০৩:০৬ পি.এম
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন সম্পন্ন করার পরে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানানোর জন্য উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে মানুষের এক বিশাল ঢল নামে। সমগ্র অনুষ্ঠানস্থল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
রোববার বেলা সোয়া ১টার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টার যোগে বাঁশখালীতে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বাহারছড়া সমুদ্রপাড়ে সমবেত মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের মিছিল, স্লোগান এবং উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানস্থলের আশপাশেও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণ করতে এ সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে এবং ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার উদ্যোগ রয়েছে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
তারপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার পরিকল্পনা রয়েছে তাঁর। পরবর্তীতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশ নিতে যাচ্ছেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন