ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগে অভিনেতা বিবিন ও অভিনেত্রী অতুল্য গ্রেপ্তার


চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগে অভিনেতা বিবিন ও অভিনেত্রী অতুল্য গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ মালয়ালম চলচ্চিত্রের অভিনেতা বিবিন পেরুমপল্লি এবং অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এক চিকিৎসককে মারধর করা, আটকে রাখা এবং তার কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার। এ ঘটনায় তাদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ওই চিকিৎসক অভিযোগ করেছেন যে, অতুল্য চন্দ্র তাকে ফোন করে জানান, তার এক আত্মীয় অসুস্থ। জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসককে সেখানে যেতে অনুরোধ করেন তিনি। চিকিৎসক পূর্ব পরিচয়ের কারণে তার ডাকে সাড়া দিয়ে সেখানে যেতে রাজি হন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর চিকিৎসক দেখতে পান, সেখানে প্রায় ১২ জন উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে ধরেন। তাঁকে মাদক প্রয়োগ করে অতুল্য চন্দ্র যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। একপর্যায়ে চিকিৎসককে আটকে রেখে মারধর করা হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে বিজয় সেতুপতি

চিকিৎসকের অভিযোগ, বিবিন পেরুমপল্লি প্রথমে তার মুখে আঘাত করেন। পরে অন্যরাও মারধরে যোগ দেন। এই সময় অতুল্য চন্দ্র তাকে গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় চিকিৎসকের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে কোচির কদাভানথ্রা থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক।

এ ঘটনায় পুলিশ মোট ১২ জনকে আসামি করে মামলা করেছে। মামলায় বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভারতের প্রচলিত আইন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। এর মধ্যে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ৮০০ কোটির রেকর্ডের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জেলার ২’

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অ্যাপার্টমেন্টে ডেকে নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না পুলিশ।

উল্লেখ্য, বিবিন পেরুমপল্লি একজন অভিনেতার পাশাপাশি প্রযোজকও। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান। এছাড়া ‘সীতা রামাম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন।

অন্যদিকে, অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’।

আরও পড়ুন: পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের তোরণ নির্মাণে এক ঘণ্টার মধ্যে বিচারকের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ট্রাম্পের তোরণ নির্মাণে এক ঘণ্টার মধ্যে বিচারকের নিষেধাজ্ঞা

চূড়ান্ত অনুমোদনের এক ঘণ্টার মধ্যে ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণের ওপর ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন একজন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত দীর্ঘ গণশুনানির পর নাগরিকদের তীব্র বিরোধিতা সত্ত্বেও, তোরণটির নকশা অনুমোদনের চূড়ান্ত ভোট পাস হয়।

ওয়াশিংটনের স্থাপত্য ও নকশাগত পরিবর্তন তদারককারী দুটি ফেডারেল সংস্থা, 'ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন', বৃহস্পতিবার তার ভার্চুয়াল সভায় ২৫০ ফুট উঁচু এই স্মৃতিস্তম্ভটির নির্মাণের চূড়ান্ত সবুজ সংকেত দেয়। সভায় যুদ্ধাহত প্রবীণ সৈনিকসহ ১২০ জনেরও বেশি নাগরিক এই প্রকল্প বন্ধ করার জন্য আকুল আবেদন জানান। আট ঘণ্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণের পর, রাত ১০:২৯ মিনিটের দিকে কমিশন ৮-৪ ভোটে তোরণটি অনুমোদন করে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির দুইদিনের মধ্যে তড়িঘড়ি করে এ অনুমোদন দেয়া হয়েছিল।

এই অনুমোদন পাসের এক ঘণ্টার মধ্যেই ইউএস ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুটকান রুল জারি করেন যে, মামলার বিবাদী অর্থাৎ ট্রাম্প প্রশাসন তোরণের প্রস্তাবিত এলাকার কাছাকাছি কোনো ধরনের নির্মাণ-সংশ্লিষ্ট কার্যক্রম শুরু, পরিচালনা বা কার্যকর করতে পারবে না। ওবামা প্রশাসনের আমলে নিযুক্ত বিচারক তানিয়া চুটকান এই তোরণ নির্মাণ বন্ধে দায়ের হওয়া একটি হাই-প্রোফাইল মামলা তদারকি করছেন।

এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, চূড়ান্ত ভোটের পরপরই তারা তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ শুরু করে দিতে পারে। তবে বিরোধীরা এই কাঠামোটিকে ট্রাম্পের অহংকার প্রকাশের একটি 'অসার প্রকল্প' হিসেবে নিন্দা করেছেন এবং এর পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছেন, যা কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়নি।

ট্রাম্পের মনোনীত সমর্থকদের দ্বারা পূর্ণ এই কমিশনের অনুমোদনটি ছিল মূলত ওয়াশিংটনের দৃশ্যপটকে নিজের পছন্দমতো পুনর্গঠন করার জন্য প্রেসিডেন্টের প্রচেষ্টার একটি কেন্দ্রীয় প্রকল্পকে জোরপূর্বক পাস করানোর চূড়ান্ত পদক্ষেপ। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই হোয়াইট হাউস এই কাজটি এগিয়ে নিতে মরিয়া ছিল। ট্রাম্প বলেছেন, তার লক্ষ্য হলো আগামী দুই বছরের মধ্যে অফিস ছাড়ার আগেই এই তোরণের কাজ শেষ করা।

তবে এই আগ্রাসী সময়সীমাটি প্রবীণ সৈনিক এবং ঐতিহ্য সংরক্ষণবাদীদের দায়ের করা হাই-প্রোফাইল মামলার মতো আইনি চ্যালেঞ্জের কারণে ক্রমাগত জটিলতার মুখে পড়ছে। বিরোধীদের মতে, এর বিশাল আকার এবং অবস্থান এমন এক সারিতে থাকা জাতীয় ল্যান্ডমার্কগুলোর দৃশ্যমানতা ব্যাহত করবে; যার মধ্যে রয়েছে লিঙ্কন মেমোরিয়াল, আর্লিংটন হাউস এবং রবার্ট ই. লি মেমোরিয়াল। এছাড়া এই সুউচ্চ স্মৃতিস্তম্ভটি আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের শেষকৃত্যের গম্ভীর পরিবেশকে নষ্ট করবে।

তারা যুক্তি দেখান যে এই প্রকল্পটি অবৈধ কারণ এতে কংগ্রেসের অনুমোদন নেই। তারা 'কমিমোরোটিভ ওয়ার্কস অ্যাক্ট'-এর কথা উল্লেখ করেন, যা ওয়াশিংটনে নতুন কোনো স্মৃতিস্তম্ভ তৈরির জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা দেয়।

বৃহস্পতিবার দিনভর প্রকল্প এলাকার কাছাকাছি বিক্ষোভ চলে। বিক্ষোভে অংশ নিয়ে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ডন বেয়ার বলেন, ’একক ব্যক্তির অহংকারের এই স্মৃতিস্তম্ভরূপী বিকৃতি সেখানে সমাহিত প্রতিটি সেনা সদস্যকে অসম্মান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮০০ কোটির রেকর্ডের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জেলার ২’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


৮০০ কোটির রেকর্ডের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জেলার ২’

বক্স অফিসে ৮০০ কোটি রুপি আয় করে তামিল সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পর, ছবিটি এখন ওটিটি মুক্তির জন্য প্রস্তুত। আগামী ১২ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি দেখা যাবে। ফলে, এবার ঘরে বসেই টাইগার মুথুভেল পান্ডিয়ানের অ্যাকশন উপভোগ করতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের দর্শক।

রজনীকান্তের জনপ্রিয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ানকে কেন্দ্র করে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি ছবিটির বড় আকর্ষণ হলো বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের তারকাদের উপস্থিতি। মোহনলাল, হৃত্বিক রোশন, বিজয় সেতুপতি ও শিবরাজকুমারের মতো তারকাদের এক ছবিতে দেখা গেছে। এবার সেই তারকাবহুল অ্যাকশন-থ্রিলার পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের কাছে।

‘জেলার ২’-এর বক্স অফিস সাফল্য ছবিটিকে ওটিটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিভিন্ন বক্স অফিস ট্র্যাকার ও সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, ছবিটির বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। ২ নভেম্বর প্রকাশিত একাধিক প্রতিবেদনে এর আয় ৮০৭ কোটি রুপির বেশি বলে জানানো হয়।

এই সাফল্যের মাধ্যমে রজনীকান্তের ছবিটি তারই অভিনীত ‘২.০’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে ‘২.০’ ছিল সর্বোচ্চ আয় করা তামিল ছবিগুলোর শীর্ষে। নতুন এই সাফল্যের ফলে তামিল সিনেমার বাণিজ্যিক ইতিহাসে রজনীকান্তের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

ছবির গল্পটি আগের কিস্তির ঘটনার পর থেকে শুরু হয়েছে। সাবেক কারা কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ান অবসর নিয়ে পরিবারের সঙ্গে শান্তিতে দিন কাটাতে চান। কিন্তু তাঁর সেই শান্ত জীবন বেশিদিন স্থায়ী হয় না। রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক যোগাযোগ থাকা একটি শক্তিশালী অপরাধী চক্র তার পরিবারকে বিপদের মুখে ফেলে। পরিস্থিতি সামাল দিতে আবারও পুরোনো রূপে ফিরতে হয় মুথুভেলকে। পুরোনো শত্রুরা প্রতিশোধ নিতে ফিরে আসে, নতুন কিছু জোট তৈরি হয়। একদিকে পরিবারের নিরাপত্তা, অন্যদিকে অপরাধী চক্রের মোকাবিলা—সব মিলিয়ে আবারও কঠিন লড়াইয়ে নামতে হয় তাকে।

এবারের কাহিনীতে শুধু অ্যাকশন নয়, মুথুভেলের পারিবারিক সম্পর্ক ও আবেগের দিকটিও গুরুত্ব পেয়েছে। পরিচালক নেলসন দিলীপকুমারের লক্ষ্য ছিল আগের ছবির জনপ্রিয় চরিত্রটিকে আরও বড় পরিসরে ফিরিয়ে আনা। গল্প, অ্যাকশন ও আবেগের মাত্রা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।

‘জেলার ২’-এর অন্যতম আকর্ষণ হলো এর তারকাবহুল অভিনয়শিল্পী দল। কেন্দ্রীয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় রয়েছেন রজনীকান্ত। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে মালয়ালম সিনেমার বর্ষীয়ান অভিনেতা মোহনলাল, বলিউড তারকা হৃত্বিক রোশন, তামিল অভিনেতা বিজয় সেতুপতি ও কন্নড় অভিনেতা শিবরাজকুমারকে।

এ ছাড়া অভিনয় করেছেন এস জে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণন, নমো নারায়ণ ও যোগী বাবু। বিভিন্ন ভাষার চলচ্চিত্রশিল্পের পরিচিত মুখদের একসঙ্গে পাওয়ায় ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। প্রেক্ষাগৃহের সাফল্যের পর ওটিটি মুক্তিতেও এই তারকাদের উপস্থিতি দর্শক টানবে বলে ধারণা করা হচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘জেলার’-এর সাফল্যের পর আবারও রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন কালানিথি মারান, তার প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের ব্যানারে। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রথম ছবির গান ও আবহসংগীত দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। দ্বিতীয় কিস্তিতেও অ্যাকশন দৃশ্যের সঙ্গে সংগীতের সমন্বয় ছবিটির অন্যতম আকর্ষণ।

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার বিশ্বব্যাপী ওটিটি মুক্তির অপেক্ষায় ‘জেলার ২’। ১২ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি দেখা যাবে। ভারতসহ বিশ্বের ২৪০টির বেশি দেশ ও অঞ্চলে এটি মুক্তি পাবে। তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালম ও কন্নড়—পাঁচ ভাষায় উপভোগ করা যাবে ছবিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত মেডিক্যাল সেন্টারের একটি হালনাগাদ তালিকা ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) প্রকাশ করেছে।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস সেকশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত সবগুলো মেডিক্যাল কেন্দ্র ঢাকা অঞ্চলের অধীনে অবস্থিত। প্রতিটি কেন্দ্র স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত এবং বেস্টিনেট এসডিএন বিএইচডি কর্তৃক অডিট সম্পন্ন হয়েছে।

এফডব্লিউসিএমএস জানিয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই স্বাস্থ্য পরীক্ষা ছাড়া ইভিডিআরের আবেদন প্রক্রিয়া শুরু হবে না। তালিকাটি নিয়মিতভাবে হালনাগাদ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের মধ্যে রয়েছে: এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড; ফেমাস স্পেশালাইজড হসপিটাল; গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড; হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার; ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার; জান্নাহ মেডিক্যাল সার্ভিসেস; ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক; লিডিং হেলথ চেক আপ লিমিটেড; পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড; পুষ্প ক্লিনিক; সানলাইট ডায়াগনস্টিক সেন্টার; ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড; মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড; ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস; ডাইনামিক ল্যাব; গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড; ইশতিয়াক মেডিক্যাল সেন্টার; এলবি হেলথকেয়ার; মেডিপ্যাথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; মাইল্যাব মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড।

এছাড়াও তালিকায় রয়েছে: রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিক্যাল চেকআপ সেন্টার, সারা মেডিক্যাল সেন্টার, সুরক্ষা মেডিক্যাল সেন্টার লিমিটেড, স্টার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিক্যাল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিক্যাল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এ এফ মেডিক্যাল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার স্মার্ট মেডিক্যাল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিক্যাল সেন্টার লিমিটেড স্ট্যান্ডার্ড মেডিক্যাল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিক্যাল সেন্টার, পিওর হেলথ মেডিক্যাল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিক্যাল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিক্যাল চেকআপ সেন্টার ও ভিটা হেলথ মেডিক্যাল সেন্টার।

এফডব্লিউসিএমএস কর্তৃপক্ষ মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করার জন্য সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙা ঘরে অসহায় দম্পতিকে ১ মাসের খাবার দিল বসুন্ধরা শুভসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


ভাঙা ঘরে অসহায় দম্পতিকে ১ মাসের খাবার দিল বসুন্ধরা শুভসংঘ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাটারপাড়া গ্রামের ৮৫ বছর বয়সী আত্তাব আলী পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার কারণে তিনি চলাফেরা করতে অক্ষম। তার স্ত্রী সেফালী অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়েই তাদের সংসার চলে। অভাবের সঙ্গে লড়াইয়ের মধ্যে তাদের নিজস্ব মাটির বাড়িটি বৃষ্টির পানিতে ধসে পড়েছে। বর্তমানে তারা অন্যের একটি পরিত্যক্ত মাটির বাড়ির ভাঙা ঘরে আশ্রয় নিয়েছেন।

এমন অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে এক মাসের খাবারের জন্য খাদ্যসামগ্রী এবং চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আত্তাব আলীর বাড়ি উপজেলার আলমপুর ইউনিয়নের খাটারপাড়া গ্রামে অবস্থিত। একসময় তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। বয়সের ভারে নুয়ে পড়ার পর পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। এখন তার দেখাশোনা ও সংসারের পুরো দায়িত্ব স্ত্রীর ওপর পড়েছে। অন্যের বাড়িতে কাজ করে পাওয়া সামান্য আয় দিয়ে দুজনের খাবার জোগাড় করাই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বামীর চিকিৎসার খরচও বহন করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক সময় প্রতিবেশীদের দেওয়া খাবারের ওপর নির্ভর করতে হয়।

সেদিন শুভসংঘের সদস্যরা তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, চিনি, মসলা, মুড়ি, বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি মাছ, ডিম, শাকসবজি, লাউ, কুমড়া ও কলার কাঁদিসহ প্রয়োজনীয় কাঁচাবাজারও দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রী দিয়ে তাদের এক মাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আত্তাব আলীর চিকিৎসার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

সহায়তা পেয়ে আত্তাব আলী ও তার স্ত্রী সেফালী বলেন, ‘আমরা খুব কষ্টে দিন কাটাই। জীবনে একসঙ্গে এত বাজার করার সামর্থ্য হয়নি। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাদের ভালো রাখুন। আমরা তাদের জন্য দোয়া করি।’

বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আত্তাব আলী ও তার স্ত্রীর কষ্টের কথা জেনে সাধ্যমতো সহযোগিতা করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যেন এমন মানুষের পাশে এগিয়ে আসেন, সেটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। শুভসংঘের এমন উদ্যোগ প্রশংসনীয়।’

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘দম্পতি দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছেন। শুভসংঘ তাদের খোঁজ নিয়ে সহযোগিতা করায় আমরা আনন্দিত। এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাধারণ সদস্য রমজান প্রামাণিক, ইউনুস প্রামাণিক, রিয়াদ, সিয়াম, মেজবা, সেজান, জিহাদ, জোব্বার, আলামিন, সোহেল, সুমন, সুজন, রায়হান, নাঈম, রউফ ও মিনহাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%