বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:৪০ এম
অভিনেত্রী হিসেবে দীর্ঘ সময় কাটানোর পরও নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার আগে অজানা এক ভয় অনুভব করেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তী। নতুন চরিত্র, নতুন সেট এবং নতুন দলের সঙ্গে কাজ করার কারণে শুটিংয়ের আগে তিনি উদ্বেগের শিকার হন। এমনকি শুটিংয়ের আগের রাতে সঠিকভাবে ঘুমাতে পারেন না এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি তাঁর এই ভয় ও অস্বস্তির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করার পরও নতুন সিনেমার শুটিং শুরুর আগে তাঁর মনে অজানা ভয় কাজ করে।
মিমি বলেন, শুটিংয়ের প্রথম দিন তিনি সাধারণত আগেভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, কারা কাজ করছেন এবং সবাই ঠিকঠাক প্রস্তুত কি না। পরিবেশ সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারলে তাঁর অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়।
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন একটি ছবির কাজ শুরুর আগে সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া মানসিকভাবে তাঁকে স্বস্তি দেয়। এজন্য শুটিংয়ের প্রথম দিন তিনি অন্যদের চেয়ে কিছুটা আগে সেটে পৌঁছানোর চেষ্টা করেন।
এদিকে, আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এতে মিমি চক্রবর্তী আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন।
এর আগে ‘রক্তবীজ’ সিনেমাতেও মিমি ও আবির একসঙ্গে অভিনয় করেছেন। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার জন্য দর্শকরা অপেক্ষায় আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হয়নি। টাইগারদের পরাজিত করে পাকিস্তান এশিয়ান গেমস ক্রিকেটের ছেলেদের বিভাগে ফাইনালে পৌঁছেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে।
প্রকৃতির বাধার কারণে ১৩ ওভারে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। পাকিস্তান ৯ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে ফেলে।
বিস্তারিত আসছে …
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ না দিতে সতর্ক করেছে। বিদেশে চাকরির ক্ষেত্রে যাচাই না করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রস্তাবে প্রলুব্ধ না হওয়ার পরামর্শও তারা দিয়েছে। বুধবার, এক বিবৃতিতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব সতর্কতা প্রকাশ করে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানাচ্ছে, গত দুই বছর ধরে সরকার রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঝুঁকি ও বিপদ সম্পর্কে নাগরিকদের সতর্ক করে আসছে।
মন্ত্রণালয় জানায়, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ভারতীয় নাগরিকদের নিয়োগের বেশ কিছু ঘটনা তাদের নজরে এসেছে। এসব ঘটনায় কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। পরে, ভারত সরকারের সহায়তায় সেখান থেকে ফিরে আসার চেষ্টা করেছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নাগরিকদের এ ধরনের প্রস্তাব গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, কিছু ভারতীয় নাগরিক ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ না করেই নাগরিকত্ব ছেড়ে রাশিয়ার পাসপোর্ট নিয়েছেন। পরে তারা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি সংস্থা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদেশি নাগরিকদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাময়িক আর্থিক সুবিধার আশায় এ ধরনের কাজে জড়ালে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই বিদেশে চাকরির প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে যাচাই করতে হবে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, চাকরির প্রস্তাব দেওয়া এজেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত কি না, সেটিও যাচাই করতে হবে। বর্তমানে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সুস্থতা ও দ্রুত মুক্তির জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ভারত সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানী গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাসটি রওয়ানা দেয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ তার প্রথম ফেনী সফর। তিনি জেলার পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এই সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ২৫০ জন সদস্য নিয়োজিত থাকবেন। মুহুরী-কহুয়া প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ, কৃষক ও পরিবারভিত্তিক সহায়তা—এসব বিষয় নিয়ে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে, যা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ২টায় তার ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন। রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট গোলাম ফারুক শাহীন, মরহুম মাহফুজ উল্লাহর রচিত 'বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টরি' (Begum Khaleda Zia: Her Life, Her Story) বইটি জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর সংগ্রহে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২২ সালে লাইব্রেরীতে বইটি প্রদান করা হয় এবং ৫ ডিসেম্বর ২০২২ তারিখে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
জাতিসংঘের সেই স্বীকৃতি পত্র এবং বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করার চিঠি ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন গোলাম ফারুক শাহীন। যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে বাংলাদেশে ফেরার আগে তিনি প্রধানমন্ত্রীকে বইটি তুলে দেন। তারেক রহমান বইটি গ্রহণ করে শাহীনকে ধন্যবাদ জানান এবং দলের জন্য তার কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
গোলাম ফারুক শাহীন জানিয়েছেন, ২০২২ সালে বইটি জাতিসংঘের লাইব্রেরীতে দেওয়ার পর তিনি বিষয়টি প্রকাশ করেননি। তার বক্তব্য, সে সময় রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে বিষয়টি প্রকাশ করলে তার দেশের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা ছিল। সেই সময় তারা যুক্তরাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছিলেন।
২০২২ সালের ৫ ডিসেম্বর নিউইয়র্ক থেকে পাঠানো চিঠিতে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর গিফটস লাইব্রেরীয়ান এবং ডিপার্টমেন্ট অফ গ্লোবাল কমিউনিকেশনসের আউটরিচ ডিভিশনের কর্মকর্তা জ্যানিন পিকার্ড, গোলাম ফারুক শাহীনকে বইটি গ্রহণের বিষয়টি জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, 'বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টরি' বইটি লাইব্রেরীর সংগ্রহে একটি মূল্যবান সংযোজন হবে। বইটি উপহার দেওয়ার জন্য শাহীন এর উদ্যোগ ও আন্তরিকতার প্রশংসা করে তার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে লেখা এই বইটি বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে রচিত হয়েছে। জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর সংগ্রহে যুক্ত হওয়ার ফলে বইটি এখন আন্তর্জাতিক গবেষকদের জন্যও সংরক্ষিত থাকবে।
নিউইয়র্কের ৪০৫ ইস্ট ৪২ স্ট্রিটে অবস্থিত ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীতে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘের কার্যক্রম ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রকাশনা ও নথি সংরক্ষিত রয়েছে।
গোলাম ফারুক শাহীন বলেন, নিজের তাগিদ থেকেই তিনি বইটি জাতিসংঘের লাইব্রেরীতে দিয়েছেন। তার মতে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে আসা দেশ-বিদেশের গবেষকরা বইটি থেকে তথ্য ও উপাত্ত পাবেন এবং গবেষণায় তা ব্যবহার করতে পারবেন।
শাহীন আরও জানান, জাতিসংঘের সদরদপ্তরে এই প্রথম বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধানের বই সংরক্ষিত হলো। মরহুমা বেগম খালেদা জিয়ার বইটির সার্টিফিকেট তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট হস্তান্তর করতে পেরে তিনি পরমকরুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামীন এর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ