প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষে বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির আভাস লক্ষ্য করা গেছে।
ইরান এই আলোচনা শেষে জানিয়েছে, তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইতিবাচক নিশ্চয়তা পেয়েছে। এই প্রভাবেই সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৩ ডলার বা ১.৯০ শতাংশ কমে ৭৯.০৪ ডলারে নেমে আসে।
দিনের শুরুর দিকে দাম বেড়ে ৮২.৩০ ডলারে উঠেছিল। এর পেছনে কারণ ছিল ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের জুলাই মাসের চুক্তির দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে দাঁড়িয়েছে ৭৬.৫৩ ডলারে। আগস্টের চুক্তির দাম কমে দাঁড়িয়েছে ৭৫.৩০ ডলারে।
যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে শুক্রবার বাজারে কোনো নিষ্পত্তি ঘটেনি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠক শেষে মধ্যস্থতাকারীরা জানান, উচ্চপর্যায়ের মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এপ্রিল থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতির মেয়াদকে অন্তত ৬০ দিন বাড়ানোর লক্ষ্যে এই আলোচনা শুরু হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পাশাপাশি কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং দেশের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। উভয় পক্ষ একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরাইল এবং হিজবুল্লাহর চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিশ্লেষকদের ধারণা, আলোচনার ইতিবাচক অগ্রগতি যদি অব্যাহত থাকে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে এবং তেলের দামের ওপর চাপ আরও কমতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন