প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক ভারতীয় নারী পর্যটক নেপালের একটি প্রসিদ্ধ গুহার মধ্যে ঘুরতে গিয়ে আটকা পড়েন। তিনি সরু পাথুরে পথ দিয়ে বের হতে না পেরে ভয়ে কান্নাকাটি শুরু করেন এবং বারবার মাকে ডাকতে থাকেন। পরে উদ্ধারকারী দলের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা বা বাদুড়ের গুহায় (ব্যাট কেভ) ঘটনাটি ঘটে। গুহাটি পর্যটকদের মধ্যে বেশ পরিচিত। সেখানে ঘুরতে গিয়ে ওই নারী গুহার ভেতরের একটি সরু পাথুরে পথে আটকা পড়েন।
ভিডিওতে দেখা যায়, ওই নারী কান্নাকাটি করছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। একপর্যায়ে, হাতে টর্চ নিয়ে একজন ব্যক্তি তার কাছে এগিয়ে আসেন। তিনি প্রথমে ওই নারীর ভারী ব্যাগটি সরিয়ে নেন, যাতে তার চলাচল সহজ হয়। পরে তিনি তাকে আশ্বস্ত করে জানান, তিনি টিকিট কাউন্টারে গিয়ে সাহায্যের ব্যবস্থা করছেন।
খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছু চেষ্টার পর তারা তাকে সরু পথ থেকে নিরাপদে বের করে আনেন। উদ্ধারের পর জানা যায়, ওই নারীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল।
পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। এটি বাদুড়ের বসবাসের জন্য পরিচিত এবং গুহাটির অন্ধকার, স্যাঁতসেঁতে ও পিচ্ছিল পথ রয়েছে। গুহার ভেতরে বেশ কিছু সরু পাথুরে অংশ রয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে গুহাটি আকর্ষণীয় হয়ে উঠেছে।
গুহাটি ঘুরে দেখার সময় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সরু পথে চলাচলের ক্ষেত্রে উপযুক্ত জুতা পরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন