০২:৩৯ পি.এম
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাটারপাড়া গ্রামের ৮৫ বছর বয়সী আত্তাব আলী পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার কারণে তিনি চলাফেরা করতে অক্ষম। তার স্ত্রী সেফালী অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়েই তাদের সংসার চলে। অভাবের সঙ্গে লড়াইয়ের মধ্যে তাদের নিজস্ব মাটির বাড়িটি বৃষ্টির পানিতে ধসে পড়েছে। বর্তমানে তারা অন্যের একটি পরিত্যক্ত মাটির বাড়ির ভাঙা ঘরে আশ্রয় নিয়েছেন।
এমন অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সংগঠনের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে এক মাসের খাবারের জন্য খাদ্যসামগ্রী এবং চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
আত্তাব আলীর বাড়ি উপজেলার আলমপুর ইউনিয়নের খাটারপাড়া গ্রামে অবস্থিত। একসময় তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। বয়সের ভারে নুয়ে পড়ার পর পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। এখন তার দেখাশোনা ও সংসারের পুরো দায়িত্ব স্ত্রীর ওপর পড়েছে। অন্যের বাড়িতে কাজ করে পাওয়া সামান্য আয় দিয়ে দুজনের খাবার জোগাড় করাই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বামীর চিকিৎসার খরচও বহন করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক সময় প্রতিবেশীদের দেওয়া খাবারের ওপর নির্ভর করতে হয়।
আরও পড়ুন: মোঃ আবু সাহেব সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার স্বত্বাধিকারী, শুভ এন্টারপ্রাইজ ৭নং জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ।
সেদিন শুভসংঘের সদস্যরা তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, চিনি, মসলা, মুড়ি, বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি মাছ, ডিম, শাকসবজি, লাউ, কুমড়া ও কলার কাঁদিসহ প্রয়োজনীয় কাঁচাবাজারও দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রী দিয়ে তাদের এক মাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আত্তাব আলীর চিকিৎসার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।
সহায়তা পেয়ে আত্তাব আলী ও তার স্ত্রী সেফালী বলেন, ‘আমরা খুব কষ্টে দিন কাটাই। জীবনে একসঙ্গে এত বাজার করার সামর্থ্য হয়নি। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাদের ভালো রাখুন। আমরা তাদের জন্য দোয়া করি।’
বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আত্তাব আলী ও তার স্ত্রীর কষ্টের কথা জেনে সাধ্যমতো সহযোগিতা করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যেন এমন মানুষের পাশে এগিয়ে আসেন, সেটাই আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। শুভসংঘের এমন উদ্যোগ প্রশংসনীয়।’
আরও পড়ুন: খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘দম্পতি দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছেন। শুভসংঘ তাদের খোঁজ নিয়ে সহযোগিতা করায় আমরা আনন্দিত। এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাধারণ সদস্য রমজান প্রামাণিক, ইউনুস প্রামাণিক, রিয়াদ, সিয়াম, মেজবা, সেজান, জিহাদ, জোব্বার, আলামিন, সোহেল, সুমন, সুজন, রায়হান, নাঈম, রউফ ও মিনহাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন