০৬:০০ পি.এম
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কলাপাড়াকে একটি পরিচ্ছন্ন জ্বালানির শহর হিসেবে গড়ে তোলার দাবিতে ২৯ জুলাই ২০২৬ বুধবার দুপুরের দিকে কলাপাড়া পৌরসভা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে ঐ মানববন্ধনটি সঞ্চালিত হয়। এতে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধনের শেষে কলাপাড়া পৌর প্রশাসক বরবার একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষ থেকে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী এই স্মারকলিপিটি গ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। এছাড়াও আলোচনা করেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম; সদস্য মেজবাহউদ্দিন মাননু; নুরুল হক; নাজমুস সাকিব; এসএসডিপি এর নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং প্রান্তজনের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করায় পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন একদিকে বৃদ্ধি পাবে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎকে জাতীয় গ্রিডে বিক্রি করে পৌরসভা একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
বক্তারা আরো বলেন, কলাপাড়া পৌরসভার অধীনস্থ প্রশাসনিক ভবনসহ নানা সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কম হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল তৈরি করতে সক্ষম হবে। এর ফলে স্থানীয় সরকার শুধুমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। বাংলাদেশের বিদ্যমান নেট মিটারিং সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে, তাহলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমিয়ে আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়ন সহজ হবে।
মানববন্ধন থেকে বক্তারা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত পৌরসভা সোলার কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান, নগরের সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে দেশের প্রথম দিকের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান বলে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব এবং টেকসই বিনিয়োগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং একই সাথে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন