০২:৪২ পি.এম
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ঢাকা মহানগরের আবহাওয়া ‘টপ থ্রি’তে থাকার জন্য প্রতিযোগিতা করছে বসবাস অযোগ্যতার তালিকায়। পরিকল্পনা না থাকায় ঢাকা নগরী দিনদিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, যা একটি স্বপ্ন ছিল। বিশেষ করে পলিথিন এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার অজান্তেই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সচেতন নগরবাসী বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদেরকে আল্লাহ প্রদত্ত স্বাভাবিক জীবনে বাঁচতে দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তাই নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে।
শনিবার ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানায় তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, বারবার পলিথিন নিষিদ্ধের বিষয়ে জোরালো ঘোষণার পরও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সদিচ্ছার কারণে পরিপূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। পলিথিনের বিকল্প হিসেবে সোনালি আঁশ পাটের ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ঢাকা মহানগরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী, নির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্ল্যান রয়েছে। একটি দেশের রাজধানী শহর যেভাবে পরিকল্পিত হওয়ার প্রয়োজন, তার সামান্যতম অংশও ঢাকায় নেই। এভাবে চলতে থাকলে জনগণ এবং দেশ মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য শাইখ নূরুল বশর আজিজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতী ওমর ফারুক প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন