শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৫ পি.এম
নরসিংদীর মেঘনাবেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেটাযুদ্ধের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চরদিগলদী ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচরে শহীদ মেম্বার এবং চাঁন মিয়া গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরে অভিযান চালিয়ে চরাঞ্চল থেকে ৪ জনকে আটক করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিতরামপুর ও টিডিরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁন মিয়া ও শহীদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। গত দুই মাসে এই দুই গ্রুপের মধ্যে চার-পাঁচ দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকেরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনার পর আহত ব্যক্তিদের স্বজনেরা উদ্ধার করে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
চাঁন মিয়া বলেন, ‘আমাদের ওপর টেঁটা ও ককটেল নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শহীদ মেম্বার তাঁর দোসরদের সঙ্গে আঁতাত করে বারবার আমাদের ওপর হামলা চালিয়ে এলাকার শান্তি নষ্ট করছেন। আমরা এলাকায় শান্তি চাই, কোনো সংঘর্ষ চাই না।’
অন্যদিকে, শহীদ মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভোররাতে চাঁন মিয়ার লোকজন আমাদের ওপর প্রথমে হামলা চালায়। আমরা যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, তখন এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ আমাদের পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং জেলার বিভিন্ন হাসপাতালে আরও ৩-৪ জন চিকিৎসা নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
—এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ এবং যুক্তরাজ্য সংসদীয় কূটনীতির মাধ্যমে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এই প্রক্রিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠকে এই অঙ্গীকার প্রকাশ পায়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য হিসেবে এই দুই ব্রিটিশ সংসদ সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উভয় পক্ষ সংসদীয় সম্পৃক্ততা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করে।
শামা ওবায়েদ সরকারের প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন, যা সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করে। তিনি সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।
ব্রিটিশ সংসদ সদস্যরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান। তারা বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ এ সংকটের সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সমর্থনের গুরুত্বের ওপর জোর দেয়।
তারা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে রেলযোগে পঞ্চগড় স্টেশনে পৌঁছান। পরবর্তীতে তিনি স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক উল্লেখ করেন, “১৮টি কোচ আনা হয়েছে। পঞ্চগড় থেকে আমরা আপাতত একটা নতুন ট্রেন চালু করব। এরপরে আমাদের টোটাল ২০০টি কোচ আসবে। সেগুলো দিয়ে আমরা কিছু নতুন ট্রেন ও কিছু রিপ্লেসমেন্টের পরিকল্পনা করেছি। পর্যায়ক্রমে কোচগুলো আসতে থাকবে এবং পর্যায়ক্রমে আমরা এগুলো চালু করব।”
তিনি আরও বলেন, “পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইনের কাজ আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের সব লাইন ব্রডগেজে কনভার্ট হয় নাই। ব্রডগেজ কনভার্ট হওয়ার পরেই আমরা চিন্তা করব যে, পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইনের যৌক্তিকতা আছে কিনা। সেখানে দেখতে হবে যে এইরকম প্যাসেঞ্জার পাওয়া যাবে কিনা, সেটাও দেখার বিষয় আছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা রেললাইন সম্প্রসারণের ব্যাপারে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল; কিন্তু যেহেতু বাংলাবান্ধার পরে ইন্ডিয়ার সাথে কোনো কানেক্টিভিটি নাই, সেজন্য এটা দিয়ে যে খুব বেনিফিট পাওয়া যাবে— এমন মনে হয় নাই। সেটা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ চাহিদা হয়তো পূরণ করবে, কিন্তু যে উদ্দেশ্য ছিল— রিজিওনাল কানেক্টিভিটি, সেটা কিন্তু হবে না যদি বর্ডারের ওইপাশে কোনো রেললাইন এখানে এসে সংযুক্ত না হয়। তাহলে সরাসরি কিন্তু সংযুক্ত হবে না। সেজন্য ওই দিকটা বিবেচনা করে দুই দেশ যদি এগ্রি করে, তখনই সম্ভব। আদারওয়াইজ খুব একটা এখানে বেনিফিট হবে না, তাই আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। কখনো যদি দুই দেশ একমত হয়, তখন এটা করা হবে।”
মহাপরিচালক আরও যোগ করেন, “আমরা দেখতে আসছি যে এখানে লোডিং-আনলোডিং যে ফ্যাসিলিটি আছে, সেটা ঠিক আছে কিনা এবং কী কী চাহিদা আছে। যদি চাহিদা বেশি থাকে, তাহলে আমরা রেললাইন এক্সটেনশন করব। চাহিদা থাকলে ও জায়গা থাকলে আমরা একটু বড় করে দিতে পারি, যাতে আরও বেশি কোচ ঢোকানো যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনপন্থি সুইডিশ শিক্ষাবিদকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ব্রিটিশ সরকারের মতে, তার উপস্থিতি ‘জনস্বার্থের অনুকূল বলে বিবেচিত নয়’ বলে জানানো হয়েছে।
আলজাজিরা একটি ই-মেইল পেয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে, বুধবার যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুইডিশ নাগরিক আন্দ্রেয়াস মালমের ‘ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন’ (ইটিএ) বাতিল করেছে।
মালমের লন্ডনে ব্রিটিশ সমাজতান্ত্রিক সাময়িকী ট্রিবিউন আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। ওই আলোচনায় প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরিও উপস্থিত থাকার কথা ছিল।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জলবায়ু কর্মী ও লেখক আন্দ্রেয়াস মালম আল জাজিরাকে জানিয়েছেন, প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কারণে তার ইটিএ বাতিল করা হয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, কয়েক দশক ধরে নিয়মিত যুক্তরাজ্যে যাতায়াত করলেও এবার পূর্বাভাস ছাড়া তার অনুমতি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের কাছে ব্যাখ্যা চাইলেও তিনি এখনো কোনো জবাব পাননি।
বাতিলের ইমেইলে তাকে নতুন করে ভিসার আবেদন করতে বলা হয়েছে। তবে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সাধারণ ভিজিটর ভিসা পেতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। ফলে নির্ধারিত আলোচনায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না।
যুক্তরাজ্য সরকারের এ সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন মালমের সমর্থকেরা। লেখিকা স্যালি রুনি তাকে একজন প্রভাবশালী বুদ্ধিজীবী হিসেবে উল্লেখ করে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
এটি উল্লেখযোগ্য যে, গত বছর যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর সংগঠনটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর অভিযোগে তিন হাজার ৮৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মালমের মতে, এটি যুক্তরাজ্যে কর্তৃত্ববাদী প্রবণতার বিস্তারের একটি অংশ। তার ভাষায়, কোনো অপরাধ না করেও কেবল একটি আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনার কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ‘সম্পর্কের দায়ে অপরাধী সাব্যস্ত করার’ শামিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগকে সম্পূর্ণ অবান্তর ও রাজনৈতিক অসততা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, যে দল জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং দীর্ঘ সময় কার্যালয় পর্যন্ত বন্ধ রেখেছে, তাদের সঙ্গে জামায়াত নয়, বরং গত ১৫ বছর আওয়ামী লীগের সঙ্গেই আঁতাত ও সমঝোতা করে রাজনীতি করেছে বিএনপি।
শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ খণ্ডন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ পাঁচজন নেতাকে ফাঁসি দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছিল। অন্যদিকে বিএনপির অফিস তো কখনো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। তারা পুলিশের অনুমতি নিয়ে মিটিং-মিছিল করেছে, আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় দল পরিচালনা করেছে এবং শেষ পর্যন্ত এক সমঝোতার মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় এসেছে। এমন বাস্তবতায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি বিশ্বাস করবে যে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে?’
তিনি আরো অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোট এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মতো মৌলিক দাবিগুলো থেকে দেশবাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতেই জামায়াতের বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলছে বিএনপি।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন যে, ভারতে বসে আওয়ামী লীগের অর্থায়ন নেওয়া একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াতের ভূমিকার সমালোচনা করেন। সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার পরই জামায়াত এই কড়া জবাব দিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ