০৫:০৪ পি.এম
প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, বলাকা লাউঞ্জ ব্যবহারে ছাড়, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধার ব্যবস্থা থাকবে প্রবাসী কার্ডের মাধ্যমে। এ ছাড়া, সরকার তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে, বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, প্রবাসী কার্ড বিতরণ উপলক্ষে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কিত এক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
আফরোজা খানম বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যেন তারা হয়রানিমুক্ত বিমান সেবা পান। ইতিমধ্যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।
এখন প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, প্রবাসী কার্ডধারীদের বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
সভার শুরুতে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে, প্রবাসী কার্ড বাস্তবায়নে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, উভয় মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রবাসী কার্ডধারীরা এসব সুবিধা পেতে তাদের কার্ড উপস্থাপন করলেই, বিমানবন্দরের সংশ্লিষ্ট কাউন্টার থেকে সহায়তা পাবেন। মন্ত্রণালয়, দ্রুত সময়ের মধ্যে এসব সুবিধা কার্যকর করার উদ্যোগ নিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন