বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
১২:৫৯ পি.এম
খুলনায় মোঃ তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মৃতদেহটি পাওয়া যায়।
নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার অধিবাসী ছিলেন। তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে কিছুদূর থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসা এলাকায় কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের বুকের বামপাশে একটি গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা সড়কে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তুষারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানার ওসি লোকমান হোসেন জানান, তুষার শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’ এর সক্রিয় সদস্য ছিলেন। তিনি গত জুন মাসে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বেরিয়ে এলেও তিনি এলাকায় থাকতেন না। ধারণা করা হচ্ছে, অন্য সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র ক্যাডারদের হাতে তিনি নিহত হয়েছেন। পুলিশ কয়েকজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।
সেখান থেকে তিনি হেঁটে নলিয়ান কোস্ট গার্ডের পন্টুনে যান। সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
এ সময় নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন তিনি। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ আগামী কয়েক বছরে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমানোর তাগিদ দিয়েছে, যা বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখতে অপরিহার্য। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নিঃসরণ ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ কমাতে হবে। যদি এ লক্ষ্য পূরণ না হয়, তবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা তীব্র তাপপ্রবাহসহ নানা জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি বাড়াবে।
ইউএনইপির এক প্রতিবেদনে এ সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জন এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে যদি এ লক্ষ্য ছাড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত উষ্ণতার মাত্রা ও স্থায়িত্ব কমানোর সুযোগ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির বাস্তবায়নে বড় ব্যবধান বিদ্যমান। ফলে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার লক্ষ্য অর্জন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।
ইউএনইপির হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ কমানো গেলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সম্ভব। তবে তাও পৃথিবী আরও উষ্ণ হবে এবং চরম আবহাওয়ার ঘটনা যেমন তীব্র তাপপ্রবাহ ঘন ঘন ঘটতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ আগের বছরের কাছাকাছি ছিল। তবে এক বছরের তথ্যের ভিত্তিতে নিঃসরণ বৃদ্ধি বন্ধ হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ভূরাজনৈতিক অস্থিরতা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে নিঃসরণ আবারও বাড়তে পারে।
ইউএনইপির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসন বলেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করায় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। তবে লক্ষ্যটি পুরোপুরি ছেড়ে না দিয়ে অতিরিক্ত উষ্ণতার মাত্রা ও সময়কাল কমানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, দেশগুলো তাদের হালনাগাদ জলবায়ু প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলেও শতাব্দীর শেষ দিকে বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২.৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বর্তমানে কার্যকর নীতিগুলো অপরিবর্তিত থাকলে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
জলবায়ু গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেছেন, সব দেশেরই নিঃসরণ কমানোর দায়িত্ব রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মতো বড় জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর বিশেষ ভূমিকা রয়েছে।
অন্যদিকে, পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো বলেন, সৌর ও বায়ুশক্তির ব্যবহার দ্রুত বাড়লেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সরকারগুলো যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছে না।
ইউএনইপির মতে, মিথেন নিঃসরণ কমানোও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে ভবিষ্যতের জলবায়ু বিপর্যয়ের মাত্রা সীমিত রাখার সুযোগ এখনো রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলার হেলিকপ্টারে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
হেলিকপ্টারে নলিয়ানে পৌঁছানোর পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান হিরণ পয়েন্ট এবং সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, নলিয়ান থেকে তিনি সড়কপথে লঞ্চঘাটে যাবেন এবং সেখান থেকে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা দেবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করবেন তিনি।
বিকেলে প্রধানমন্ত্রীর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এরপর তিনি ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং ৫টায় ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে, যা এই অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্রকে এক সফরে যুক্ত করছে। নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফর এই অঞ্চলে বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচনের আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা।
এদিকে, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী ফের খুলনায় আসার পরিকল্পনা করেছেন। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। সফরের পরিকল্পনা অনুযায়ী, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
সফরের পরিকল্পনা অনুযায়ী, মোংলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বানৌজা মোংলার ওয়ার্ডরুমে যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে সভাকক্ষে আয়োজিত সভায় অংশগ্রহণ করবেন তিনি। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বন্দরের কার্যক্রম এবং উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর। বন্দর সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং শিল্পায়নের সম্ভাবনা পর্যালোচনায় এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে নতুন উদ্যোগ সামনে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ