বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫০ পি.এম
বরিশালের মেহেন্দীগঞ্জে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নেশার টাকা না পেয়ে তিনি মাকে পিটিয়ে হত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর হাজিকান্দা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত রবিউল ফকিরকে (২৩) গ্রেপ্তার করেছে। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি নেশার টাকার জন্য মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে একপর্যায়ে মায়ের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে রবিউল লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু ঘটে। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে রবিউল বাবাকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা সামসুল হক মন্তব্য করেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের এক পর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, রবিউল ফকির টাকা পাওয়ার জন্য তার মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, "যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান।" বৃহস্পতিবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে এই বক্তব্য দেন।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, "মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান।" তিনি বলেন, "মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।"
তিনি আরো বলেন, "মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কের কারণে বনজীবী পরিবারের পুরুষ সদস্যদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। খাবারের অভাবে অনেক পরিবারে আগুন জ্বলছে না। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে খালি থালা ও কলস হাতে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার শত শত নারী।
বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বনজীবী পরিবারের সদস্য, গৃহবধূ, নারী ও কিশোরীরা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল খালি থালা ও কলস। এসব প্রতীকী উপকরণের মাধ্যমে তারা তুলে ধরেন বনদস্যুদের আতঙ্কে কর্মহীন হয়ে পড়া পরিবারের অভাব, অনাহার ও পানির সংকটের চিত্র।
বিক্ষোভে অংশ নিয়ে ময়না খাতুন বলেন, "সুন্দরবনে দস্যুদের আতঙ্কে পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। গত দুই দিন ধরে তার বাড়িতে রান্না হয়নি। কীভাবে সংসার চলবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।"
লায়লা খাতুন বলেন, "পরিবারের পুরুষেরা বনে যেতে না পারায় আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ঘরে খাবার নেই, অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না। এভাবে আর কত দিন চলবে, তা কেউ জানে না।"
বিলকিস বেগম বলেন, "অভাবের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবও দেখা দিয়েছে।" শেফালী বিবি ও রহিমা খাতুন বলেন, "বনদস্যুদের কারণে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।" অন্যদিকে শাহিদা খাতুন ও হালিমা খাতুন জানান, "অর্থাভাবে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।"
বিক্ষোভকারীদের অভিযোগ, সুন্দরবনকে ঘিরে যেসব পরিবারের জীবিকা, তাঁদের কাছে বনে যেতে না পারা মানে উপার্জন বন্ধ হয়ে যাওয়া। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তাঁরা জীবিকার ঝুঁকি নিতে পারছেন না। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবারের নারী ও শিশুদের ওপর। একদিকে খাদ্যসংকট, অন্যদিকে পানির অভাব ও সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা নিয়ে দিন কাটছে তাঁদের।
বিক্ষোভকারীরা অবিলম্বে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, দস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম। তারা বলেন, "সুন্দরবনকেন্দ্রিক বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মীকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিদায় শুভেচ্ছা জানানোর সময় নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ তথ্য জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, যিনি রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রাশেদুল হক উল্লেখ করেন, নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির চুক্তি তিন বছরের নবায়নযোগ্য হবে। নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা প্রদান করা হবে।
তিনি জানান, এই কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ হচ্ছে এবং নিয়োগকর্তা ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে।
মোহাম্মদ রাশেদুল হক আরও জানান, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের মোট সাশ্রয় হচ্ছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, সরকারি এ কর্মসূচিতে কাউকে কোনো টাকা দিতে হয় না। বোয়েসেলের নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপনকে ঘিরে স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের অবহিত না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া।
ফেসবুকে দেওয়া এক মন্তব্যে আরশ মিয়া বলেন, "এই ব্যবসার সাথে যারা জড়িত তারা কেউ কিছু জানেনা, কিসের প্রাণি সম্পদ সপ্তাহ, আর কিসের কি যাদের জন্য আয়োজন তারাই কিছু জানে না, সব ভুয়া।"
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুলিয়ারচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।
উক্ত দিবসটি পালন নিয়ে- মাঠপর্যায়ের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ, আয়োজনের বিষয়ে খামারি বা ডিলার সমিতির সঙ্গে কোনো সমন্বয় কিংবা প্রচারণা দেখা যায়নি। স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীদের মতে, খামারি ও ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের আয়োজন অর্থবহ হয় না; বরং এতে খাতসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচরে "উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন" নামে কোন সংগঠন আছে বলে আমার জানা নেই। তারা কেউ আমার সাথে এপর্যন্ত যোগাযোগ করেননি। তাই সংগঠনের নেতাদের অবহিত করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ