেশ্য হল ডিজেলের দাম বাড়ানো নয়, বরং কমানো—যদিও বর্তমানে পরিস্থিতি এখনও অনিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘আলোচনার একটি বড় অংশের সমন্বয়কারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমাকে জানিয়েছেন, এবার তিনি আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যের সংকট প্রশমিত করা সম্ভব হবে। এর ফলে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমাদের সহায়তা হবে।’

আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ

আনোয়ার ইব্রাহিমের মতে, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হয়, তাহলে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ কমবে, যা মালয়েশিয়ার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: দ্যা স্টার

আরও পড়ুন: রাশিয়া ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর দেওয়া হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এ বৈঠকটি হয়।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তাদের নেতৃত্বে দুই দেশের মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়।

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। আলোচনার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও প্রাধান্য পায়। এর মধ্যে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন এবং বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এছাড়া আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন (counter-terrorism) বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্ব স্ব দেশের পক্ষে দলিল দুটি বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের ৬৪ বছর আগের রেকর্ড ভাঙার মিশনে আর্জেন্টিনা, সামনে অস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ব্রাজিলের ৬৪ বছর আগের রেকর্ড ভাঙার মিশনে আর্জেন্টিনা, সামনে অস্ট্রিয়া

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনা। ৬৪ বছর আগে ব্রাজিল যে কীর্তি গড়েছিল, সেটি স্পর্শ করার মিশনে লিওনেল মেসির দল এবার মাঠে নামছে। তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করা। সেই লক্ষ্যের পরের ধাপ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের একটি জয়ের পরে আত্মবিশ্বাসে উজ্জ্বল হয়ে রয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন মেসি। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেছেন, মেসির মতো ফুটবলার আর আসবে না এবং তাঁর খেলা অনুকরণ করা প্রায় অসম্ভব।

ম্যাচ শেষে ম্যাক অ্যালিস্টার বলেন, মেসির সঙ্গে খেলা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। মাঠে তাঁর উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি প্রতিটি মুহূর্তেই বোঝা যায়।

মেসির কাছ থেকে শেখার প্রসঙ্গে ম্যাক অ্যালিস্টার আরও যোগ করেন, মেসির ড্রিবলিং বা পাসিং বোঝা গেলেও সেগুলো একইভাবে মাঠে প্রয়োগ করা সম্ভব নয়। তবে তাঁর নম্রতা ও মূল্যবোধ তরুণদের জন্য একটি বড় শিক্ষা।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিকের পেছনে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল অপরিসীম। প্রথম গোলের সময় বল ছেড়ে দিয়ে সুযোগ তৈরি করেন ম্যাক অ্যালিস্টার। তৃতীয় গোলেও ছিল দারুণ দলীয় সমন্বয়, যার শেষটি করেন মেসি তাঁর চিরচেনা নিখুঁত ফিনিশে।

এটি ছিল মেসির জন্য একটি রেকর্ডময় ম্যাচ। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার পাশাপাশি এটি ছিল তাঁর ১৭তম জয়, যা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। হ্যাটট্রিকের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে যৌথ সর্বোচ্চ গোলদাতার কাতারেও পৌঁছে গেছেন।

ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালিতে তাঁকে অভিবাদন জানায়।

এখন সব নজর অস্ট্রিয়া ম্যাচে। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে আরেক ধাপ এগোতে চায় আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় তেলের দাম কমেছে

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষে বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির আভাস লক্ষ্য করা গেছে।

ইরান এই আলোচনা শেষে জানিয়েছে, তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইতিবাচক নিশ্চয়তা পেয়েছে। এই প্রভাবেই সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৩ ডলার বা ১.৯০ শতাংশ কমে ৭৯.০৪ ডলারে নেমে আসে।

দিনের শুরুর দিকে দাম বেড়ে ৮২.৩০ ডলারে উঠেছিল। এর পেছনে কারণ ছিল ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের জুলাই মাসের চুক্তির দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে দাঁড়িয়েছে ৭৬.৫৩ ডলারে। আগস্টের চুক্তির দাম কমে দাঁড়িয়েছে ৭৫.৩০ ডলারে।

যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে শুক্রবার বাজারে কোনো নিষ্পত্তি ঘটেনি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠক শেষে মধ্যস্থতাকারীরা জানান, উচ্চপর্যায়ের মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এপ্রিল থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতির মেয়াদকে অন্তত ৬০ দিন বাড়ানোর লক্ষ্যে এই আলোচনা শুরু হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পাশাপাশি কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং দেশের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে।

বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। উভয় পক্ষ একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরাইল এবং হিজবুল্লাহর চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিশ্লেষকদের ধারণা, আলোচনার ইতিবাচক অগ্রগতি যদি অব্যাহত থাকে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে এবং তেলের দামের ওপর চাপ আরও কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে এবার ককরোচ জনতা পার্টির অবস্থান ধর্মঘট শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


দিল্লিতে এবার ককরোচ জনতা পার্টির অবস্থান ধর্মঘট শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফলে অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটেই দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে এবার অবস্থান ধর্মঘট শুরু করেছে জেন-জি প্রজন্মের তরুণদের রাজনৈতিক আন্দোলন 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) সমর্থকরা।

গত শনিবার (২০ জুন) তীব্র গরম ও পুলিশের বিভিন্ন বাধা উপেক্ষা করে শত শত শিক্ষার্থী ও তরুণ দিল্লির নির্ধারিত বিক্ষোভস্থল যন্তর মন্তরে অবস্থান নিয়েছেন। গত রোববার (২১ জুন) দ্বিতীয় দিনেও নতুন নতুন বিক্ষোভকারী যোগ দেওয়ায় আন্দোলনের পরিধি আরও বড় হয়েছে। দিন-রাত সেখানেই কাটাচ্ছেন আন্দোলনকারীরা।

কর্মী-সমর্থকদের সঙ্গে এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দিপকে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা এই তরুণ চলতি মাসে ভারতে ফিরে এসে অনলাইনভিত্তিক এই আন্দোলনকে রাজপথে নিয়ে আসেন।

ভারতের ১৪০ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেকই ২৫ বছরের কম বয়সী। ঘন ঘন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নম্বরের গরমিলের কারণে পড়াশোনা ও চাকরি খোঁজার চাপে আগে থেকেই মানসিক চাপের মধ্য দিয়ে যাওয়া তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দীপকের দল 'ককরোচ জনতা পার্টি' (ককরোচ পিপলস পার্টি বা সিজেপি) সেই ক্ষোভ ও হতাশাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে।

মূলত গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে 'ককরোচ জনতা পার্টি'র ধারণার জন্ম হয়। ভারতের প্রধান বিচারপতি বেকার যুবকদের একটি অংশকে 'ককরোচ' ও 'পরজীবী' বলে মন্তব্য করেন।

যুবসমাজকে তেলাপোকার সঙ্গে তুলনা করে দেওয়া ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিজিৎ দিপকে লেখেন, 'সব তেলাপোকা যদি একত্রিত হয়, তাহলে কী হবে?' এরপরই বিষয়টি ভাইরাল হয়ে যায়। বর্তমানে সিজেপির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে, যা ভারতের ক্ষমতাসীন দলের অনুসারীর সংখ্যার চেয়েও বেশি।

দল হিসেবে প্রতিষ্ঠার পর গত ৬ জুন নয়াদিল্লিতে দলের প্রথম প্রতিবাদ সমাবেশ করে ককরোচ জনতা পার্টি। সেই সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। এরপর থেকে সেই বিক্ষোভ ভারতজুড়ে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে মুম্বাই, বেঙ্গালুরু ও নাগপুরসহ বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হলো অবস্থান ধর্মঘট। ধর্মঘটে অংশগ্রহণ করা ১৮ বছর বয়সী শিক্ষার্থী শচীন কুমার বলেন, 'এক বছর কঠোর পরিশ্রমের পর পরীক্ষাটি বাতিল হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।' তার ভাষায়, 'শিক্ষার্থীরা হতাশায় ডুবে যাচ্ছে, কিন্তু কেউ তাদের কথা শুনছে না।' এরপর থেকে তিনি আর বই হাতে নেননি।

ভারতের বিভিন্ন অঞ্চলে দুই দফা পরীক্ষার মধ্যবর্তী সময়ে অন্তত ১৫ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর সামনে এসেছে। এসব ঘটনা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার ওপর তাদের আস্থা প্রায় হারিয়ে গেছে।

শনিবার সন্ধ্যা থেকে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভস্থলে সাময়িকভাবে পানি ও খাবারের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে এসব বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কেউ গান গেয়ে, কেউ রাজনৈতিক আলোচনা করে রাত কাটাচ্ছেন।

অভিজিৎ দিপকে ও তার সমর্থকদের দাবি, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। তাদের মতে, এটি কেবল একজন মন্ত্রীর পদত্যাগের দাবি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলন।

বিশ্লেষকদের মতে, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে তরুণদের নেতৃত্বে এত বড়, সংগঠিত এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রতিবাদ খুব কমই দেখা গেছে। ফলে 'ককরোচ জনতা পার্টি'র এই আন্দোলন ভারতীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%