০৪:০০ পি.এম
ভিন্নমত দমনের সংস্কৃতিকে গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থী হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে দ্রুত সহিষ্ণু গণতান্ত্রিক পরিসর নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর সাইবার আক্রমণ, হেনস্তা, মববাজি ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রেস টিমের মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিনটি দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার ও সাজা নিশ্চিত করা প্রয়োজন, অন্যদিকে বিবদমান সব পক্ষের মধ্যে দ্রুত রাজনৈতিক মীমাংসা (রিকনসিলিয়েশন) জরুরি। অন্যথায়, জাতীয় রাজনীতিতে চলমান পরিস্থিতি রাষ্ট্রের জন্য এক অব্যাহত ঝুঁকির কারণ হয়ে উঠবে।
আরও পড়ুন: ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট
নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ করে রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পরিক্রমা থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র একটি দলকে চিরতরে নিষিদ্ধের জন্য সংবিধান সংশোধনের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। অন্যদিকে, জুলাই ও পূর্ববর্তী অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রথাগত সন্ত্রাসবাদের পথ গ্রহণের আওয়ামী পন্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকায় রাষ্ট্র ও জনগণকে সীমাহীন সংঘাত থেকে রক্ষা করার সর্বোচ্চ দায় তাদের। কিন্তু জুলাই-পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের আমলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথে প্রবেশ করা সম্ভব হয়নি। সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন বা অংশগ্রহণ না করলে যেকোনো রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার সবার রয়েছে উল্লেখ করে সংগঠনটি জানায়, বাংলাদেশে আবারও ট্যাগিংয়ের রাজনীতির প্রত্যাবর্তন ঘটেছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বহু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে মব করে লাঞ্ছিত করা, তালিকা তৈরি এবং ক্লাস-পরীক্ষায় অবাঞ্ছিত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আক্রমণ ও অগ্নিসংযোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, হয়রানি, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনা ঘটছে বলে জানায় শিক্ষক নেটওয়ার্ক।
বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ওপর আক্রমণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার টক শোর বক্তব্য খণ্ডিত করে তাকে ও তার পরিবারকে সাইবার বুলিং, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা থেকে বাদ দেওয়া এবং কয়েকটি ছাত্রসংগঠনের চাপে জাবিতে দায়িত্ব থেকে অপসারণের ঘটনা তুলে ধরা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে আজহারীর মাহফিলের আগে ৬৫ নারী পকেটমার আটক
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সদস্যদের তালিকা তৈরি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সূত্রে জাবির অধ্যাপক আনিছা পারভীন জলির ওপর সাইবার আক্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক সামিনা লুৎফাকে আক্রমণের সমালোচনা করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আর নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান, কাজী শেহরীন ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর নিয়মিত সাইবার আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
দ্বন্দ্ব-সংঘাত, মামলা-হামলা, ট্যাগিং ও অপসারণের রাজনীতি কোনো রাষ্ট্রের পথ হতে পারে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অনতিবিলম্বে জুলাই-কেন্দ্রিক ঘটনাবলীর বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নই রাষ্ট্রকে শান্ত করতে পারে। সব মত-পথের সমন্বয়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের পূর্ণ বিকাশের দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন