০৩:১৫ পি.এম
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ছবি তোলা, ভিডিও ধারণ এবং লাইভ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সার্কুলার নম্বর ৬০/২০২৬-এর মাধ্যমে এই নির্দেশনা প্রকাশিত হয়।
নতুন নির্দেশনার আওতায়, বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে, প্রশাসনিক ও কারিগরি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করা যাবে না। নিরাপত্তা তল্লাশিচৌকি, সিসিটিভি ক্যামেরার অবস্থান, অভ্যন্তরীণ নথিপত্র এবং বিমানের চলাচল-সংক্রান্ত সংবেদনশীল তথ্য ধারণ বা প্রকাশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই নির্দেশনা মূলত বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য। সাধারণ যাত্রীদের ছবি তোলা নিষিদ্ধ করার বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন