ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ত্রাণ নয় যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল


ত্রাণ নয় যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যাওয়া হিমালয় অঞ্চলের সংকটাপন্ন দেশ নেপাল এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয়ের ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো কূটনৈতিক অবস্থান নিয়েছে। এক সপ্তাহ আগে দেশের ভোটেকোশি নদী অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যায় তাসের ঘরের মতো ভেসে গিয়েছে অন্তত তিনটি জেলার একাধিক গ্রাম। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১১শ’র বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বরফশীতল পানি, পাথর ও পাহাড় ধসের ধ্বংসস্তূপের নিচে চার হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

হিমালয়ের হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই বিশাল জলীয় সুনামির পর নেপাল সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাদের যে আর্থিক সহায়তার প্রয়োজন, তা কোনো দান বা সহায়তা নয় বরং ক্ষতিপূরণ।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় নেপাল তার কূটনৈতিক কাঠামো পরিবর্তন করছে। দেশটি সাহায্য বা অনুদানের মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘ন্যায়বিচার ও ক্ষতিপূরণ’ ভিত্তিক কূটনৈতিক বার্তা প্রদান শুরু করেছে। কাস্তিমণ্ডপ অঞ্চলের মিডিয়া আউটলেট কান্তিপুর টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন যে, জলবায়ু সংকটের জন্য নেপাল কোনোভাবেই দায়ী নয়, অথচ এর খেসারত দিতে হচ্ছে তাদেরই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী খুলনায় পৌঁছেছেন, সুন্দরবন ও বানৌজা মোংলা পরিদর্শন করবেন

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি ফলেই হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে এবং পাহাড়ে একের পর এক ভয়াবহ জল-সুনামি আছড়ে পড়ছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী প্রধান শিল্পোন্নত দেশগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি বলেন, কার্বন নির্গমনের তালিকায় শীর্ষে থাকা চীন, দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে থাকা ভারতের একটি ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব রয়েছে নেপালের মতো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। এটি কোনো দয়ার দান নয়, এটি আইনি ও নৈতিক দায়বদ্ধতার বিষয়।

পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সতর্ক করে দিয়ে বলেন, এটি নেপালের জন্য একটি সভ্যতার অস্তিত্ব রক্ষার লড়াই। যদি হিমালয়ের হিমবাহগুলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, তবে গঙ্গা এবং ত্রিশূলির মতো প্রধান নদীগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকা দক্ষিণ এশিয়ার ২০০ কোটিরও বেশি মানুষের পানীয় জলের নিরাপত্তা চিরতরে সংকাটাপন্ন হবে। তাই নেপাল কেবল নিজের ভূখণ্ডের জন্য নয়, পুরো দক্ষিণ এশীয় সভ্যতার সুরক্ষার স্বার্থে এই বৈশ্বিক লড়াই জোরদার করছে। তিনি জানান, দেশের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই আন্তর্জাতিক অংশীদারদের কাছে আনুষ্ঠানিকভাবে জলবায়ু সংক্রান্ত ক্ষতিপূরণের দাবিপত্র পাঠিয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন, জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রুফটপ সোলার স্থাপনের সুবিধা সম্পর্কে জানিয়েছেন, বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের জন্য সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের জন্য ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে।

 

এতে গড়ে প্রতি ইউনিট ৬-৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। এই সুবিধা আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।তিনি আরও জানান, ‘বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ৮ জুন সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যসমূহ যেমন— সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর আরোপণীয় সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর হতে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে।’

রুফটপ সোলার স্থাপনে সরকারের উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই কর্মসূচি বাস্তবায়নে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাগুলোকে ইতিমধ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

 

দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতিমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।’

সৌর বিদ্যুতের পাশাপাশি পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করছি, ওই কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


চীনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চায়নায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে চায়না বিএনপির উদ্যোগে গুয়াংজু শহরের স্থানীয় একটি হোটেলে আলোচনাসভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দলটির সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন। সভা পরিচালনা করেন আসিফ হক রুপু।

কানন সভায় উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

 

সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এভাবে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাবেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাহাবুবর রশীদ, ওয়ালী উল্লাহ, মো. সাখাওয়াৎ, হাসমত আলি মৃধা, মো. মাসুদ, মো. অপু, মো. রাকিবুল ইসলাম, মো. নাদিম আহম্মেদ এবং মাহাবুব জামান প্রমুখ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে র‌্যাবের নেতৃত্বে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে অভিযানের কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

তিনি গণমাধ্যম এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। তথ্য দাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি। এর আগে, গতকাল মঙ্গলবার সুন্দরবনের পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন এবং ৬৯টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৬।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক জানান, এ পর্যন্ত সুন্দরবনের ৩১৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে প্রায় ৩০ জন আবার অপরাধমূলক কর্মকাণ্ডে ফিরে গেছে। আত্মসমর্পণকারীদের একটি অংশ পুনর্বাসনের সুযোগ পাওয়ার পরও কেন তারা আবার অপরাধে ফিরে যাচ্ছে, সেটি এখন নতুন করে ভাবনার বিষয়।

তিনি বলেন, সামাজিক চাপ, রাজনৈতিক কারণ, সচেতনতার অভাব, স্বাভাবিক জীবনে ফিরতে অনীহা এবং হয়রানির ভয়-এসব কারণে কেউ কেউ আবার অপরাধে জড়িয়ে পড়ছে। তবে, ৩১৮ জনের মধ্যে ৩০ জনের অপরাধমূলক কর্মকাণ্ডে ফিরে যাওয়ার হারকে খুব বেশি মনে করছেন না র‌্যাব মহাপরিচালক।

তিনি আরও বলেন, ‘আমরা ১শ’ শতাংশ তো আর স্বাভাবিক জীবনে আনতে পারব না। যেহেতু আমরা তাদের সার্বক্ষণিক নজরদারি করতে পারি না। আর কিছু বাস্তব সীমাবদ্ধতাও থাকে।’ আত্মসমর্পণকারীদের বিষয়ে নজরদারি নেই-এমনটি নয় বলেও জানান তিনি। র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আত্মসমর্পণের পর কেউ আবার অপরাধে জড়াচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

র‌্যাব মহাপরিচালক জানান, সুন্দরবনে এখনো চার থেকে পাঁচটি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনীর সদস্যদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে। আত্মসমর্পণকারীদের জন্য নেয়া পুনর্বাসন প্যাকেজ দেখে অন্যরাও উৎসাহিত হবে বলে আশা করছেন তিনি। তবে, অতীতের অভিজ্ঞতা থেকে এবার পুনর্বাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর জোর দেয়া হচ্ছে।

তিনি বলেন, আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আগের চেয়ে ভালো পুনর্বাসন ব্যবস্থা নেয়ার উদ্যোগ শুরু হয়েছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে আত্মসমর্পণকারীদের অহেতুক মামলা ও হয়রানির বিষয়টিও সামনে এসেছে।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া কাউকে আটক কিংবা মামলা দেওয়া উচিত নয়। ভবিষ্যতে আত্মসমর্পণকারীরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছে। সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সেখানে একটি র‌্যাব ব্যাটালিয়ন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বর্তমানে সুন্দরবন এলাকায় কোস্ট গার্ডের একটি ক্যাম্প রয়েছে। সুন্দরবনবাসী চাইলে সেখানে র‌্যাবের একটি ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন বলে জানান তিনি।

এদিকে, বন্য প্রাণীর প্রজনন, বিচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বিধিবিধান ও অনুমতি সাপেক্ষে সুন্দরবন আবার পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক। একই সঙ্গে উপকূলীয় মানুষের নিরাপত্তা, বনজীবীদের জীবন-জীবিকা এবং দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবার আত্মসমর্পণকারী ৫৯ জনের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর ৮ জন এবং মিজান বাহিনীর ৭ জন রয়েছেন।

তাদের আত্মসমর্পণের সঙ্গে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে ৫৯টি আগ্নেয়াস্ত্র, ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ ও ৭টি ওয়াকিটকি।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটার গান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান এবং একটি পয়েন্ট ২২ বোর রাইফেল।

র‌্যাব বলছে, সুন্দরবনের জলদস্যু ও বনদস্যু দমনে র‌্যাব, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ নামে বিশেষ অভিযান চলছে। গত ২ মার্চ থেকে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করছে র‌্যাব ফোর্সেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ক্লিনিকে অনিয়ম, ৮০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


মুন্সীগঞ্জে ক্লিনিকে অনিয়ম, ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এআর ক্লিনিকে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার, বেলা ১১টার দিকে অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটিতে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা এবং অনুমোদিত শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি রাখার বিষয়গুলো ধরা পড়ে। এছাড়া, এক্স-রে টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবলও সেখানে উপস্থিত ছিল না।

ক্লিনিকটিতে অনুমোদিত শয্যার সংখ্যা ১০টি, কিন্তু সেখানে ১৭ জন রোগী ভর্তি ছিলেন। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানটি পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানের সময় পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেছেন, অনুমোদনের শর্ত ও স্বাস্থ্যবিধি না মেনে ক্লিনিক পরিচালনা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার মতো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%