০৭:১২ পি.এম
ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন, তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এবং বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখার জন্য সুস্থ সংস্কৃতিচর্চা একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। এই লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার পাশাপাশি নানা উদ্যোগ গ্রহণ করেছে।
আজ মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন
মন্ত্রী বলেন, গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, নৌকাবাইচসহ দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতি মন্ত্রণালয় এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করার জন্য কাজ করে যাচ্ছে।
তিনি নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষক নয়, বরং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ একটি অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সময়োপযোগী ও জনসম্পৃক্ত আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৫) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল।
এর আগে সংস্কৃতি মন্ত্রী ভাষা শহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন