ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সিলেটের রেলযোগাযোগ ৩ ঘণ্টা পর স্বাভাবিক, যাত্রীরা ভোগান্তিতে


সিলেটের রেলযোগাযোগ ৩ ঘণ্টা পর স্বাভাবিক, যাত্রীরা ভোগান্তিতে

প্রায় ৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়ে উঠেছে। আজ বিকেল সাড়ে ৫টার কিছু পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যাওয়ার কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানালেন, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে। কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে নেওয়া হয়। এরপর সংযোগ হুক মেরামতের কাজ শুরু হয়।

শিপলু আরও জানান, প্রায় তিন ঘণ্টা কাজ করার পর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে হুক লাগানো সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের দিকে যাত্রা করে। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ার কারণে ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় জানান, লাউয়াছড়ায় ট্রেন আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

আরও পড়ুন: পিসিটির পর সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি কোম্পানি

এই ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হন। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, পালিয়ে যাওয়া সংগঠনের (আওয়ামী লীগ) সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই।

তিনি আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেন, "২০২৪-এর ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব।"

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী বলেন, "বিরোধী দলে যারা আছেন, তাদেরকে চিন্তা করতে হবে, যে বিএনপি সরকারি দল, ৬ মাসে সব কাজ করা সম্ভব না। তাহলে বিরোধী দল এখন কথায় কথায় মিছিল করবে, মিটিং করবে, লং মার্চ ও রোডমার্চ করবে, এটা কি মানানসই?"

তিনি আরো বলেন, "নির্বাচনের আগে উনারা বলেছেন, উনারা আল্লাহর দল। উনারা আপনাদেরকে জান্নাত দিতে পারবে। তারা এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে, আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে কোনো দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ঈমান এবং আকিদার ব্যাপার।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক: মন্ত্রী ড. আবদুল মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক: মন্ত্রী ড. আবদুল মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন, "সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক।" তিনি দেশের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, "জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহি নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার রয়েছে সরকারের।" তিনি উল্লেখ করেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত রয়েছে। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার জন্য আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, "দেশের মানুষের কল্যাণ এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সবার লক্ষ্য হওয়া উচিত।" সীমিত সম্পদের মধ্যেও কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্পনির্ভর না করে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনের ভিত্তিতে পরিচালনা করতে হবে।"

তিনি বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্যকে সম্পদে পরিণত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী আরো বলেন, "জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা দরকার।" তিনি উল্লেখ করেন, বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর কথাও বলেন।

আলোচনাসভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপুল ভোটে বিজয়ী কারাবন্দি আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মুহুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বিপুল ভোটে বিজয়ী কারাবন্দি আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মুহুরি

কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক বা মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মুহুরি ৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনের দুই দিন পূর্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের পর রাতে ফলাফল ঘোষণা করে সমিতির নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

কুড়িগ্রাম সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণ থেকে আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৪ সদস্যের প্যানেলের মধ্যে আব্দুল বাতেন সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজন বিজয়ী হয়েছেন। সভাপতি পদে আব্দুল বাতেন ২০৯ ভোট পেয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ ১৪০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আব্দুল বাতেন সমর্থিত প্যানেলের আতিয়ার রহমান ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান ১০১ ভোট পেয়েছেন।

সমিতিতে মোট ভোটার ৩৬২ জন, এর মধ্যে ৩৫৮ জন ভোট দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম মন্তব্য করেন, ‘নির্বাচনের আগে একজন প্রার্থীকে গ্রেপ্তার করায় নির্বাচন কমিশনার হিসেবে আমি মর্মাহত হয়েছি। আব্দুল বাতেনকে কেন গ্রেপ্তার করা হয়েছে, আমি জানি না। তবে তাকে গ্রেপ্তার করার কারণে সে অনেক সহানুভূতির ভোট পেয়েছে এবং তার প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজয়ী হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ডিবি আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি দেওয়ার এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো।

পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার রেজাউল করিম রেজা গণমাধ্যমকে বলেন, “অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ব্যাপারে গোয়েন্দা পুলিশের কাছে আমরা সহায়তা চেয়েছিলাম। তারা গ্রেপ্তার করে আমাদের কাছে দিয়েছে।”

সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে আজ দুপুরে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব আজ দুপুরে মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।

এদিকে, আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%