ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নাজিরপুরে নিজ সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিল


নাজিরপুরে নিজ সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিল

পিরোজপুরের নাজিরপুরে ১২ বছর বয়সী নিজের সন্তানকে ধর্ষণের অভিযোগে ৪০ বছর বয়সী অহিদুল মোল্লা নামের এক বাবাকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

এটি সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে ঘটে। অভিযুক্ত অহিদুল মোল্লা পেশায় অটোচালক। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে, কিন্তু দীর্ঘদিন ধরে বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে তার পরিবারসহ বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অহিদুলের প্রথম স্ত্রী কয়েক বছর আগে আত্মহত্যা করেন। সেই সংসারে তার জমজ দুই ছেলে এবং ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। অহিদুল পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করলেও তার দ্বিতীয় স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ফলে তিন সন্তানকে নিয়ে তিনি একাই ওই ঘরে থাকতেন।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

অভিযোগ উঠেছে, গত ৬ মাস ধরে অহিদুল ভয়ভীতি দেখিয়ে নিজের সন্তানকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। দুই মাস আগে বিষয়টি তার দাদীকে জানানো হলেও তিনি চেপে যেতে বলেন এবং অহিদুল মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেন। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে সোমবার সকালে শিশুটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে সব খুলে বলে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুরে অহিদুল বাড়ি ফিরলে স্থানীয়রা তাকে চাপ দিলে সে নিজের অপরাধ স্বীকার করে। এর ফলে উপস্থিত জনতা তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযুক্তকে চিকিৎসা শেষে হেফাজতে নেওয়া হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ পণ্য বিশ্ববাজারে, অর্থনীতি বদলাবে নতুন উদ্যোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


গ্রামীণ পণ্য বিশ্ববাজারে, অর্থনীতি বদলাবে নতুন উদ্যোগে

রাজশাহীর আম, টাঙ্গাইলের শাড়ি, সিলেটের চা, রংপুরের শতরঞ্জি, কুমিল্লার খাদি কিংবা সিলেট-ঝালকাঠির শীতলপাটি—বাংলাদেশের গ্রাম ও জনপদের নামের সঙ্গে মিশে আছে এসব পণ্যের গৌরবময় পরিচয়। প্রজন্মের পর প্রজন্মের দক্ষতা, মেধা, ঐতিহ্য আর সৃজনশীলতায় গড়ে ওঠা এসব পণ্য শুধু মানুষের জীবিকা নয়, দেশের সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। তবে, সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক পণ্য এখনো স্থানীয় বাজারের গণ্ডি পেরোতে পারেনি। দুর্বল বাজারব্যবস্থা, আধুনিক নকশা ও মান নিয়ন্ত্রণের ঘাটতি, অপর্যাপ্ত প্যাকেজিং-ব্র্যান্ডিং, অর্থায়ন সংকট এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে দুর্বল সংযোগের কারণে উৎপাদকরা পাচ্ছেন না ন্যায্য মূল্য। এবার সেই বাস্তবতা বদলাতে গ্রামকে শুধু উৎপাদনের কেন্দ্র নয়, উদ্যোক্তা, শিল্প, সৃজনশীলতা ও বাজারের সমন্বিত অর্থনৈতিক শক্তিতে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘এক গ্রাম এক পণ্য’ মডেলটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পণ্যের পুরোনো পরিচয়কে নতুন ব্র্যান্ডে, গ্রামীণ কারিগরকে উদ্যোক্তায় এবং গ্রামের উৎপাদনকে জাতীয় ও বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা যেতে পারে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিকে আলাদা গুরুত্ব দিয়ে এ কর্মসূচিকে বৃহত্তর ক্রিয়েটিভ ইকোনমি কাঠামোর অংশ করা হয়েছে। সরকারি পরিকল্পনায় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্য চিহ্নিত করে সেগুলোর মানোন্নয়ন, আধুনিক ডিজাইন, বাজার সম্প্রসারণ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতির জন্য সরাসরি ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কর্মসূচির পাইলট পর্যায়ে শীতলপাটি, শতরঞ্জি, তাঁত, মৃৎশিল্প ও বুনন শিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধাপে ধাপে দেশের বিভিন্ন গ্রামের সম্ভাবনাময় একটি পণ্যকে ব্র্যান্ডে পরিণত করার পরিকল্পনা রয়েছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের হিসাবে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় প্রায় ৭৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের দৃষ্টিতে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর সঙ্গে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানকে যুক্ত করা জরুরি। অর্থাৎ ‘এক গ্রাম এক পণ্য’কে শুধু কারুশিল্পের প্রকল্প হিসেবে না দেখে প্রান্তিক মানুষের আয়, কর্মসংস্থান ও স্বনির্ভরতার বৃহত্তর কাঠামোর সঙ্গে যুক্ত করাই হবে এর বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্রিয়েটিভ অর্থনীতির অবদান জিডিপির ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। তিনি বলেন, কর্মসূচির সাফল্য নির্ভর করবে উৎপাদন থেকে বাজার পর্যন্ত পুরো ভ্যালু চেইন কতটা শক্তিশালী করা যায় তার ওপর। কারণ আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের কাঁচামাল, পণ্যের নকশা, মান সনদ, প্যাকেজিং, জিআই ও কপিরাইট সুরক্ষা, ই-কমার্স, নির্ভরযোগ্য লজিস্টিকস এবং সরাসরি বিদেশি ক্রেতার সঙ্গে যোগাযোগ প্রয়োজন।

এ প্রসঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগটি শিগগিরই চালু করার কাজ চলছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকারের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্র এখন শুধু ঢাকা বা বড় শহর নয়; গ্রামকেও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলাই লক্ষ্য। তিনি বলেন, একটি গ্রামের প্রকৃত উন্নয়ন মানে শুধু রাস্তা বা অবকাঠামো তৈরি নয়—প্রতিটি পরিবারের কল্যাণ, শিশুদের শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা ও স্বাস্থ্য এবং পরিবারের স্থায়ী আয়-রোজগারের সুযোগ তৈরি করা।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের (সিএসইআর) চেয়ারম্যান ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন—‘এক গ্রাম, এক পণ্য’ মানে শুধু একটি পণ্য উৎপাদন নয়; একটি স্থানীয় অর্থনৈতিক পরিচয়কে টেকসই ব্যবসায়িক শক্তিতে রূপান্তর করা। তাঁর বিশ্লেষণে, বাংলাদেশের গ্রামগুলোতে কাঁচামাল, দক্ষতা, ঐতিহ্য ও উৎপাদনের ভিত্তি আগে থেকেই রয়েছে। সমস্যা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন। কোথাও একজন তাঁতি কাপড় তৈরি করছেন, অন্যজন রং করছেন, কেউ প্যাকেজিং করছেন, আবার অন্য কেউ বাজারে বিক্রি করছেন। ফলে উৎপাদক কম দাম পাচ্ছেন, অথচ ভোক্তাকে দিতে হচ্ছে বেশি।

সাকিফ শামীমের মতে, এ ব্যবধান কমাতে পণ্যভিত্তিক ক্লাস্টার গড়ে তুলতে হবে। একই এলাকায় কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহণ ও বিপণনকে একটি ব্যবস্থার মধ্যে আনতে হবে। স্থানীয় উৎপাদক ও উদ্যোক্তাকে সিদ্ধান্তের কেন্দ্রে রেখে সরকারকে সহায়ক ভূমিকা নিতে হবে। তাঁর প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশ হলো- ডিজিটাল অর্থনৈতিক পরিচয়। উৎপাদন, বিক্রি, লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে ক্ষুদ্র উদ্যোক্তার বিকল্প ক্রেডিট প্রোফাইল তৈরি করা গেলে জামানতনির্ভর ঋণের বাইরে গিয়ে ক্যাশ ফ্লো ভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়তে পারে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। সাকিফ শামীম আরও বলেন, 'এক গ্রাম এক পণ্য’ তাই কোনো সাধারণ প্রকল্প নয়। এটি সফল হলে গ্রাম শুধু কৃষি বা শ্রমের উৎস থাকবে না; গ্রাম হয়ে উঠবে উৎপাদন, উদ্যোক্তা, ডিজাইন, প্রযুক্তি, অর্থায়ন ও বাজারের সমন্বিত অর্থনৈতিক কেন্দ্র। গ্রামের শীতলপাটি, শতরঞ্জি, তাঁত, মৃৎশিল্প কিংবা বুনন যদি ক্রিয়েটেড ইন বাংলাদেশ পরিচয়ে বিশ্ববাজারে জায়গা করে নেয়, তাহলে তার সুফল শুধু একটি পণ্যের বিক্রিতে সীমাবদ্ধ থাকবে না। বাড়বে আয়, তৈরি হবে কর্মসংস্থান, সংরক্ষিত হবে ঐতিহ্য এবং নতুন প্রজন্মের কাছে গ্রাম হয়ে উঠবে সম্ভাবনার জায়গা। গ্রাম থেকে বাজার, বাজার থেকে জাতীয় ব্র্যান্ড, আর জাতীয় ব্র্যান্ড থেকে বিশ্ববাজার—এই পথ তৈরি করাই এখন ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির সবচেয়ে বড় পরীক্ষা।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে ফাউন্ডেশন ইতোমধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক চুক্তি করেছে। রিভলভিং ফান্ডের মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তারা ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, সুদের হার ৮ শতাংশ। নারী, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথাও রয়েছে। তিনি বলেন, ‘এক গ্রাম এক পণ্য’ বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশনের বিদ্যমান অর্থায়ন কাঠামোকে গ্রামভিত্তিক উৎপাদন ক্লাস্টারের সঙ্গে যুক্ত করা গেলে উদ্যোক্তাদের বড় একটি বাধা দূর হতে পারে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে-এ পরিকল্পনার সবচেয়ে বড় অবকাঠামোগত অংশ হলো পূর্বাচলে ১৬০ একর জমিতে একটি বিশ্বমানের সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব প্রতিষ্ঠা। এর পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব হাবে পণ্যের প্রদর্শনী, বিপণন, প্রশিক্ষণ, ডিজাইন উন্নয়ন ও বাজারসংযোগের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

এক গ্রাম, এক পণ্য নিয়ে সিএসইআর-এর বিশ্লেষণ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর) এর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ সাকিফ শামীম "এক গ্রাম এক পণ্য" নিয়ে সম্প্রতি সংস্থাটির বিশ্লেষণ তুলে ধরেছেন। ওই বিশ্লেষণে তিনি বলেন, রাজশাহীর আম, টাঙ্গাইলের শাড়ি, সিলেটের চা, নরসিংদীর তাঁতবস্ত্র, রংপুরের শতরঞ্জি, কুমিল্লার খাদি কিংবা বগুড়ার দই—বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নির্দিষ্ট কিছু পণ্যের পরিচয় বহুদিনের। এসব পণ্যের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, দক্ষতা এবং মানুষের জীবিকা। কিন্তু বিচ্ছিন্ন এই স্থানীয় পরিচয়গুলো এখনো একটি সমন্বিত জাতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়নি। ফলে যে পণ্য একটি গ্রামের মানুষের জীবিকার ভিত্তি হতে পারে, সেটিই বৃহত্তর বাজারে গিয়ে অনেক সময় হারিয়ে যায় দুর্বল বিপণন, অনুন্নত প্রক্রিয়াজাতকরণ, মধ্যস্বত্বভোগী এবং অর্থায়নের সীমাবদ্ধতার কারণে। প্রশ্ন হলো, এই স্থানীয় পরিচয়গুলোকে আমরা কতটা বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে পেরেছি? প্রায় একই প্রশ্নের মুখোমুখি হয়েছিল জাপানও। ১৯৭৯ সালে জাপানের ওইতা প্রিফেকচারে গভর্নর মোরিহিকো হিরামাতসু ‘One Village, One Product’ বা OVOP আন্দোলন শুরু করেন। লক্ষ্য ছিল স্থানীয় মানুষকে তাদের নিজস্ব সম্পদ, দক্ষতা ও ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে এমন পণ্য ও উদ্যোগ গড়ে তোলা, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বৃহত্তর বাজারে প্রতিযোগিতা করতে পারে।

OVOP-এর সবচেয়ে বড় শিক্ষা ছিল একটি স্থানীয় অর্থনৈতিক পরিচয়কে টেকসই ব্যবসায়িক শক্তিতে রূপান্তর করা। স্থানীয় মানুষ সিদ্ধান্ত নেবে তাদের এলাকার সম্ভাবনা কোথায়, আর সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান সহায়তা করবে দক্ষতা উন্নয়ন, অর্থায়ন, অবকাঠামো, ব্র্যান্ডিং ও বাজার সংযোগে। অর্থাৎ উৎপাদনের ভিত্তি থাকবে স্থানীয়, কিন্তু বাজারের দৃষ্টিভঙ্গি হবে বৈশ্বিক। এই ধারণা পরবর্তী সময়ে জাপানের বাইরেও বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। বাংলাদেশের জন্য এর শিক্ষা আরও তাৎপর্যপূর্ণ। কারণ আমাদের গ্রামগুলোতে ইতিমধ্যে রয়েছে অসংখ্য পণ্য, কারিগরি দক্ষতা, কৃষিভিত্তিক সম্পদ ও ঐতিহ্য। আমাদের সামনে চ্যালেঞ্জ নতুন করে সম্ভাবনা তৈরি করা নয়; বরং বিদ্যমান সম্ভাবনাকে সংগঠিত করে একটি কার্যকর অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা।

বাংলাদেশের জন্য এখানেই OVOP-এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বিদ্যমান। ‘এক গ্রাম, এক পণ্য’ মানে প্রশাসন বসে প্রতিটি গ্রামের জন্য একটি পণ্য নির্ধারণ করে দেবে, এমন ব্যবস্থা হলে এর মূল দর্শনই নষ্ট হয়ে যাবে। কোন এলাকায় কী উৎপাদনের দক্ষতা রয়েছে, কী ধরনের কাঁচামাল সহজলভ্য, স্থানীয় বাজারের চাহিদা কী, উৎপাদনের ঐতিহ্য কতটা শক্তিশালী এবং বৃহত্তর বাজারে সেই পণ্যের সম্ভাবনা কতটা—এসব বিবেচনায় নিয়ে পণ্য নির্বাচন করতে হবে। সিদ্ধান্তের কেন্দ্র হতে হবে স্থানীয় জনগোষ্ঠী ও উদ্যোক্তা; সরকারকে হতে হবে সহায়ক শক্তি।

এই পদ্ধতির প্রয়োজন বাংলাদেশের বাস্তবতায় আরও বেশি। আমাদের গ্রামীণ অর্থনীতি এখনো বিপুলসংখ্যক ক্ষুদ্র উৎপাদক ও উদ্যোক্তার ওপর নির্ভরশীল। কিন্তু এদের বড় অংশ বিচ্ছিন্নভাবে কাজ করেন। একজন তাঁতি কাপড় তৈরি করেন, অন্য কেউ রং করেন, কেউ প্যাকেজিং করেন, আরেকজন বাজারে বিক্রি করেন। কৃষিপণ্যেও একই চিত্র দেখা যায়। উৎপাদন আছে, কিন্তু উৎপাদনের সঙ্গে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং, লজিস্টিকস ও বাজার সংযোগের সমন্বিত ব্যবস্থা অনেক ক্ষেত্রেই দুর্বল।

গ্রামের উৎপাদক তার পণ্যের তুলনামূলক কম মূল্য পান, অথচ চূড়ান্ত ভোক্তার কাছে সেই পণ্য অনেক বেশি দামে পৌঁছায়। উৎপাদক ও ভোক্তার মাঝের এই মূল্য ব্যবধানের বড় অংশ তৈরি হয় দুর্বল value chain-এর কারণে। ফলে ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের লক্ষ্য কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদন বাড়ানোতে সীমাবদ্ধ থাকলে চলবে না; লক্ষ্য হতে হবে সেই পণ্যের পুরো value chain-কে শক্তিশালী করা।

একটি পণ্যকে কেন্দ্র করে কার্যকর cluster তৈরি করা গেলে এই পরিবর্তন সম্ভব। একই এলাকায় কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা যায়। এতে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পণ্যের মান, সরবরাহের ধারাবাহিকতা এবং বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়ানো সম্ভব। তবে উৎপাদন ও বাজারের মাঝের এই ব্যবধান দূর করতে অর্থায়ন ব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন। গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তার জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়ন এখনো বড় বাধা। প্রচলিত ব্যাংক ঋণ অনেক সময় জামানত, প্রয়োজনীয় নথিপত্র এবং পূর্ববর্তী আর্থিক ইতিহাসের ওপর নির্ভরশীল। অথচ একজন ক্ষুদ্র উৎপাদক বা নারী উদ্যোক্তার হয়তো বড় সম্পদ নেই, কিন্তু তার নিয়মিত উৎপাদন রয়েছে, বিক্রি রয়েছে এবং বাজারে তার পণ্যের চাহিদা রয়েছে।

এখানে উৎপাদন ও লেনদেনের তথ্যভিত্তিক বিকল্প credit assessment গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন উদ্যোক্তার ডিজিটাল অর্থনৈতিক পরিচয়ের মাধ্যমে তার উৎপাদন, বিক্রি, লেনদেন, প্রশিক্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রমের তথ্য সংরক্ষণ করা গেলে ধীরে ধীরে তার একটি বিকল্প credit profile তৈরি হতে পারে। এর ভিত্তিতে জামানতনির্ভর ঋণের বাইরে গিয়ে কার্যক্রম ও cash flow-ভিত্তিক অর্থায়নের সুযোগ তৈরি করা সম্ভব।

তবে ডিজিটাল ব্যবস্থা তৈরি করলেই অন্তর্ভুক্তি নিশ্চিত হবে না। গ্রামের অনেক উদ্যোক্তার এখনো পর্যাপ্ত ডিজিটাল দক্ষতা, স্মার্টফোন বা নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই। ফলে ডিজিটাল অর্থনীতির দরজা খুলতে হলে তার সঙ্গে প্রশিক্ষণ, স্থানীয় সহায়তা কেন্দ্র এবং সহজ ব্যবহারযোগ্য সেবা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি যেন নতুন কোনো প্রবেশ বাধা তৈরি না করে, সেটিও নীতিনির্ধারকদের বিবেচনায় রাখতে হবে।

এই কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিপুলসংখ্যক নারী ঘরে বসে পোশাক, হস্তশিল্প, খাদ্যপণ্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। কিন্তু তাঁদের বড় অংশ আনুষ্ঠানিক ব্যবসায়িক কাঠামোর বাইরে থাকেন। উৎপাদন করেন, কিন্তু উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হন না; আয় করেন, কিন্তু সেই আয়ের ওপর ভিত্তি করে ব্যাংকিং সুবিধা বা ব্যবসায়িক ঋণ পাওয়ার সুযোগ সীমিত।

‘এক গ্রাম, এক পণ্য’ কাঠামোর মধ্যেই নারীদের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক স্তর তৈরি করা যেতে পারে। নারী উদ্যোক্তাদের সংগঠিত করতে গ্রামভিত্তিক Women Economic Yard বা অনুরূপ সহায়তা কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। সেখানে প্রশিক্ষণ, উৎপাদন সংগঠন, সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং, ব্যাংকিং সংযোগ এবং ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকতে পারে।

তবে নারীদের জন্য আলাদা একটি প্রকল্প তৈরি করে জাতীয় OVOP কাঠামোর বাইরে রাখা সমাধান নয়। বরং একই ডিজিটাল পরিচয়, একই বাজার অবকাঠামো এবং একই value chain-এর মধ্যে নারীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। এতে একই উদ্যোক্তার জন্য একাধিক নিবন্ধন ও আলাদা তথ্যভাণ্ডার তৈরির ঝুঁকি কমবে এবং জাতীয় পর্যায়ে একটি সমন্বিত উদ্যোক্তা ডেটাবেস গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশের গ্রামীণ উদ্যোক্তাদের সমস্যা অনেক ক্ষেত্রে উৎপাদনের চেয়ে বাজারে বেশি। একটি ভালো পণ্য তৈরি করলেই তার ক্রেতা তৈরি হয় না। আধুনিক packaging, product design, branding, certification, ডিজিটাল বিপণন এবং নির্ভরযোগ্য delivery system প্রয়োজন। একটি স্থানীয় পণ্যকে জাতীয় ব্র্যান্ডে পরিণত করতে হলে এসব বিষয়কে উৎপাদন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে। এখানে দেশের বড় ব্যবসা প্রতিষ্ঠান, খুচরা বিক্রেতা, e-commerce platform, রপ্তানিকারক এবং corporate buyer-দের সঙ্গে গ্রামীণ producer cluster-এর সরাসরি সংযোগ তৈরি করা যেতে পারে। এতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমার পাশাপাশি উৎপাদক দীর্ঘমেয়াদি ক্রেতা ও বাজার সম্পর্কে নিশ্চিত ধারণা পাবেন। সরকারি সহায়তার পাশাপাশি private sector-এর বাজার, প্রযুক্তি ও বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগানো গেলে OVOP-এর অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

রপ্তানির ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। ‘Village to Global’ একটি আকর্ষণীয় ধারণা হলেও আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে পণ্যের মান, নিরাপত্তা, সার্টিফিকেশন, প্যাকেজিং, সরবরাহের ধারাবাহিকতা এবং ক্রেতার আস্থা নিশ্চিত করতে হয়। কোনো পণ্য স্থানীয় বাজারে জনপ্রিয় হলেই তা স্বয়ংক্রিয়ভাবে রপ্তানিযোগ্য হয়ে যায় না। তাই রপ্তানির প্রস্তুতি শুরু করতে হবে উৎপাদনের প্রথম ধাপ থেকেই। এই কারণে প্রথম পর্যায়েই দেশের হাজার হাজার গ্রামকে নিবন্ধনের আওতায় আনার চেয়ে সম্ভাবনাময় কয়েকটি cluster-কে গভীরভাবে গড়ে তোলা বেশি কার্যকর হতে পারে। কোন পণ্য কোথায় ভালো করছে, কোথায় কাঁচামালের সুবিধা রয়েছে, কোথায় উদ্যোক্তার ভিত্তি শক্তিশালী এবং কোন পণ্যের জাতীয় বা আন্তর্জাতিক বাজার সম্ভাবনা রয়েছে, তা যাচাই করে pilot cluster নির্বাচন করা যেতে পারে। সেই অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণ করে ধাপে ধাপে দেশব্যাপী সম্প্রসারণ করা উচিত।

এখানে আরেকটি মৌলিক প্রশ্ন আসে নেতৃত্ব ও সমন্বয় নিয়ে। ‘এক গ্রাম, এক পণ্য’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের ভূমিকা থাকবে। কিন্তু অংশীদারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অস্পষ্ট হয়ে গেলে প্রকল্পের গতি কমে যেতে পারে। তাই শুরুতেই একটি সুস্পষ্ট national governance framework প্রয়োজন। কে নীতি নির্ধারণ করবে, কে বাস্তবায়ন করবে, কে অর্থায়ন করবে এবং কে ফলাফল পরিমাপ করবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।

সরকারের ভূমিকা এখানে উদ্যোক্তার জায়গা নেওয়া নয়, বরং একটি enabling environment তৈরি করা। সরকার প্রতিটি গ্রামের ব্যবসা পরিচালনা করবে না। বরং প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ, অর্থায়নের সুযোগ, বাজার সংযোগ, মান নিয়ন্ত্রণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করবে। পণ্য ও ব্যবসায়িক সিদ্ধান্তের মালিকানা থাকবে স্থানীয় উদ্যোক্তা ও জনগোষ্ঠীর হাতে। একই সঙ্গে private sector-কে এই উদ্যোগের কেন্দ্রীয় অংশীদার করতে হবে। ব্যাংক অর্থায়ন দিতে পারে, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিটাল অবকাঠামো তৈরি করতে পারে, বড় ব্যবসা প্রতিষ্ঠান বাজার দিতে পারে, রপ্তানিকারক আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে সংযোগ তৈরি করতে পারে এবং logistics প্রতিষ্ঠান সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে পারে। এভাবে OVOP সরকারি উদ্যোগ থেকে বেরিয়ে একটি public-private economic platform-এ পরিণত হতে পারে।

সাফল্যের মাপকাঠিও তাই নতুনভাবে নির্ধারণ করা প্রয়োজন। কতটি গ্রাম নিবন্ধিত হয়েছে, কতজন উদ্যোক্তা database-এ যুক্ত হয়েছেন কিংবা কতটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এসব সংখ্যা কার্যক্রমের পরিমাণ বোঝায়; অর্থনৈতিক সাফল্য নয়। প্রকৃত সাফল্য মাপতে হবে উদ্যোক্তার আয় কতটা বেড়েছে, কতটি স্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছে, কতটি cluster দীর্ঘমেয়াদে টিকে আছে, কতটি পণ্য জাতীয় বাজারে প্রতিষ্ঠিত হয়েছে, কতজন উদ্যোক্তা নিয়মিত ব্যাংকিং ব্যবস্থায় এসেছেন এবং কতটি পণ্য রপ্তানির পর্যায়ে পৌঁছেছে তার মাধ্যমে।

বাংলাদেশের সামনে এখন এমন একটি সময় এসেছে যখন গ্রামীণ অর্থনীতিকে কৃষি ও ক্ষুদ্র উৎপাদনের বিচ্ছিন্ন পরিসর হিসেবে দেখার সুযোগ নেই। গ্রামকে উৎপাদন, উদ্যোক্তা, প্রযুক্তি, অর্থায়ন ও বাজারের একটি সমন্বিত অর্থনৈতিক ইউনিট হিসেবে দেখতে হবে। একটি গ্রামের নিজস্ব পণ্যকে ঘিরে যদি একটি পূর্ণাঙ্গ economic ecosystem তৈরি করা যায়, তাহলে সেখানে কর্মসংস্থান, আয় এবং স্থানীয় বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে। এর ফলে তরুণদের কর্মসংস্থানের জন্য শহরমুখী হওয়ার চাপও কিছুটা কমানো সম্ভব।

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। বাংলাদেশের প্রতিটি গ্রামের জন্য একই ধরনের নীতি কাজ করবে না। কোনো গ্রাম কৃষিপণ্যে শক্তিশালী, কোনো গ্রাম তাঁত বা হস্তশিল্পে, কোনো গ্রাম খাদ্য প্রক্রিয়াজাতকরণে, আবার কোনো গ্রাম পর্যটন বা সেবাভিত্তিক অর্থনীতিতে সম্ভাবনাময় হতে পারে। তাই OVOP-এর বাংলাদেশি সংস্করণকে হতে হবে নমনীয়, স্থানীয় বাস্তবতাভিত্তিক এবং বাজারমুখী।

‘এক গ্রাম, এক পণ্য’ তাই কোনো স্লোগান বা স্বল্পমেয়াদি প্রকল্প হিসেবে দেখলে এর সম্ভাবনা নষ্ট হবে। এটি হতে পারে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে পুনর্গঠন করার একটি দীর্ঘমেয়াদি কাঠামো। এর সাফল্য নির্ভর করবে আমরা কতটা স্থানীয় মালিকানা নিশ্চিত করতে পারছি, কতটা কার্যকর value chain গড়ে তুলতে পারছি এবং কত দ্রুত উৎপাদককে অর্থায়ন, প্রযুক্তি ও বাজারের সঙ্গে যুক্ত করতে পারছি তার ওপর। জাপানের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, একটি গ্রামের নিজস্ব শক্তিকে কেন্দ্র করে একটি টেকসই অর্থনৈতিক পরিচয় তৈরি করা সম্ভব। বাংলাদেশের কাজ হবে সেই ধারণাকে হুবহু অনুকরণ করা নয়; বরং দেশের নিজস্ব সম্পদ, জনশক্তি, উদ্যোক্তা সংস্কৃতি এবং বাজার বাস্তবতার সঙ্গে মিলিয়ে একটি কার্যকর বাংলাদেশি OVOP model তৈরি করা।

গ্রাম থেকে বাজার, বাজার থেকে জাতীয় ব্র্যান্ড এবং জাতীয় ব্র্যান্ড থেকে বিশ্ববাজার—এই পথ তৈরি করতে হলে প্রথমে উৎপাদককে শক্তিশালী করতে হবে। ‘এক গ্রাম, এক পণ্য’ সফল হলে এর সবচেয়ে বড় অর্জন হবে কোনো একটি পণ্যের বিক্রি বাড়া নয়; বরং বাংলাদেশের গ্রামীণ মানুষকে উৎপাদক থেকে উদ্যোক্তা এবং স্থানীয় কারিগরকে জাতীয় অর্থনীতির সক্রিয় অংশীদারে রূপান্তর করা।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় যদি আরও বিস্তৃত, কর্মসংস্থাননির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক করতে হয়, তবে সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে আমাদের গ্রাম। আর প্রতিটি গ্রামের নিজস্ব শক্তিকে অর্থনৈতিক পরিচয়ে রূপ দেওয়ার একটি কার্যকর পথ হতে পারে, এক গ্রাম, এক পণ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকুয়েডরের দায়িত্বে আরেক আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ইকুয়েডরের দায়িত্বে আরেক আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দো

মার্সেলো গ্যালার্দো প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন। ইকুয়েডর ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টাইন এই কোচকে নিয়োগ দিয়েছে।

দেশটির ফুটবল ফেডারেশন একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে সহ-আয়োজক মেক্সিকোর কাছে ইকুয়েডরের হতাশাজনক হারের পর সেবাস্তিয়ান বেকাসেস পদত্যাগ করেন। গ্যালার্দো তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

৫০ বছর বয়সী গ্যালার্দো আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের কোচ হিসেবে একাধিক শিরোপা অর্জন করেছেন। তবে জাতীয় দলের দায়িত্বে এটি তার প্রথম অভিজ্ঞতা।

ইকুয়েডর ফুটবল ফেডারেশনের (এফইএফ) সভাপতি ফ্রান্সিসকো এগাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মন্তব্য করেন, “মার্সেলো গ্যালার্দোকে আমরা তার জয় করা শিরোপাগুলোর জন্য চেয়েছি, তবে তার চেয়েও বেশি করে তিনি যা প্রতিনিধিত্ব করেন, তার জন্য। ইকুয়েডরে স্বাগতম, মার্সেলো।”

আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত গ্যালার্দো রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে পরিচিত। প্রথম দফায় ক্লাবটির দায়িত্ব পালনকালে তিনি ১৪টি শিরোপা জিতেছেন, যার মধ্যে দুটি কোপা লিবার্তাদোরেসও অন্তর্ভুক্ত।

তবে রিভার প্লেটে তার সাম্প্রতিক দ্বিতীয় দফার অধ্যায়টি হতাশাজনক ছিল। নতুন কোনো শিরোপা জিততে ব্যর্থ হয়ে ফেব্রুয়ারিতে বাজে ফর্মের ধারাবাহিকতার পর তিনি পদত্যাগ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আমেরিকার ফুটবলে শক্তিশালী একটি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার পর তারা দ্বিতীয় স্থানে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছিল।

তাদের দলে আর্সেনালের পিয়েরো হিনকাপি এবং পিএসজির উইলিয়ান পাচোর মতো আন্তর্জাতিক তারকারাও রয়েছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকে জড়ালে দলীয় নেতাকর্মীকেও ছাড় নয়: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


মাদকে জড়ালে দলীয় নেতাকর্মীকেও ছাড় নয়: এমপি বাবুল

ফরিদপুরের চরভদ্রাসনে সুফলভোগীদের মধ্যে বকনা বাছুর, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ, খেলাধুলার সামগ্রী এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, যা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক বিএনপি সভাপতি শাজাহান শিকদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফর, প্রস্তুতি কমিটির সদস্য গোলাম মোস্তফা, মোস্তফা কবির বেপারী, ছাত্রদল সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সুফলভোগী খামারিদের হাতে বকনা বাছুর, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ, খেলাধুলার জন্য ফুটবলসহ বিভিন্ন সামগ্রী এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবক হিসেবে দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। তিনি দেশনায়ক তারেক রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে জনকল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, “দলমত নির্বিশেষে আমরা সকলের সেবক— এ কথাটি সবসময় মনে রাখতে হবে। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি বাবুল আরও বলেন, নিজেদের মধ্যে দলাদলি, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনকে সহযোগিতা করা এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বাবুল বলেন, নিজ দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে চরভদ্রাসনবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত গোপালপুর-মৈনট ফেরিঘাট নিয়েও সুখবর দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি জানান, ফেরিঘাটের কাজের জন্য বরাদ্দ হয়েছে এবং অতি দ্রুতই এর কাজ শুরু হবে। এতে চরভদ্রাসনসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরিচ্যুত কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের আইডি কার্ড ব্যবহারে নিরাপত্তা শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


চাকরিচ্যুত কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের আইডি কার্ড ব্যবহারে নিরাপত্তা শঙ্কা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়ার পরও কিছু সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের পরিচয়পত্র বা আইডি কার্ড ব্যবহার করার অভিযোগ উঠেছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং পরিচয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে পারে যদি চাকরিচ্যুত ব্যক্তিদের হাতে প্রতিষ্ঠানের পরিচয়পত্র থাকে এবং তারা সেটি ব্যবহার করে। সংশ্লিষ্টরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময়ে নিয়োগ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তাদের একটি অংশ চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান করেন। একই স্থানে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারেও পাল্টা কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটে।

পরে চাকরিচ্যুত এস আলমের লোকজন বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন। এরই মধ্যে চাকরিচ্যুতদের সিংহবাগই ইসলামী ব্যাংকের পুরোনো পরিচয়পত্র ব্যবহার করছেন—এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে কয়েকজনকে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে উঠেন তারা। পরে তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চাকরিতে বহাল না থাকলে আইডি কার্ড ব্যবহার করা যায় না। যারা করছে তারা ঠিক করেনি।

ব্যাংকাররা জানান, চাকরিচ্যুত হওয়ার পর ওই ব্যাংকের আইডি কার্ড ব্যবহার করা সরাসরি নিষিদ্ধ। এটি কেন হচ্ছে, তা তারা জানেন না। তবে কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, এভাবে আইডি কার্ড ব্যবহার করা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। চাকরিচ্যুত হওয়ার পরও তারা আইডি কার্ড ব্যবহার করতে পারেন না। তাদের তো আইডি কার্ড জমা দেওয়ার কথা ছিলো।

তিনি বলেন, পৃথিবীর কোন প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেওয়া বা চাকরিচ্যুত হওয়ার পর ওই প্রতিষ্ঠানের আইডি কার্ড এভাবে ব্যবহার করতে পারে না।

চাকরি নেই, পরিচয়পত্র কেন?

একজন কর্মীর চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে তার আনুষ্ঠানিক কর্মসম্পর্কও শেষ হয়। এ অবস্থায় কর্মীর ব্যবহৃত পরিচয়পত্র, প্রবেশ কার্ড, অফিসের বিভিন্ন ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার এবং অন্যান্য অনুমোদন প্রত্যাহার করা প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। বিশেষ করে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানে পরিচয় ও প্রবেশাধিকার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ একটি ব্যাংকের পরিচয়পত্র শুধু কর্মীর নাম বা পদবির পরিচায়ক নয়; অনেক ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি চাকরিতে না থেকেও পুরোনো পরিচয়পত্র ব্যবহার করলে সাধারণ মানুষের কাছে তিনি এখনও ব্যাংকের কর্মকর্তা হিসেবে পরিচিত হতে পারেন।

এতে গ্রাহকের সঙ্গে যোগাযোগ, ব্যাংকের নাম ব্যবহার করে কোনো ধরনের প্রতিনিধিত্ব এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

তবে শুধু পরিচয়পত্র হাতে থাকা এবং সেটি ব্যবহার করে ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ বা কোনো কার্যক্রম পরিচালনা করার বিষয় এক নয়। তাই অভিযোগটি কতটা গুরুতর, তা নির্ভর করবে ওই ব্যক্তিরা কোথায়, কী উদ্দেশ্যে এবং কী ধরনের পরিচয়পত্র ব্যবহার করছেন তার ওপর।

চাকরিচ্যুতদের আন্দোলন অব্যাহত:

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবি নতুন নয়। চলতি বছরও চাকরি ফিরে পাওয়ার দাবিতে কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

জুলাই মাসেও চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষ থেকে চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য পরিশোধের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

নিরাপত্তা ব্যবস্থায় কতটা ঝুঁকি?

ব্যাংকিং খাতে কর্মীদের পরিচয়পত্র ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণ শুধু প্রশাসনিক বিষয় নয়; এটি নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত। একজন কর্মী চাকরি হারানোর পর তার পুরোনো পরিচয়পত্র সক্রিয় থাকলে বা সেটি দেখে কেউ তাকে ব্যাংকের বৈধ কর্মকর্তা মনে করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষ করে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, ভল্ট, নথি সংরক্ষণ এলাকা, তথ্যপ্রযুক্তি অবকাঠামো বা কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত অংশে প্রবেশের ক্ষেত্রে পরিচয় যাচাই গুরুত্বপূর্ণ।

চাকরিচ্যুত কোনো ব্যক্তি যদি পুরোনো পরিচয়পত্র দেখিয়ে এসব এলাকায় প্রবেশের সুযোগ পান, তাহলে বিষয়টি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে।

তবে বর্তমানে চাকরিচ্যুত কোনো ব্যক্তি ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করছেন বা পুরোনো আইডি দেখিয়ে কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন— এমন নির্ভরযোগ্য তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে ব্যাংকের বক্তব্য এবং প্রত্যক্ষ প্রমাণ প্রয়োজন।

ব্যাংকের করণীয় কী?

অভিযোগের সত্যতা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পুরোনো পরিচয়পত্র ফেরত নেওয়া, হারানো বা ব্যবহৃত পরিচয়পত্র বাতিল করা এবং ব্যাংকের প্রবেশাধিকার ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। একই সঙ্গে কোনো চাকরিচ্যুত ব্যক্তি ব্যাংকের পরিচয় ব্যবহার করে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছেন কি না, সেটিও নজরদারির আওতায় আনা প্রয়োজন।

এ ক্ষেত্রে ব্যাংকের মানবসম্পদ বিভাগ, নিরাপত্তা বিভাগ ও তথ্যপ্রযুক্তি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মীর অফিসের পরিচয়পত্র, প্রবেশাধিকার, ই-মেইল, অভ্যন্তরীণ সফটওয়্যার ও অন্যান্য অনুমোদন বাতিলের ব্যবস্থা থাকা উচিত।

বিশেষজ্ঞদের মতে, কোনো প্রতিষ্ঠানের সাবেক কর্মী পুরোনো পরিচয়পত্র নিজের কাছে রাখলেও সেটি ব্যবহার করে বর্তমান কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া হলে তা ভিন্ন বিষয়। তাই অভিযোগের ক্ষেত্রে ‘আইডি কার্ড থাকা’ এবং ‘আইডি কার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা’—এই দুই বিষয় আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ইনকিলাবকে বলেন, চাকরিচ্যুত বা চাকরি ছেড়ে দিলে ওই প্রতিষ্ঠানে আইডি কার্ড ব্যাবহার করা কোনোভাবেই সম্ভব না। শুধু ব্যাংক নয়, কোন প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দিলে বা চাকরিচ্যুত হলে, ওই প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করা যায় না।

তিনি বলেন, এটার জন্য কোনো ব্যাংকিং আইন লাগে না। যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। যার সাথে আপনার সম্পর্ক ছেদ ঘটছে, তার পরিচয়পত্র আপনি কীভাবে ব্যবহার করেন?

চাকরিচ্যুতরা ইসলামী ব্যাংকের আইডি কার্ড এখনো ব্যবহার করছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি আপনাকে কমন যেটা প্র্যাকটিস সেটা বললাম।

এ বিষয়ে কথা বলতে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি। পরে তাকে টেক্সস পাঠানো হলেও তিনি কোন মন্তব্য করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%