ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত


জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে তিন যুবক নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পলবান্ধা রেলগেট এলাকায় দেওয়ানগঞ্জ-ইসলামপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন- উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল হক (২৮), লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল (২৭) এবং একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২০)। উল্লেখযোগ্য যে, জিয়াউল হক ও বকুল মামা-ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন। পলবান্ধা রেলগেট এলাকায় জামালপুরগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: শেরপুরের গারো পাহাড়ে বন উজাড়, বন্যপ্রাণীর অস্তিত্ব সংকটে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোটরসাইকেলটি দ্রুত গতিতে ও আঁকাবাঁকা পথে চলছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল ও ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোখারার গুহা থেকে ভারতীয় নারী পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


পোখারার গুহা থেকে ভারতীয় নারী পর্যটক উদ্ধার

এক ভারতীয় নারী পর্যটক নেপালের একটি প্রসিদ্ধ গুহার মধ্যে ঘুরতে গিয়ে আটকা পড়েন। তিনি সরু পাথুরে পথ দিয়ে বের হতে না পেরে ভয়ে কান্নাকাটি শুরু করেন এবং বারবার মাকে ডাকতে থাকেন। পরে উদ্ধারকারী দলের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা বা বাদুড়ের গুহায় (ব্যাট কেভ) ঘটনাটি ঘটে। গুহাটি পর্যটকদের মধ্যে বেশ পরিচিত। সেখানে ঘুরতে গিয়ে ওই নারী গুহার ভেতরের একটি সরু পাথুরে পথে আটকা পড়েন।

ভিডিওতে দেখা যায়, ওই নারী কান্নাকাটি করছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। একপর্যায়ে, হাতে টর্চ নিয়ে একজন ব্যক্তি তার কাছে এগিয়ে আসেন। তিনি প্রথমে ওই নারীর ভারী ব্যাগটি সরিয়ে নেন, যাতে তার চলাচল সহজ হয়। পরে তিনি তাকে আশ্বস্ত করে জানান, তিনি টিকিট কাউন্টারে গিয়ে সাহায্যের ব্যবস্থা করছেন।

খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছু চেষ্টার পর তারা তাকে সরু পথ থেকে নিরাপদে বের করে আনেন। উদ্ধারের পর জানা যায়, ওই নারীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল।

পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। এটি বাদুড়ের বসবাসের জন্য পরিচিত এবং গুহাটির অন্ধকার, স্যাঁতসেঁতে ও পিচ্ছিল পথ রয়েছে। গুহার ভেতরে বেশ কিছু সরু পাথুরে অংশ রয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে গুহাটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

গুহাটি ঘুরে দেখার সময় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সরু পথে চলাচলের ক্ষেত্রে উপযুক্ত জুতা পরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন ও চুক্তি প্রণয়নে দক্ষ জনবল গড়তে সরকারের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


আইন ও চুক্তি প্রণয়নে দক্ষ জনবল গড়তে সরকারের উদ্যোগ

আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন এবং বিরোধ নিষ্পত্তি বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ‘লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট’-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন এই ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতিমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। এ সময় আইনমন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্যসচিব ও ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ (আরবিট্রেশন) বিষয়ে দক্ষ জনবল তৈরি ও গবেষণার উদ্দেশ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়ন, লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের উৎকর্ষ সাধন এবং দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি করা। এছাড়া আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি ভাষা শিক্ষা, প্রণীতব্য আইনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ ও নীতি প্রণয়নে সহায়তা, ট্রিটি হ্যান্ডবুক প্রণয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার ও সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে ইনস্টিটিউটটি।

প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় এক হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরুরি কাজ ফেলে রাখার মনস্তাত্ত্বিক কারণ জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


জরুরি কাজ ফেলে রাখার মনস্তাত্ত্বিক কারণ জানুন

গুরুত্বপূর্ণ কোনো কাজ সময়মতো শেষ করার পরিকল্পনা থাকলেও বাস্তবে অনেকেই তা বারবার পিছিয়ে দেন। কাজটি করতে হবে—এ কথা জানা থাকা সত্ত্বেও কখনো ফোন দেখা, কখনো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া কিংবা অকারণে সময় নষ্ট করার প্রবণতা দেখা যায়। পরে কাজ জমে গেলে তৈরি হয় অপরাধবোধ, উদ্বেগ ও মানসিক চাপ। এই অভ্যাসকে সাধারণত গড়িমসি বা ‘প্রোক্রাস্টিনেশন’ বলা হয়।

অনেকের ধারণা, কাজ পিছিয়ে দেওয়ার মূল কারণ অলসতা কিংবা সময় ব্যবস্থাপনায় অদক্ষতা। তবে মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে, এর পেছনে আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ, কোনো কাজ করতে গিয়ে যে ভয়, উদ্বেগ বা অস্বস্তি তৈরি হয়, তা এড়াতেই অনেক সময় মানুষ কাজটি পিছিয়ে দেয়।

কোনো কাজ শুরু করার আগেই আমরা অনেক সময় অনুমান করতে পারি, সেটি করতে গেলে কেমন অনুভূতি হতে পারে। কাজটি কঠিন হবে কি না, ঠিকভাবে শেষ করতে পারব কি না কিংবা অন্যরা কীভাবে মূল্যায়ন করবে—এসব চিন্তা থেকেই তৈরি হতে পারে উদ্বেগ ও ভয়।

মনোবিজ্ঞানী ফুশিয়া সিরোয়িস ও টিমোথি পাইচিল ২০১৩ সালে প্রকাশিত এক গবেষণায় কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতার সঙ্গে স্বল্পমেয়াদি আবেগ নিয়ন্ত্রণের সম্পর্ক তুলে ধরেন। তাদের মতে, অনেক ক্ষেত্রে গড়িমসি হলো তাৎক্ষণিকভাবে নিজের মন ভালো রাখার একটি চেষ্টা। অর্থাৎ, যে কাজটি অস্বস্তি তৈরি করছে, সেটি সাময়িকভাবে এড়িয়ে গিয়ে মানুষ মানসিক স্বস্তি খোঁজে।

ধরা যাক, আপনাকে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা তৈরি করতে হবে। কীভাবে কাজটি শুরু করবেন, সে বিষয়ে ধারণাও রয়েছে। কিন্তু বিষয়বস্তু সাজানো, উপযুক্ত শব্দ নির্বাচন কিংবা সবার সামনে বক্তব্য তুলে ধরার কথা ভাবতেই উদ্বেগ তৈরি হচ্ছে। তখন কাজটি শুরু না করে ফোন দেখা, ভিডিও উপভোগ করা কিংবা সহজ কোনো কাজে মনোযোগ দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

এতে সাময়িকভাবে চাপ কমে গেলেও মূল সমস্যার সমাধান হয় না। বরং অসমাপ্ত কাজটি ভবিষ্যতের জন্য জমে থাকে। সময় কমে আসার সঙ্গে সঙ্গে কাজের চাপ ও দুশ্চিন্তাও বাড়তে থাকে। ফলে বর্তমানের সামান্য স্বস্তির বিনিময়ে ভবিষ্যতে আরও বেশি চাপ সামলাতে হয়।

শুধু সময় ব্যবস্থাপনার সমস্যা নয়

কেন মানুষ কাজ পিছিয়ে দেয়, তার একক কোনো ব্যাখ্যা নেই। ২০০৭ সালে মনোবিজ্ঞানী পিয়ার্স স্টিল ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ সাময়িকীতে প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে এ বিষয়ে ৬৯১টি গবেষণার ফলাফল পর্যালোচনা করেন। সেখানে গড়িমসির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উঠে আসে।

এর মধ্যে রয়েছে—

কাজের প্রতি অনীহা: কোনো কাজ একঘেয়ে, কঠিন, জটিল কিংবা অপছন্দনীয় মনে হলে সেটি শুরু করার আগ্রহ কমে যায়।

আবেগপ্রবণতা: তাৎক্ষণিক আনন্দ বা স্বস্তির প্রতি বেশি আকৃষ্ট হওয়ার কারণে দীর্ঘমেয়াদি লক্ষ্য উপেক্ষিত হতে পারে।

নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ: কাজটি সফলভাবে শেষ করতে পারবেন কি না, সে বিষয়ে আত্মবিশ্বাসের অভাব গড়িমসির প্রবণতা বাড়াতে পারে।

পুরস্কার পেতে দীর্ঘ অপেক্ষা: কোনো কাজের ফলাফল বা সুফল পেতে বেশি সময় লাগলে সেটি সম্পন্ন করার তাগিদ কম অনুভূত হতে পারে।

উদাহরণ হিসেবে, কাউকে নিজের যোগ্যতা ও অর্জন তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র লিখতে হবে। কিন্তু লেখাটি কেমন হবে, নিজের অর্জনগুলো যথেষ্ট ভালো কি না কিংবা অন্যরা কীভাবে নেবে—এসব চিন্তায় তিনি দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারেন। এতে কাজটি শুরু করা আরও কঠিন হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে কাজ পিছিয়ে দেওয়া মানেই কেউ অলসভাবে সময় কাটাচ্ছেন, তা নয়। অনেক সময় কাজটি করার চিন্তাই মানসিকভাবে এতটা ক্লান্তিকর হয়ে ওঠে যে, মানুষ শুরু করার সাহস পান না।

অবশ্য প্রয়োজনীয় বিরতি নেওয়া উপকারী হতে পারে। বিশ্রাম আমাদের নতুন উদ্যমে কাজে ফিরতে সাহায্য করে। কিন্তু বিরতির নামে বারবার কাজ এড়িয়ে চললে তা একসময় কর্মক্ষমতা ও কাজের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়।

আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ালে কমতে পারে গড়িমসি

কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা কমাতে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা গুরুত্বপূর্ণ হতে পারে। ২০১৬ সালে ‘লার্নিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হয়। মার্কাস একার্ট, ডেভিড এবাট, ডার্ক লেহর, বার্নহার্ড সিয়ল্যান্ড ও ম্যাথিয়াস বার্কিংয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণাটিতে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা এবং গড়িমসির সম্পর্ক বিশ্লেষণ করা হয়। গবেষণার অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের বিশ্লেষণের পাশাপাশি একটি নিয়ন্ত্রিত পরীক্ষাও পরিচালিত হয়েছিল।

গবেষণার ফলাফল থেকে ইঙ্গিত পাওয়া যায়, অস্বস্তিকর আবেগ সামলানোর সক্ষমতা বাড়াতে পারলে কাজ ফেলে রাখার প্রবণতা কমতে পারে। এর অর্থ, কাজ শুরু করার আগে অনুপ্রেরণা আসার অপেক্ষায় বসে থাকা কিংবা নিজেকে জোর করে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ করে তোলাই একমাত্র সমাধান নয়। বরং কাজটি করতে গিয়ে যে অস্বস্তি তৈরি হয়, সেটি মেনে নিয়েই এগিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

এ ক্ষেত্রে কার্যকর একটি কৌশল হলো বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করা। পুরো অ্যাসাইনমেন্ট একবারে শেষ করার চিন্তা না করে প্রথমে প্রয়োজনীয় নথি খোলা, নির্দেশনা পড়া কিংবা কয়েকটি প্রাথমিক ধারণা লিখে রাখার মাধ্যমে শুরু করা যেতে পারে।

ছোট পদক্ষেপে কাজ শুরু করলে সেটি আর অতটা কঠিন বা অসম্ভব বলে মনে হয় না। একই সঙ্গে কাজ শুরুর সময় তৈরি হওয়া মানসিক চাপও কমতে পারে।

নিজেকে দোষারোপ না করে বুঝুন নিজের অনুভূতি

কাজ সময়মতো শেষ করতে না পারলে অনেকেই নিজেকে অলস, দায়িত্বজ্ঞানহীন কিংবা অযোগ্য ভাবতে শুরু করেন। কিন্তু এ ধরনের আত্মদোষারোপ পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে। কারণ, আগে থেকেই যে কাজটি নিয়ে অস্বস্তি রয়েছে, তার সঙ্গে নতুন করে অপরাধবোধ ও নেতিবাচক অনুভূতি যুক্ত হয়।

এর অর্থ এই নয় যে, দায়িত্ব পালনে দেরি করার বিষয়টি উপেক্ষা করতে হবে। বরং কেন কাজটি পিছিয়ে দিচ্ছেন, তা বোঝার চেষ্টা করাই পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে।

নিজের অনুভূতি লিখে রাখা, দিনের শেষে কীভাবে সময় কাটল তা পর্যালোচনা করা কিংবা নির্দিষ্ট কোনো কাজ করতে গিয়ে কী ধরনের চিন্তা ও আবেগ তৈরি হচ্ছে, তা শনাক্ত করা সহায়ক হতে পারে। এতে কোন পরিস্থিতিতে গড়িমসি বাড়ে এবং কোন অনুভূতিগুলো কাজ শুরু করতে বাধা দেয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।

সব সময় নিজেকে কঠোরভাবে বিচার না করে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়াও জরুরি। অস্বস্তি বা ভয় অনুভব করলেই যে কাজটি এড়িয়ে যেতে হবে, এমন নয়। বরং সেই অনুভূতিকে স্বীকার করে ছোট একটি পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা মৌলিক অধিকার, দাবির বিষয় নয়: খায়রুল কবির খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


শিক্ষা মৌলিক অধিকার, দাবির বিষয় নয়: খায়রুল কবির খোকন

নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, শিক্ষা একটি দাবি নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় একটি বেসরকারি স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন জানান, শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা পূর্ববর্তী শিক্ষা বাজেটের দ্বিগুণ।

শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে স্কুলগুলোতে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি এবং তারা ফলাফলেও ভালো করছে। তিনি উল্লেখ করেন, ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও ভালো ফলাফল অর্জন করতে হবে এবং স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। কেবল পাসের হার বৃদ্ধি করলেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা আবশ্যক।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার প্রতি বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান খায়রুল কবির খোকন। তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে দিতে পারলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে। শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%