০৩:৫৬ পি.এম
ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত চলমান এই প্রকল্পের আওতায় সেচব্যবস্থার উন্নয়ন, পাম্প স্থাপন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এতে ১৭ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে ৭০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে, প্রকল্পের পাশাপাশি ভবদহের স্থায়ী সমাধানে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতারা।
শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘অমিত্রাক্ষর’-এ ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় এসব দাবি ও আলোচনা উঠে আসে।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারাও ছিলেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে ধর্মীয় শিক্ষায় এগিয়ে যাচ্ছে শাহনগর তালুকদার বাড়ি নূরানী মাদরাসা
সভায় জানানো হয়, ভবদহ এলাকায় ছোট-বড় ৫২টি বিল রয়েছে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ২১টি উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্পের আওতায় সেচব্যবস্থার উন্নয়ন, পাম্প স্থাপন ও পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষিজমি চাষাবাদের উপযোগী করা হবে।
সভায় ভবদহের জলাবদ্ধতার কারণ হিসেবে হরি নদীর জোয়ার-ভাটার বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়। নদীতে প্রায় ৯ ঘণ্টা জোয়ার এবং ৩ ঘণ্টা ভাটা হয়। জোয়ারের পানির প্রবাহ বেশি থাকলেও ভাটার সময় পানি প্রবাহ কমে যাওয়ায় নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদী ও খালে পলি জমে নাব্যতা কমছে। এতে বছরের অধিকাংশ সময় বিলগুলোতে পানি জমে থাকছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় কৃষক প্রদত্ত বিশ্বাস বলেন, "বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করা গেলে কৃষকরা উপকৃত হবেন।" তিনি জানান, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। খাল পুনঃখননের পাশাপাশি ফসল পরিবহনের জন্য রাস্তা নির্মাণের দাবি জানান তিনি।
কামরুজ্জামান বলেন, "খনন করা নদীগুলোতেও আবার পলি জমছে। এতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। নদীর পলি অপসারণ ও সেচ পাম্প সচল রাখা জরুরি।"
আরও পড়ুন: রাজশাহীর স্কুলমাঠ এখন আখ সংগ্রহ কেন্দ্র, ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা
ভবদহ পানি নিষ্কাশন কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ বলেন, "ভবদহের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে টিআরএমই কার্যকর সমাধান।" তিনি উল্লেখ করেন, "শুধু সেচব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।" টিআরএম ছাড়া সেচ প্রকল্পকে বিকল্প হিসেবে তাঁরা মেনে নেবেন না। নদীর পলি বিলের মধ্যে স্থানান্তরের ব্যবস্থাও করার দাবি জানান তিনি।
কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, "মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর সংযোগ স্থাপন করা প্রয়োজন।" এতে উজানের পানি নিষ্কাশন সহজ হবে। বিএডিসির সেচ প্রকল্প বাস্তবায়িত হলেও সেটিকে টিআরএমের বিকল্প হিসেবে দেখা যাবে না।
অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, "পলি ব্যবস্থাপনা নিশ্চিত না করে নদী-খাল খনন করলে স্থায়ী সুফল পাওয়া যাবে না।" অন্যদিকে, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ভবদহের জন্য টিআরএম ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, "ভবদহের সমস্যা শুধু এ এলাকার নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সমস্যা।" নদী-খাল পুনরুদ্ধারের পাশাপাশি মাছ চাষের জন্য নদীতে নির্মিত বাঁধ অপসারণ করতে হবে।
নদী খননকাজের অগ্রগতি তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ জানান, "৮২ কিলোমিটার নদীর মধ্যে ৬০ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে।" তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে। তবে নদীতে পলি জমা ঠেকাতে নিয়মিত পলি ব্যবস্থাপনা জরুরি।
আরও পড়ুন: মাগুরার মহম্মদপুরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক কর্মশালা
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, আমডাঙা খালের কাজ বাস্তবায়নে প্রায় ১৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেন, "কৃষক ও কৃষির উন্নয়নই সরকারের লক্ষ্য।" স্থানীয় মানুষের চাহিদা বিবেচনা করেই বিএডিসির প্রকল্প নেওয়া হয়েছে। এলাকার মানুষ প্রকল্পটি না চাইলে তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেন, "জলাবদ্ধতার কারণে এলাকার শিশুদের শিক্ষাকার্যক্রমও ব্যাহত হচ্ছে।" এ সমস্যা বিবেচনায় শিক্ষা সহায়ক উঁচু ভবন নির্মাণের বিষয়টি ভাবা হচ্ছে। স্থানীয় মানুষের চাহিদা ও মনোভাব বুঝে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান তিনি।
যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক অপরিকল্পিত ঘেরের বাঁধ অপসারণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীও সেচ প্রকল্পের পাশাপাশি টিআরএম চালু রাখা এবং আইন অনুযায়ী ঘেরের বেড়ি নির্মাণের ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন: টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।" আইভিএম, সিজিএস ও বুয়েটের সহযোগিতায় এ প্রকল্পের কাজ এগোচ্ছে। প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি উদ্যোগ নিতে হবে। ভৈরব ও মুক্তেশ্বরী নদীর সংযোগ এবং আমডাঙা খালসহ সংশ্লিষ্ট নদী-খালের পানিপ্রবাহ সচল করার ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "সরকার দ্রুত ভবদহ সমস্যার সমাধান করতে চায়।" বিএডিসির প্রস্তাবিত প্রকল্পটি টিআরএমের সহযোগী প্রকল্প হিসেবে কাজ করতে পারে। ভবদহ এলাকার মাটির পিএইচ ৬ দশমিক ২৫, যা কৃষির জন্য উপযোগী। পাম্পের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি উন্মুক্ত মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। স্থানীয় কৃষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, "ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়া প্রয়োজন।" এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আলোচনায় উঠে আসে, ভবদহের জলাবদ্ধতা নিরসনে শুধু সেচ প্রকল্প কিংবা নদী খনন যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পলি ব্যবস্থাপনা। স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে টিআরএম বাস্তবায়ন, নদী-খাল পুনরুদ্ধার, অবৈধ বাঁধ অপসারণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আরও পড়ুন: ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন