ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোরদারের অঙ্গীকার


বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ এবং যুক্তরাজ্য সংসদীয় কূটনীতির মাধ্যমে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই প্রক্রিয়ায় বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠকে এই অঙ্গীকার প্রকাশ পায়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে আরএসও-আরসা দ্বন্দ্বে যুবক মো. আয়াস খুন, আহত এক

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য হিসেবে এই দুই ব্রিটিশ সংসদ সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে উভয় পক্ষ সংসদীয় সম্পৃক্ততা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করে।

শামা ওবায়েদ সরকারের প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন, যা সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করে। তিনি সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।

ব্রিটিশ সংসদ সদস্যরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান। তারা বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে আটজন পাচারকারী আটক, উদ্ধার হলো বিপুল পরিমাণ সিমেন্ট

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ এ সংকটের সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সমর্থনের গুরুত্বের ওপর জোর দেয়।

তারা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসির দাবি, বিএনপির অফিস বন্ধ হয়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন মহাপরিচালক মো. আফজাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন মহাপরিচালক মো. আফজাল হোসেন

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে রেলযোগে পঞ্চগড় স্টেশনে পৌঁছান। পরবর্তীতে তিনি স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক উল্লেখ করেন, “১৮টি কোচ আনা হয়েছে। পঞ্চগড় থেকে আমরা আপাতত একটা নতুন ট্রেন চালু করব। এরপরে আমাদের টোটাল ২০০টি কোচ আসবে। সেগুলো দিয়ে আমরা কিছু নতুন ট্রেন ও কিছু রিপ্লেসমেন্টের পরিকল্পনা করেছি। পর্যায়ক্রমে কোচগুলো আসতে থাকবে এবং পর্যায়ক্রমে আমরা এগুলো চালু করব।”

তিনি আরও বলেন, “পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইনের কাজ আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের সব লাইন ব্রডগেজে কনভার্ট হয় নাই। ব্রডগেজ কনভার্ট হওয়ার পরেই আমরা চিন্তা করব যে, পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইনের যৌক্তিকতা আছে কিনা। সেখানে দেখতে হবে যে এইরকম প্যাসেঞ্জার পাওয়া যাবে কিনা, সেটাও দেখার বিষয় আছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা রেললাইন সম্প্রসারণের ব্যাপারে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল; কিন্তু যেহেতু বাংলাবান্ধার পরে ইন্ডিয়ার সাথে কোনো কানেক্টিভিটি নাই, সেজন্য এটা দিয়ে যে খুব বেনিফিট পাওয়া যাবে— এমন মনে হয় নাই। সেটা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ চাহিদা হয়তো পূরণ করবে, কিন্তু যে উদ্দেশ্য ছিল— রিজিওনাল কানেক্টিভিটি, সেটা কিন্তু হবে না যদি বর্ডারের ওইপাশে কোনো রেললাইন এখানে এসে সংযুক্ত না হয়। তাহলে সরাসরি কিন্তু সংযুক্ত হবে না। সেজন্য ওই দিকটা বিবেচনা করে দুই দেশ যদি এগ্রি করে, তখনই সম্ভব। আদারওয়াইজ খুব একটা এখানে বেনিফিট হবে না, তাই আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। কখনো যদি দুই দেশ একমত হয়, তখন এটা করা হবে।”

মহাপরিচালক আরও যোগ করেন, “আমরা দেখতে আসছি যে এখানে লোডিং-আনলোডিং যে ফ্যাসিলিটি আছে, সেটা ঠিক আছে কিনা এবং কী কী চাহিদা আছে। যদি চাহিদা বেশি থাকে, তাহলে আমরা রেললাইন এক্সটেনশন করব। চাহিদা থাকলে ও জায়গা থাকলে আমরা একটু বড় করে দিতে পারি, যাতে আরও বেশি কোচ ঢোকানো যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য ফিলিস্তিনপন্থি সুইডিশ শিক্ষাবিদ আন্দ্রেয়াস মালমের ভিসা বাতিল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


যুক্তরাজ্য ফিলিস্তিনপন্থি সুইডিশ শিক্ষাবিদ আন্দ্রেয়াস মালমের ভিসা বাতিল করেছে

ফিলিস্তিনপন্থি সুইডিশ শিক্ষাবিদকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ব্রিটিশ সরকারের মতে, তার উপস্থিতি ‘জনস্বার্থের অনুকূল বলে বিবেচিত নয়’ বলে জানানো হয়েছে।

আলজাজিরা একটি ই-মেইল পেয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে, বুধবার যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুইডিশ নাগরিক আন্দ্রেয়াস মালমের ‘ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন’ (ইটিএ) বাতিল করেছে।

মালমের লন্ডনে ব্রিটিশ সমাজতান্ত্রিক সাময়িকী ট্রিবিউন আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। ওই আলোচনায় প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরিও উপস্থিত থাকার কথা ছিল।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জলবায়ু কর্মী ও লেখক আন্দ্রেয়াস মালম আল জাজিরাকে জানিয়েছেন, প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কারণে তার ইটিএ বাতিল করা হয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, কয়েক দশক ধরে নিয়মিত যুক্তরাজ্যে যাতায়াত করলেও এবার পূর্বাভাস ছাড়া তার অনুমতি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের কাছে ব্যাখ্যা চাইলেও তিনি এখনো কোনো জবাব পাননি।

বাতিলের ইমেইলে তাকে নতুন করে ভিসার আবেদন করতে বলা হয়েছে। তবে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সাধারণ ভিজিটর ভিসা পেতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। ফলে নির্ধারিত আলোচনায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না।

যুক্তরাজ্য সরকারের এ সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন মালমের সমর্থকেরা। লেখিকা স্যালি রুনি তাকে একজন প্রভাবশালী বুদ্ধিজীবী হিসেবে উল্লেখ করে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এটি উল্লেখযোগ্য যে, গত বছর যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর সংগঠনটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর অভিযোগে তিন হাজার ৮৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মালমের মতে, এটি যুক্তরাজ্যে কর্তৃত্ববাদী প্রবণতার বিস্তারের একটি অংশ। তার ভাষায়, কোনো অপরাধ না করেও কেবল একটি আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনার কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ‘সম্পর্কের দায়ে অপরাধী সাব্যস্ত করার’ শামিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসির দাবি, বিএনপির অফিস বন্ধ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসির দাবি, বিএনপির অফিস বন্ধ হয়নি

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগকে সম্পূর্ণ অবান্তর ও রাজনৈতিক অসততা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, যে দল জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং দীর্ঘ সময় কার্যালয় পর্যন্ত বন্ধ রেখেছে, তাদের সঙ্গে জামায়াত নয়, বরং গত ১৫ বছর আওয়ামী লীগের সঙ্গেই আঁতাত ও সমঝোতা করে রাজনীতি করেছে বিএনপি।

শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ খণ্ডন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ পাঁচজন নেতাকে ফাঁসি দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছিল। অন্যদিকে বিএনপির অফিস তো কখনো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। তারা পুলিশের অনুমতি নিয়ে মিটিং-মিছিল করেছে, আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় দল পরিচালনা করেছে এবং শেষ পর্যন্ত এক সমঝোতার মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় এসেছে। এমন বাস্তবতায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি বিশ্বাস করবে যে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে?’

তিনি আরো অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোট এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মতো মৌলিক দাবিগুলো থেকে দেশবাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতেই জামায়াতের বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলছে বিএনপি।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন যে, ভারতে বসে আওয়ামী লীগের অর্থায়ন নেওয়া একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াতের ভূমিকার সমালোচনা করেন। সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার পরই জামায়াত এই কড়া জবাব দিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইম হাসান ৫০ উইকেটের ক্লাবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেন ৪ উইকেট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


নাইম হাসান ৫০ উইকেটের ক্লাবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেন ৪ উইকেট

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : স্পিনার নাইম হাসান বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ দশমিক ৫ ওভার বল করে ৩৩ রানে ৪ উইকেট দখল করেন নাইম। তিনি টেস্ট ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ডেলিভারিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে নাইম। এই কৃতিত্বের মাধ্যমে তিনি ভেঙে দেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের পূর্ববর্তী রেকর্ড।

নাইমের ৫০ উইকেট শিকার করতে প্রয়োজন হয়েছে ২ হাজার ৮৫৬টি বল ডেলিভারি। এতদিন মিরাজ ১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল ডেলিভারিতে ৫০ উইকেট নিয়ে রেকর্ডের মালিক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%