০৯:৪২ পি.এম
দিনাজপুর, ৯ আগস্ট, ২০২৬ : দিনাজপুরের হিলি স্থলবন্দরে বহুল প্রতীক্ষিত চার লেন সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ (রোববার) সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধানে এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, ‘হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির কাজ আজ আমরা ফের উদ্বোধন করলাম। হিলির মানুষকে আমি কথা দিয়েছিলাম, ক্ষমতায় এলে অসমাপ্ত কাজগুলো শেষ করব। এটি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই অংশ।’
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
তিনি আরো বলেন, ‘হিলির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই চার লেন সড়ক। কিছু কারণে এর নির্মাণকাজ বন্ধ থাকলেও এখন তা পুনরায় শুরু হয়েছে। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।’
হিলি স্থলবন্দরকে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, এই বন্দরের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের কার্যক্রম বাড়ার সাথে সাথেই সড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পাচ্ছে। তাই বন্দরের সক্ষমতার সাথে সঙ্গতি রেখে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।
চার লেন সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে পণ্য পরিবহনে সময় ও ভোগান্তি কমবে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে হিলি স্থলবন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্ত্রী এ ছাড়া বলেন, হিলি স্থলবন্দরকে ঘিরে ইতোমধ্যে বিপুল মানুষের কর্মসংস্থান হয়েছে। যোগাযোগব্যবস্থা যত উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য তত সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের কেন্দ্রিক পণ্যবাহী ট্রাকের পাশাপাশি স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল করায় জিরো পয়েন্ট থেকে চারমাথা ও মহিলা কলেজ পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে যানজট লেগেই থাকত।’
নির্মাণকাজ শেষ হলে যানজট অনেকটাই কমে যাবে, এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এতে বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ আরো সহজ, দ্রুত ও নিরাপদ হবে। উপকৃত হবেন ব্যবসায়ীরা, পরিবহনসংক্রান্ত ব্যক্তি ও সাধারণ মানুষ।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, হিলি স্থলবন্দরে চার লেন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। গত ২৮ সেপ্টেম্বর থেকে এই সড়কের কাজ শুরু হয়েছে। তবে কিছু জটিলতার কারণে নির্মাণকাজ বন্ধ ছিল। ডা. জাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজ পুনরায় কাজের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরো জানান, হিলি বন্দর এলাকার মহিলা কলেজ থেকে জিরো পয়েন্ট এবং হিলি চারমাথা মোড় থেকে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের গেট পর্যন্ত ২ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেনে নির্মাণ করা হবে। এ জন্য মহিলা কলেজ থেকে চারমাথা হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত: অতীতের সকল মানবতাবিরোধী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি
সওজ-এর এই কর্মকর্তা জানালেন, গত বছর ২৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে চার লেন সড়ক নির্মাণের জন্য প্রস্তাবিত জমির মালিকদের ৭ ধারার নোটিশ দেওয়া হয়। জমি অধিগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। অধিগ্রহণ করা জমি সড়ক নির্মাণকাজের জন্য সওজের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিলা কলেজ থেকে চারমাথা হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত চার লেন সড়কের কাজ শুরু করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, হিলি চারমাথা মোড় থেকে হিলি পোর্ট লিংক লিমিটেডের গেট পর্যন্ত জমি সওজ-এর হওয়ার কারণে প্রায় ১০০ কিলোমিটার চার লেন সড়কের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।
হিলি বন্দর এলাকায় ২ দশমিক ৫৮ কিলোমিটার সড়কটি ৫০ ফুট প্রশস্ত হবে। একই সাথে মজবুত ও টেকসই পদ্ধতিতে সড়কটি নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন