মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৭ এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ঘটেছিল আরও তিন হত্যাকাণ্ড।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে ঘটে এসব হত্যাকাণ্ড।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে অপ্রতিমের সন্ধানে খোঁজ চালায়। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবারই অপ্রতিমকে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার এ ঘটনার এক ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। একপর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হই যে, ১৮ সেপ্টেম্বর দুপুরের দিকে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে অপ্রতিমের লাশ উদ্ধারের পর আমরা সিসিটিভি ফুটেজ দেখি ও পর্যালোচনা করি। এতে অপ্রতিমের সঙ্গে থাকা তুহিনকে মৃত্যুর সংবাদ পাওয়ার আগেই আমরা হেফাজতে নেই।
আনিসুজ্জামান বলেন, একটানা জিজ্ঞাসাবাদে তুহিন আমাদের কাছে স্বীকার করে যে, অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই পরিকল্পনা করে সে তাকে ওই নির্জন ঘটনাস্থলে নিয়ে যায়। তুহিন আরও জানায়, এ ঘটনায় ফাহাদ এবং ফাহাদের এক বন্ধু জড়িত ছিল। তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং ফাহাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করি।
জিজ্ঞাসাবাদে ফাহাদ জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার আরেক বন্ধু কামরুলও জড়িত। ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা কামরুলকে হেফাজতে নেই।
এদিকে একই সময়ে শুক্রবার রাতে খুলনা নগরীর একটি ছাত্রাবাসে ‘ভাত চুরি করে খাওয়ার’ অপবাদ তুলে বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র আজমুল হোসেন আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হলরোড সংলগ্ন ইসলামনগর সড়কের একটি চার তলা ভবনের ছাদে তাকে মারধরের ঘটনা ঘটে।
আজমুল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা চুয়াডাঙ্গার দর্শনায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা খুবির সাবেক এক শিক্ষার্থী বলেন, ওই ছাত্রকে (আজমল হোসেন) খাবারসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগে ধরা হয়। এরপর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য বের হচ্ছিল। তিনি রুম থেকে গেঞ্জি, শার্ট, প্যান্ট, জুতা এবং টাকা নেওয়ার কথাও স্বীকার করেছিলেন।
ওই শিক্ষার্থী বলেন, প্রথমে লাউডস্পিকারে ওই ছাত্রকে তার বাবার সঙ্গে কথা বলতে বলা হয়। তখন আজমল তার বাবাকে জানান যে, তিনি সেখানে থাকেন এবং টাকা ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। তার বাবা তাকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এসবের মধ্যে গেছেন। এরপর ফোনটি আরেকজনের কাছে দেওয়া হয়। তিনি ওই ছাত্রের বাবাকে বলেন, আপনার ছেলে এই কাজ করছে, আপনার তো আসা উচিত। আপনি কালকে আসেন, এসে একটা ব্যবস্থা করেন। এখানে তো আর রাখা যাবে না। এরপর ফোনটি অন্য এক-দুজনের হাতেও চলে যায়।
এদিকে মারধর শেষে আজমলের বাবার কাছে ফোন দিয়ে চুরির ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এছাড়া শুক্রবার রাত ১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন সরফত আলী নামে এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। শুক্রবার রাতে সরফত আলী তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। পরে রাত ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন। বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান।
পরে তার ফুফু বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
পরদিন শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে নিজ ঘর থেকে সৌদি প্রবাসী ইকরাম, তার স্ত্রী সানজিদা এবং তাদের দেড় বছরের শিশুসন্তান আলেজার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাকান্দি গ্রামের ইকরাম হোসেন কিছুদিন আগে বিদেশ থেকে আসেন। শনিবার দুপুরে তার ঘরের ভেতর স্ত্রী ও দেড় বছরের সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় ইকরামের লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
তবে কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তার কোনো উত্তর এখনো মেলেনি। পারিবারিক কলহ, আর্থিক সংকট কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, বিদেশ থেকে ফেরার পর ইকরাম পরিবারের সঙ্গেই ছিলেন। তার সঙ্গে স্ত্রী বা পরিবারের সদস্যদের কোনো বিরোধ কিংবা পারিবারিক কলহ চলছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে হঠাৎ একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্রক্রিয়াকরণে ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪৬৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি) সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
ডিপিসির তদন্তে উঠে এসেছে যে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে গুগল ইউরোপীয় ইউনিয়নের কঠোর তথ্য সুরক্ষা আইন ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) লঙ্ঘন করেছে। বিশেষ করে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’, ‘লোকেশন হিস্ট্রি’ এবং ‘লোকেশন অ্যাকিউরেসি’ নামক তিনটি ফিচারের মাধ্যমে এই লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
আয়ারল্যান্ডভিত্তিক এই নিয়ন্ত্রক সংস্থা ইউরোপে পরিচালিত গুগলসহ অনেক বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান তদারকি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ২০১৮ সালে জিডিপিআর কার্যকর হওয়ার পর থেকে ডিপিসি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা আরোপ করেছে। এর মধ্যে গুগলের বিরুদ্ধে ঘোষিত এই জরিমানা চতুর্থ বৃহত্তম।
জরিমানার পাশাপাশি গুগলকে ছয় মাসের মধ্যে তাদের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ডিপিসির উপকমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, ‘গুগলের ব্যর্থতার কারণে অনেক ব্যবহারকারী হয়তো জানতেনই না যে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত করতে বা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা নিতে ব্যবহার করা হচ্ছে। ফলে তারা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করায় এই নিয়ন্ত্রণহীনতার ঝুঁকি আরও বেড়েছে।’
২০২০ সালে ইউরোপের বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের অভিযোগের ভিত্তিতে ডিপিসি এ তদন্ত শুরু করে। অভিযোগকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ইউরোপজুড়ে কার্যক্রম পরিচালনাকারী ভোক্তা সংগঠন বিইইউসি।
তদন্তে গুগলের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ফিচারের তথ্য সংগ্রহ ও ব্যবহারের বৈধতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই ফিচারটি গুগলের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের কার্যক্রমসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। একইভাবে ‘লোকেশন হিস্ট্রি’ ফিচারের মাধ্যমে মোবাইল ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান সংরক্ষণ করা হয়।
ডিপিসি জানিয়েছে, গুগলের বিরুদ্ধে আরও তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে এবং সেগুলোও অগ্রসর পর্যায়ে রয়েছে।
সূত্র: সামা টিভি অনলাইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ এবং উপজেলা পরিষদের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের আওয়াজে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় আবু সায়েম নামের এক ব্যক্তি জানান, তিনি দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তিনি দোকান থেকে বের হয়ে আসেন। পরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমা হয়।
স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হতে পারে। তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা বা কী উদ্দেশ্য রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিপন মিয়া (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে।
এটি সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় ঘটেছিল। তবে পুলিশের পক্ষ থেকে হামলার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার মেঘনা থানার কুদরত আলীর ছেলে রিপন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার দুপুরে পুলিশ আসামির অবস্থান নিশ্চিত হয়ে বৈদ্যেরবাজারের খেয়াঘাট এলাকায় অভিযান শুরু করে। এ সময় পুলিশ রিপন মিয়াকে গ্রেফতার করে। কিন্তু আসামিকে ধরার সঙ্গে সঙ্গে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।
এই ঘটনায় সোনারগাঁ থানার এসআই সুরুজ্জামান ও এএসআই হাসমত উল্লাহ আহত হন। পরে আহত এই দুই পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, বিকাল ৪টার দিকে দুজন পুলিশ সদস্য চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হাসমত উল্লাহ।
এএসআই হাসমত উল্লাহ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, "আসামি ধরতে গেলে আসামিরা তো একটু দৌড়ঝাঁপ করবেই। আসামি ধরতে গেলে ওই আসামি দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছেন। তবে আমাদের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা।" তিনি বর্তমানে থানায় রয়েছেন।
এসআই সুরুজ্জামানও হামলার ঘটনা অস্বীকার করে বলেন, "তারা তিনজন পুলিশ সদস্য বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি তাদের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে তাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।"
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি এ বিষয়ে জানেন না এবং ওসির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, "একজন আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—
জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫৫ মিনিটে।
আসরের নামাজ শুরু হবে ৪টা ১৩ মিনিটে।
মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ৫৮ মিনিটে।
এশার নামাজ শুরু হবে ৭টা ১২ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৪টা ৩৬ মিনিটে
আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ৫৫ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৪৮ মিনিটে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ