বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১১ পি.এম
একটি এআই গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট কানাডা সরকারের একটি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। তবে, ওই প্রচেষ্টা সফল হয়নি। কানাডা সরকারও এ বিষয়ে নিশ্চিত করেছে যে, তাদের কোনো সিস্টেমে ক্ষতি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস বুধবার জানায়, তাদের এআই এজেন্টরা ওয়েবসাইটটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এই ঘটনাকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।
ট্রান্সলুস আরও জানায়, এআই এজেন্টদের ব্যবহৃত কৌশল একই সময়ে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত কিছু এজেন্টের কার্যক্রমের সাথে মিল রয়েছে। তবে, ট্রান্সলুস বলেছে, এসব প্রচেষ্টা ওপেনএআইয়েরই ছিল, এমনটি নিশ্চিতভাবে বলার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে নেই।
ট্রান্সলুস জানিয়েছে, তাদের এআই এজেন্ট ২৮ মে ও ৯ জুন কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, সোমবার তারা কানাডা সরকারকে এ বিষয়ে অবহিত করেছে।
কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি মঙ্গলবার জানায়, তারা এআই এজেন্টের সন্দেহজনক কার্যক্রমের খবর সম্পর্কে অবগত। তবে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এখন পর্যন্ত সরকারি কোনো সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’
ট্রান্সলুস আরও জানায়, তারা নিশ্চিতভাবে বলতে পারছে না যে এসব চেষ্টা ওপেনএআই করেছে। তবে ওই এআই এজেন্টের ব্যবহৃত কৌশল একই সময়ে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত বলে তারা যে কার্যক্রম শনাক্ত করেছিল, তার সাথে মিল রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এ কারণে ওপেনএআইয়ের সম্পৃক্ততার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। তবে বিষয়টি নিশ্চিত করার মতো প্রমাণও তাদের হাতে নেই।
ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে তাদের এআই মডেলের কার্যক্রমের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, তারা পাওয়া তথ্য পর্যালোচনা করছে এবং কানাডার কর্মকর্তাদের এ বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছে।
এদিকে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের সাথে তাল মেলাতে বিশ্বজুড়ে সরকারগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশ্বের কয়েকটি বড় এআই প্রতিষ্ঠানও এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং এআই নিয়ন্ত্রণে সরকারগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছে।
ট্রান্সলুস জানায়, পর্তুগালের বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যের অনলাইন সেবা ‘আর্কাইভ ডট পিটি’র তথ্য বিশ্লেষণ করে তারা লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন সার্চ’ সেবায় ২৮ মে ও ৯ জুন মোট ৮৯৯টি অনুরোধ শনাক্ত করেছে।
ট্রান্সলুসের দাবি, এসব অনুরোধের মধ্যে কয়েকটি প্রাথমিক হ্যাকিংয়ের চেষ্টাও ছিল। তবে, বেশিরভাগ চেষ্টা সফল হয়নি বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এদিকে, বিশ্বজুড়ে এআই এজেন্টের মাধ্যমে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ বেড়েছে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, জুন মাসে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট দেশটির একটি সরকারি স্বাস্থ্য তথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে।
এ ঘটনায় ওই এজেন্ট কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল বলে জানানো হয়। এটিকে সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম জানা ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশের ঘটনায় ওপেনএআই মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের টেনেসির একটি মৃত্যুদণ্ড কার্যকরের সময় একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইককে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যু ঘটেনি।
পাইককে পরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। টেনেসির গভর্নর বিল লি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে এই অস্বাভাবিক পরিস্থিতির কারণ অনুসন্ধান করা যায়। স্থানীয় সময় বুধবার রাত ৮টায় ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়।
পাইকের আইনজীবী জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পাইককে রাসায়নিক পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়া হয়। এই সময় প্রত্যক্ষদর্শীদের জন্য নির্ধারিত কক্ষের পর্দা দুইবার বন্ধ করা হয় এবং গণমাধ্যমকর্মীদেরও সেখান থেকে চলে যেতে বলা হয়।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সময় পাইকের আইনজীবীরা জরুরি ভিত্তিতে কার্যক্রম বন্ধের আবেদন করেন। তারা জানান, পাইক অচেতন হয়ে পড়েছেন, তবে তার হৃদস্পন্দন রয়েছে এবং তিনি নাক ডাকছেন।
পাইকের একজন আইনজীবী বিবিসিকে জানান, ৫০ বছর বয়সী পাইককে হাসপাতালে জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে ১৯৯৬ সালে পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন তার বয়স ছিল ১৮ বছর। তৎকালীন প্রেমিক ট্যাডারিল শিপের সঙ্গে মিলে তিনি স্লেমারকে মারধর, নির্যাতন ও হত্যা করেন। স্লেমারের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল সমস্যাগ্রস্ত কিশোর-কিশোরীদের জন্য একটি কর্মপ্রশিক্ষণ শিবিরে।
পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের আগে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চলছিল। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়।
এপি জানায়, টেনেসির মৃত্যুদণ্ড কার্যকরের প্রটোকল অনুযায়ী, প্রথম দফার ওষুধ দেওয়ার পর বন্দি মারা না গেলে দ্বিতীয় দফায় দেওয়ার জন্য অতিরিক্ত ওষুধের সিরিঞ্জ প্রস্তুত রাখা হয়। তবে দ্বিতীয় দফা দেওয়ার পরও যদি বন্দি জীবিত থাকে, সে বিষয়ে প্রটোকলে কিছু বলা হয়নি।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে টেনেসির গভর্নর বিল লি বলেন, ঠিক কী ঘটেছিল তা নির্ধারণ করতে তিনি একটি সমন্বিত, তৃতীয় পক্ষের পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এ বছর নির্ধারিত সর্বশেষ মৃত্যুদণ্ড আর কার্যকর করা হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষক কৃষক কার্ড গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভিডিও কলে প্রধানমন্ত্রী গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে আলোচনা করেন। এ সময় মিলন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ।"
কালীগঞ্জের নাগরীর কালব রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং কৃষি বিভাগের কর্মকর্তাগণ।
বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "কালীগঞ্জের কৃষকরা গর্বিত মানুষ। কারণ তারা জেলার মধ্যে প্রথম কৃষক কার্ড পেলেন। সরকার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। দেশের ৮০ ভাগ মানুষ কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ওই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষক নানা সুবিধা পাবেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। বর্তমানে আফ্রিকার জাতীয় ফুটবল দলগুলো প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক উইন্ডোর বাকি অংশটিকে বাড়তি অনুশীলনের জন্য কাজে লাগানোর পরিকল্পনা করছে দেশগুলো। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বেনিন এবং বুরকিনা ফাসো ফুটবল দল আর্জেন্টিনার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে।
আগামী শনিবার বুরকিনা ফাসো ফুটবল দল বর্তমান বিশ্বকাপ রানার্স-আপ আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলবে। অন্যদিকে, আগামী মঙ্গলবার বেনিনের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন মহাতারকা লিওনেল মেসি।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে বিদায় জানাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শক উপস্থিত থাকার আশা করা হচ্ছে।
আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাওয়ার আগে বেনিনের কোচ গেরনট রোর বলেছেন, "মেসিকে নিয়ে আমরা একটু উৎসব করব। কিন্তু আমরা কিছুটা আনন্দ নষ্ট করারও চেষ্টা করব, কারণ সেটাও আমাদের আনন্দ দেয়। আমরা সেখানে তাদের রুখে দিতেও চাই।"
কেনিয়া, তানজানিয়া ও উগান্ডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের ফলাফল ভালো হয়নি। প্রথম ম্যাচে বুরকিনা ফাসোর সঙ্গে ড্র এবং মৌরিতানিয়াকে হারিয়েছে গেরনট রোরের শিষ্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এই ঘটনা ঘটার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৪৮ সদস্যের একটি দল সেখানে ভ্রমণ করতে গিয়েছিল। এই দলের মধ্যে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা যখন সমুদ্রে সাঁতার কাটতে নামে, তখন তাদের মধ্যে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে পারেনি। তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
নিহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর এবং কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধারকৃত মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এছাড়া, এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ