বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:১৬ পি.এম
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পুরো পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের লোমহর্ষক রহস্য উদঘাটনে সক্ষম হয়েছে।
তদন্তের ফলস্বরূপ পুলিশ জানতে পেরেছে যে, মাদক সেবনের কারণে নয়; বরং নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে দুই আসামি চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিলেন। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করে তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এই আলোচিত হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, নৃশংস এই হত্যাকাণ্ড চুরির উদ্দেশ্য থেকেই সংঘটিত হয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এই তথ্যের ভিত্তিতে দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
সনাতন চক্রবর্তী আরও জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী।
পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
এদিকে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।
আলোচিত এই হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারাসহ মানবাধিকার সংগঠনগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড MAGGI ও Singer Bangladesh একসঙ্গে ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরো সহজ ও সুস্বাদু করার উদ্দেশ্যে নতুন একটি পথচলা শুরু করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উভয় ব্র্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই নতুন উদ্যোগের ফলে ভোক্তারা Singer-এর আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে MAGGI-এর মজাদার সব রেসিপি সহজে তৈরি করতে পারবেন, যা ঘরের রান্নাকে আরো সহজ, আনন্দদায়ক এবং সুস্বাদু করে তুলবে।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা এবং সিঙ্গার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম, সিঙ্গার বাংলাদেশ এর হেড অফ মার্কেটিং বেদৌরা ফারহাওসহ উভয় কোম্পানির পক্ষ থেকে আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে MAGGI ও Singer Bangladesh-এর মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা আরো দৃঢ় হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তাদের জন্য নতুন, বড় এবং আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার সম্ভাবনা তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মরিসিও পচেত্তিনোর প্রথম সপ্তাহটি দুঃস্বপ্নের মতো কাটছে। দুটি ম্যাচে জয়হীনতা, দুটি লাল কার্ড, ছয় গোল হজম এবং দুটি গোল বাতিল—এই সবকিছু মিলিয়ে তার ইউনাইটেড অধ্যায় শুরু হয়েছে চরম বিশৃঙ্খলার মধ্যে। এ পরিস্থিতিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষও যোগ হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই রেফারিং নিয়ে ক্ষুব্ধ ছিলেন ইউনাইটেড ও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ডিফেন্ডার লেনি ইয়োরোর লাল কার্ড দেখাকে ক্লাবটি অন্যায্য মনে করছে। তাদের বিশ্বাস, ওই সিদ্ধান্তই ৪-০ গোলের বড় হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বুধবার রাতে লিসবনে স্পোর্টিংয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরও ক্লাব কর্মকর্তারা ক্ষোভে ফুঁসছেন। তাদের সমালোচনার তীর এখন ২০২২ বিশ্বকাপ ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়াকের দিকে। ম্যাচের প্রথমার্ধে আমাদ দিয়ালোর হেড জালে প্রবেশের আগেই বাঁশি বাজিয়ে দেন এই পোলিশ রেফারি।
মার্সিনিয়াকের দাবি, আমাদকে বল বাড়ানোর আগে স্পোর্টিংয়ের গঞ্জালো ইনাসিওকে ফাউল করেছিলেন ইউরি টিলেমানস। কিন্তু বল জালে যাওয়ার আগেই বাঁশি বাজানোর কারণে ভিএআর ঘটনাটি যাচাই করার সুযোগই পায়নি।
রেফারির এমন সিদ্ধান্ত মানতে পারেননি ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যাশলে ইয়ং। তিনি মার্সিনিয়াকের পারফরম্যান্সকে সরাসরি "লজ্জাজনক" বলে আখ্যা দিয়েছেন।
টিলেমানস যে হলুদ কার্ডটি দেখেছিলেন, সেটিই ম্যাচের শেষদিকে তার লাল কার্ড দেখার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চারজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির।
এই লাল কার্ডের কারণে আগামী ৮ ডিসেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে আরবি লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বেলজিয়ান মিডফিল্ডার, যা পচেত্তিনোর দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।
ম্যাচে বিতর্কের এখানেই শেষ নয়। কয়েক মিনিটের ব্যবধানে ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেনস এবং স্পোর্টিং গোলরক্ষক কাইকে গোল হজম করার সময় ফাউলের শিকার হয়েছিল কি না, তা নিয়েও নাটকীয়তা তৈরি হয়। শুরুতে মার্সিনিয়াক দুটি গোলই বৈধ ঘোষণা করেন, কিন্তু দুই দলের রক্ষণভাগ তীব্র প্রতিবাদ জানায়। পরে ভিএআর-এর পরামর্শে সাইডলাইন মনিটরে গিয়ে স্পোর্টিং গোলরক্ষকের ওপর প্যাট্রিক ডরগুর ফাউলটি দেখে ইউনাইটেডের গোল বাতিল করেন তিনি।
ইউনাইটেড কর্তৃপক্ষের মতে, টিলেমানসের ঘটনাটি মোটেও ফাউল ছিল না এবং তাদের গোলটি বৈধ হওয়া উচিত ছিল। তারা কাইকের ওপর ডরগুর ফাউলটিও গোল বাতিল করার মতো গুরুতর মনে করছে না।
রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি সমালোচনা করলে শাস্তির মুখে পড়ার ভয় থাকায় পচেত্তিনো কথা বলেছেন বেশ মেপে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মার্সিনিয়াক ভুল সিদ্ধান্ত নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি শুরুতে শুধু মাথা নেড়ে সম্মতি জানান।
তবে এর কয়েক মিনিট আগে ব্রডকাস্টার টিএনটি-কে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা ক্ষোভ ঝাড়েন আর্জেন্টাইন এই কোচ। তিনি বলেন, ‘একই ম্যাচে (রেফারির সিদ্ধান্তে) এতটা শাস্তি পাওয়ার মতো খেলা খুঁজে পাওয়া কঠিন। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমাদের অনেক বেশি শাস্তি পেতে হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তাকে দেওয়া হয় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।
ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কামরুল হাসান এই সম্মাননা লাভ করেন।
গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস, ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসানের এই অর্জন তার কর্মজীবন, পেশাদারিত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তার ভূমিকার স্বীকৃতি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য’। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের পরিচিত মুখ হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। ব্র্যান্ড মার্কেটিং দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোং লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরবর্তীতে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রেখেছেন। বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পোর্টফোলিওতে দায়িত্ব পালনের পর, ২০২৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও।
দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং এর প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা সংশ্লিষ্টদের কাছে বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য তিনি বাজারে প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উৎসাহ দেওয়াকে তিনি নেতৃত্বের মূল বিষয় বলে মনে করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের কৃষিপণ্যের বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেছেন, "আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্যাকেজিং ও কার্যকর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে।" মন্ত্রী আরও বলেন, ইইউর সঙ্গে সরাসরি সমন্বয় ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা হলে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মন্ত্রী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। তিনি উল্লেখ করেন, মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সে অনুযায়ী সার ও অন্যান্য উপাদান প্রয়োগ করা গেলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র বা সয়েল ম্যাপিং তৈরির নির্দেশনা দেন তিনি। কৃষকদের জন্য অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসলের জন্য কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপরও মন্ত্রী জোর দেন।
রপ্তানি বেড়েছে ২৬.৫ শতাংশ
কেন্দ্রীয় প্যাকিং হাউসের রপ্তানি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
গত অর্থবছরে রপ্তানিকৃত কৃষিপণ্যের মধ্যে তাজা ফল ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন।
রপ্তানিতে ফলের মধ্যে শীর্ষে রয়েছে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে।
এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের এসব কৃষিপণ্যের উল্লেখযোগ্য বাজার যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।
কমেছে ইইউর নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন
আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড প্রতিপালনে কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি স্থাপনের আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানসংক্রান্ত অসংগতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর পর এ সংখ্যা বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।
কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা বা ফাইটোস্যানিটারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের ফলে এ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিশেষ করে আম রপ্তানিতে সাফল্য এসেছে। ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।
শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট
রপ্তানি প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ের কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত রপ্তানিপণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।
কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাঁচ বছরে রাজস্ব আয় ১ কোটি ১২ লাখ টাকা
কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে রাজস্ব আহরণেও অগ্রগতি হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে ২১ হাজার ৫১৬টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান করে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আয় হয়েছে।
শুধু ২০২৫-২৬ অর্থবছরে ৪ হাজার ৫০৪টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদানের মাধ্যমে রাজস্ব আহরণ হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
কেন্দ্রীয় প্যাকিং হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মানদণ্ড পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও মাননিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ