১০:৫৯ পি.এম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে একটি ঘোষণা দিয়েছেন। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাহসী পদক্ষেপের জন্য মন্ত্রী প্রশংসা করে বলেছেন, তিনি (ডিসি) আমাদের চোখ খুলে দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে আমরা সেদিকেই কাজ করব। সরকার মাজারের আর্থিক জবাবদিহি নিশ্চির করতে কোনো ধরনের ছাড় দেবে না বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে চারদিনের সফরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের কাছে মাজারের অর্থ ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত ব্যক্ত করেন তিনি।
প্রথমবারের মতো মাজারের ইতিহাসে প্রকাশ্যে টাকা গণনার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের স্বচ্ছতা নিশ্চিতকরণের পদক্ষেপে আমাদের সহযোগিতা প্রয়োজন। সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং সকলের নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
নিজের সাম্প্রতিক বিদেশ সফর সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে থাকা অবস্থায় সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সবকিছু নিয়ে একমত। মাজার নিয়ে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, গত রোববার জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রী এই বদলিকে মাজার ইস্যুর সঙ্গে মেলাতে নারাজ। তিনি বলেন, বদলির বিষয়টি একটি রুটিন ওয়ার্ক। এটি সম্পূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয় এবং এ ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই বদলি স্বাভাবিক নিয়মেই ঘটতে পারে।
মাজারের পাশাপাশি সম্প্রতি কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একইসঙ্গে শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সকল ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল জুলাইয়ের মধ্যে দৃশ্যমান হবে এবং ওই সময়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
মালয়েশিয়া সফর সম্পর্কে মন্ত্রী বলেন, সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে জনগণ দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।
ওসমানী বিমানবন্দরের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, প্রবাসীদের সেবার মান উন্নয়নের জন্য বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীদের যাতে বিমানবন্দরে কোনো সমস্যা বা হয়রানির সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীদের সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন