ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী


সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

সুন্দরবনের বাঘ এবং এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার সম্পূর্ণরূপে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ বুধবার অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশমন্ত্রী এ বিষয়টি উল্লেখ করেছেন। এবারের বিশ্ব বাঘ দিবস-২০২৬ এর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’।

পরিবেশমন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি একটি ‘কিস্টোন স্পিসিস’ হিসেবে বনের খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ সংরক্ষণ একটি প্রাণীর রক্ষা সর্ম্পকিত বিষয় নয়; বরং এতে সুন্দরবনের অন্যান্য প্রাণী, বনজ সম্পদ, খাদ্য, প্রজননক্ষেত্র এবং সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থার সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি জানান, বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল রক্ষা এবং মানুষ-বন্যপ্রাণী সংঘাত নিরসনে সরকার সম্প্রতি ১০ সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করেছে। কমিশন সুন্দরবনের বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবৈধভাবে দখল করা বনভূমি পুনরুদ্ধার, বনসংলগ্ন জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের আন্তরিকতা, বন বিভাগের নিরলস প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সুন্দরবনে বাঘের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনে ২০১৫ সালে ১০৬টি, ২০১৮ সালে ১১৪টি এবং ২০২৪ সালে ১২৫টি বাঘ দেখা গেছে। বাঘ সংরক্ষণে ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ এবং স্থানীয় বননির্ভর জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বাঘ ও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ তথা ট্রফি পাচারের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে বন্যপ্রাণী অপরাধ দমনে আরো সক্রিয় ভূমিকা পালনের জন্য কাজ করা হবে। বাঘ-সংক্রান্ত অপরাধের তথ্য প্রদানকারীদের জন্য ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বাঘ আমাদের সাহসিকতা ও ঐতিহ্যের প্রতীক। সুন্দরবনের বাঘ রক্ষায় সংরক্ষিত অঞ্চল আরো বৃদ্ধি করা হয়েছে। বাঘের সুপেয় পানির সুযোগ বৃদ্ধির জন্য সুন্দরবনে ৮০টি পুকুর খনন করা হয়েছে এবং বিশ্রামের জন্য ২০টি টিলা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জীব-বৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। লোকালয় থেকে বন আলাদা করতে নাইলনের নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ফলে বাঘ এখন আর লোকালয়ে প্রবেশ করছে না।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, সুন্দরবনের খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণে বাঘের গুরুত্ব অপরিসীম। বাঘের নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে টেকসই পর্যটন গড়ে তোলা আবশ্যক। এজন্য সুন্দরবনে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টিও ভাবার দরকার আছে।

অনুষ্ঠানটি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এ আজিজ এবং খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

আলোচনায় অংশগ্রহণ করেন ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী ড. মো. আনোয়ারুল ইসলাম এবং আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা এস হোসেন। মন্ত্রণালয়, বন অধিদপ্তরের কর্মকর্তা, ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইনের মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি: রিজভী

বুধবার, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।

আজ বুধবার, তিনি সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও জানান, ‘১৭ বছরের নিরন্তর রক্তঝরানো সংগ্রামের মধ্য দিয়ে বিপুল শক্তি নিয়ে ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের আবহ তৈরি করে, তা ভুলে যাওয়ার নয়; এটি সবসময় স্মরণীয় হয়ে থাকার মতো একটি ইতিহাস। অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগ এবং আত্মাহুতির মধ্য দিয়ে এক ভয়ংকর রক্তপিপাসু দানবীয় ফ্যাসিবাদের পতন ঘটেছে।’

তিনি এও বলেন, ‘ফ্যাসিস্ট পতনের পর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং নির্ভয়ে চলাচলের নিশ্চয়তা। এসব অধিকারের জন্য বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর ধরে লড়াই চলেছে। সেই প্রেক্ষাপটেই সমাজে আরেকটি আন্দোলনের পটভূমি তৈরি হয়। যেটির ওপর দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী, জনতা ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণজাগরণ আমরা দেখতে পেয়েছি।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাইয়ের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। সেদিন অবসান ঘটে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের। সে কারণে আমরা একটি নতুন ধারণাও পেয়েছি। জুলাইয়ের এই বিপ্লবকে ৫ আগস্ট পর্যন্ত মিলিয়ে একটি সংগ্রাম ও রক্তঝরানো গণঅভ্যুত্থানের মাস হিসেবে ঘোষণার কথা আমরা শুনেছি এবং জানতে পেরেছি।

এ উপলক্ষে গত বছর বিএনপি যথাযথ মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছিল। এবারও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী জানান, দলের পক্ষ থেকে কর্মসূচিগুলো আরও সুসংগঠিতভাবে পালনের লক্ষ্যে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)-এ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসের পর্যটন দ্বীপ পারোসে দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন দমকল কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


গ্রিসের পর্যটন দ্বীপ পারোসে দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন দমকল কর্মীরা

প্রবল বাতাসের কারণে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে, তাই এজিয়ান সাগরের গ্রিক পর্যটন দ্বীপ পারোসে বুধবার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা।

কর্তৃপক্ষের কাছে থেকে জানা গেছে, পরিস্থিতির কারণে কিছু কিছু এলাকায় সতর্কতামূলকভাবে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের ফায়ার সার্ভিসের উপ-মুখপাত্র ইয়ানিস আর্তোপিওস জানান, রাতের মধ্যে দ্বীপটির পশ্চিমাঞ্চলের একটি বর্জ্য ফেলার স্থান থেকে আগুনের উৎপত্তি হয়। এরপর প্রবল বাতাসের কারণে এটা দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে, ফলে ঝোপঝাড় ও গুল্মাঞ্চল পুড়ে যায়।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি বিষয়টি জানিয়েছে।

আর্তোপিওস রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেছেন, ‘পশ্চিমাঞ্চলের ওই বর্জ্য ফেলার স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে তা দ্বীপের দক্ষিণাংশে ছড়িয়ে পড়ে।’

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ জন দমকল কর্মী, দুটি বিমান এবং পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

রাতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার কারণে কর্তৃপক্ষ কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।

স্থানীয় কর্মকর্তারা এ রাতটিকে কঠিন বলে আখ্যা দিয়েছেন, তবে বুধবার সকালে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

পারোস ও প্রতিবেশী আন্টিপারোস দ্বীপের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা ভাজেওস পেত্রোপুলোস জানিয়েছেন, ‘আজ আগুনের তীব্রতা আগের মতো নেই। তবে এখনও বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় আগুন জ্বলছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।’

স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১০টি গ্রাম খালি করা হয়েছে, কিন্তু কতজন বাসিন্দা ও পর্যটক বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এজিয়ান সাগরের সাইক্লাডিস দ্বীপপুঞ্জে অবস্থিত পারোস, গ্রিসের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতিবছর близлежащ সান্তোরিনির পাশাপাশি এই দ্বীপেও বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন।

দীর্ঘস্থায়ী খরা, উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে প্রতি গ্রীষ্মেই গ্রিসে ভয়াবহ দাবানল ঘটে। এসব পরিস্থিতি আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে।

সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বাতাসের কারণে দেশটির নানা এলাকায় আরও কিছু বনাঞ্চলে আগুন লেগেছে। তবে দমকলকর্মীরা হতাহতের ঘটনা বা বড় ধরণের ক্ষয়ক্ষতির আগে সেগুলো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

এ পর্যন্ত স্পেন এবং ফ্রান্সসহ ইউরোপের আরও কিছু দেশে চলতি গ্রীষ্মে যে তীব্র তাপপ্রবাহ ও ভয়াবহ দাবানল দেখা গেছে, সে থেকে গ্রিস কিছুটা রক্ষা পেয়েছিল।

গত সপ্তাহে তিন দিনের তাপপ্রবাহে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। গ্রিসের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর এত দেরিতে মৌসুমে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ঘটনা এটিই তৃতীয়বার। এর আগে ২০১৫ সালের ২০ জুলাই এবং ২০১৩ সালের ৩০ জুলাই একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বরে হত্যা: গ্রেফতার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


শাপলা চত্বরে হত্যা: গ্রেফতার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নাম রয়েছে। এই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

লতিফ সিদ্দিকী জানিয়েছেন, পুলিশ যদি তাকে গ্রেফতার না করে, তাহলে আগামী রবিবার বা সোমবার তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন। বুধবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদনের পরবর্তী দিন ধার্য করেছেন।

সাংবাদিকদের কাছে লতিফ সিদ্দিকী বলেছেন, "আপনারা জানেন কি না জানি না, আমাকে আজ সকালে জানানো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ওই মামলা। সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।" তিনি আরও বলেছেন, "আমি জানি আজ যদি না আসি, তাহলে মনে করা হবে আমি বোধ হয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সবসময় আত্মপ্রকাশ করতে চাই। সেজন্য আজ এসেছি।"

তিনি উল্লেখ করেন যে, যদি পুলিশ তাকে গ্রেফতার না করে, তাহলে আগামী রবিবার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করবেন।

গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার দেখানো হয় এবং কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেয়। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ তাদের জামিন বহাল রাখে। পরে তারা কারামুক্ত হন।

উল্লেখ্য, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের হত্যাযজ্ঞের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে মামলাটির পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেফতারদের হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়া পৌরসভাকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


কলাপাড়া পৌরসভাকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কলাপাড়াকে একটি পরিচ্ছন্ন জ্বালানির শহর হিসেবে গড়ে তোলার দাবিতে ২৯ জুলাই ২০২৬ বুধবার দুপুরের দিকে কলাপাড়া পৌরসভা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে ঐ মানববন্ধনটি সঞ্চালিত হয়। এতে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধনের শেষে কলাপাড়া পৌর প্রশাসক বরবার একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষ থেকে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী এই স্মারকলিপিটি গ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। এছাড়াও আলোচনা করেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম; সদস্য মেজবাহউদ্দিন মাননু; নুরুল হক; নাজমুস সাকিব; এসএসডিপি এর নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং প্রান্তজনের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করায় পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন একদিকে বৃদ্ধি পাবে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎকে জাতীয় গ্রিডে বিক্রি করে পৌরসভা একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।

বক্তারা আরো বলেন, কলাপাড়া পৌরসভার অধীনস্থ প্রশাসনিক ভবনসহ নানা সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কম হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল তৈরি করতে সক্ষম হবে। এর ফলে স্থানীয় সরকার শুধুমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। বাংলাদেশের বিদ্যমান নেট মিটারিং সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে, তাহলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমিয়ে আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়ন সহজ হবে।

মানববন্ধন থেকে বক্তারা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত পৌরসভা সোলার কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান, নগরের সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে দেশের প্রথম দিকের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান বলে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব এবং টেকসই বিনিয়োগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং একই সাথে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%