১০:২২ পি.এম
তৃতীয় পক্ষের ইন্ধন ও অপচেষ্টায় অনেক সময় সামান্য মনোমালিন্য বা জমিজমা সংক্রান্ত বিরোধও বড় আকার ধারণ করে। তবে পারস্পরিক সমঝোতা ও সদিচ্ছা থাকলে যেকোনো জটিল সমস্যারই সমাধান সম্ভব—এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত মিলল গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়নের দক্ষিণ যোগীপাড়া গ্রামের শহিদুল ইসলাম এবং রাজ্জাক ও রতন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও কোন্দল চলে আসছিল। এ বিষয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেন ৩নং সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট)। তাঁর আন্তরিক প্রচেষ্টা, নিরপেক্ষ মধ্যস্থতা ও সঠিক হস্তক্ষেপে অবশেষে দীর্ঘদিনের এই বিরোধের চূড়ান্ত অবসান ঘটে।
আপস-মীমাংসা শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দঘন প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে দুই পরিবারের সদস্যরা একে অপরকে নিজ হাতে খাবার খাইয়ে দেন এবং অতীত ক্ষোভ ও মনোমালিন্য ভুলে যাওয়ার অঙ্গীকার করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (সুইট) বলেন, "সামাজিক শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। দুটি পরিবারের মধ্যকার দীর্ঘদিনের ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাদেরকে আবার এক সুতোয় বাঁধতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
আরও পড়ুন: নাসিরনগরে দুই বছর ধরে নিখোঁজ মাওলানা আজিজুল হক, সন্ধান চায় পরিবার
গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিরোধ নিষ্পত্তিতে যারা নিরলস ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা দোয়া ও শুভকামনা জানান—যেন পরিবার দুটি আগের মতো মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন