প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের কৃষিপণ্যের বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেছেন, "আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্যাকেজিং ও কার্যকর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে।" মন্ত্রী আরও বলেন, ইইউর সঙ্গে সরাসরি সমন্বয় ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা হলে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মন্ত্রী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। তিনি উল্লেখ করেন, মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সে অনুযায়ী সার ও অন্যান্য উপাদান প্রয়োগ করা গেলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র বা সয়েল ম্যাপিং তৈরির নির্দেশনা দেন তিনি। কৃষকদের জন্য অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসলের জন্য কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপরও মন্ত্রী জোর দেন।
রপ্তানি বেড়েছে ২৬.৫ শতাংশ
কেন্দ্রীয় প্যাকিং হাউসের রপ্তানি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
গত অর্থবছরে রপ্তানিকৃত কৃষিপণ্যের মধ্যে তাজা ফল ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন।
রপ্তানিতে ফলের মধ্যে শীর্ষে রয়েছে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে।
এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের এসব কৃষিপণ্যের উল্লেখযোগ্য বাজার যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।
কমেছে ইইউর নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন
আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড প্রতিপালনে কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি স্থাপনের আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানসংক্রান্ত অসংগতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর পর এ সংখ্যা বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।
কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা বা ফাইটোস্যানিটারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের ফলে এ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিশেষ করে আম রপ্তানিতে সাফল্য এসেছে। ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।
শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট
রপ্তানি প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ের কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত রপ্তানিপণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।
কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাঁচ বছরে রাজস্ব আয় ১ কোটি ১২ লাখ টাকা
কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে রাজস্ব আহরণেও অগ্রগতি হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে ২১ হাজার ৫১৬টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান করে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আয় হয়েছে।
শুধু ২০২৫-২৬ অর্থবছরে ৪ হাজার ৫০৪টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদানের মাধ্যমে রাজস্ব আহরণ হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
কেন্দ্রীয় প্যাকিং হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মানদণ্ড পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও মাননিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন