ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে কেন আলাদা করে দেখছে না ভারত


সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে কেন আলাদা করে দেখছে না ভারত

একটি পর্যায়ে গিয়ে শান্তি রক্ষার জন্য করা কোনো চুক্তিও এমন মনে হতে পারে, যেন তা খারাপ আচরণকে পুরস্কৃত করছে। ভারতের কাছে সেই মুহূর্তটি আসে ২০২৫ সালের ২২ এপ্রিল। জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে। এরপর ভারত ঘোষণা দেয়, ছয় দশকের বেশি পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা হবে- যত দিন না পাকিস্তান বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে সীমান্তপারের সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করে।

বার্তাটি ছিল স্পষ্ট। দ্বিপক্ষীয় সহযোগিতার সুবিধাকে আর নিরাপত্তা পরিস্থিতি থেকে আলাদা করে দেখবে না ভারত। এবার সেই বিতর্ক গড়িয়েছে দ্য হেগে। ২০২৬ সালের ৩১ আগস্ট পাকিস্তানের আবেদনে সিন্ধু পানি চুক্তির অধীনে গঠিত আন্তর্জাতিক সালিসি আদালত রায় দেন, চুক্তিটি এখনো কার্যকর এবং ভারতের একতরফাভাবে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত চুক্তিকে স্থগিত বা বাতিল করতে পারে না। একই সঙ্গে ভারতের রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অন্তর্বর্তী কিছু বিধিনিষেধও আরোপ করা হয়।

পাকিস্তান এই রায়কে স্বাগত জানিয়েছে। অন্যদিকে ভারত তা প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির বক্তব্য, তারা কখনোই এই সালিসি আদালতকে স্বীকৃতি দেয়নি এবং ভারতের সার্বভৌম সিদ্ধান্ত- চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত- নিয়ে রায় দেওয়ার এখতিয়ারও এই ট্রাইব্যুনালের নেই। আইনি লড়াই হয়তো চলবে। কিন্তু এর বাইরে একটি বড় রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন থেকেই যায়। একটি দেশ কেন এমন একটি দ্বিপক্ষীয় চুক্তির সব সুবিধা বজায় রাখতে বাধ্য থাকবে, যদি তার বিশ্বাস হয় যে অপর পক্ষ একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এবং তার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করছে?

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

এই প্রশ্নের উত্তর শুধু 'pacta sunt servanda'- অর্থাৎ চুক্তি অবশ্যই মানতে হবে, নীতির কথা বললেই শেষ হয়ে যায় না। অবশ্যই চুক্তি গুরুত্বপূর্ণ। চুক্তির প্রতি সম্মান না থাকলে আন্তর্জাতিক সম্পর্ক বিশৃঙ্খলায় পড়ত। কিন্তু আন্তর্জাতিক আইন কখনোই চুক্তিকে এমন কোনো পবিত্র বস্তু হিসেবে দেখেনি, যা ব্যতিক্রমী পরিস্থিতিতেও পরিবর্তন বা স্থগিত করা যাবে না। চুক্তিবিষয়ক ভিয়েনা কনভেনশনে বিশেষ পরিস্থিতিতে চুক্তি স্থগিত বা বাতিলের কিছু ভিত্তি স্বীকৃত আছে- যেমন গুরুতর চুক্তিভঙ্গ বা পরিস্থিতির মৌলিক পরিবর্তন।

সেই মানদণ্ড ইচ্ছাকৃতভাবেই কঠোর। কিন্তু কঠোর মানে অসম্ভব নয়। আধুনিক রাষ্ট্রব্যবস্থার ইতিহাসেও দেখা যায়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে দেশগুলো কখনো কখনো দীর্ঘদিনের চুক্তিগত অবস্থান পুনর্বিবেচনা করেছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে বেরিয়ে যায়। ওয়াশিংটনের যুক্তি ছিল, ১৯৭২ সালে চুক্তিটি সইয়ের পর আন্তর্জাতিক কৌশলগত পরিবেশ আমূল বদলে গেছে এবং নতুন বাস্তবতা তাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থকে প্রভাবিত করছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি থেকেও সরে আসে। তাদের অভিযোগ ছিল, রাশিয়া চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং সেই পরিস্থিতিতে চুক্তির মধ্যে থেকে যাওয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এই সিদ্ধান্তগুলোর পক্ষে বা বিপক্ষে মত থাকতে পারে। কিন্তু একটি বিষয় পরিষ্কার- রাষ্ট্রগুলো সাধারণত চুক্তিকে আত্মঘাতী বাধ্যবাধকতা হিসেবে দেখে না। নিরাপত্তা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেলে সরকারগুলো অতীতে নেওয়া প্রতিশ্রুতিও নতুন করে মূল্যায়ন করে। ভারত বলতে পারে, একই নীতি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

পানি শুধু পানি নয়

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

সমালোচকদের যুক্তি ভিন্ন। সিন্ধু পানি চুক্তি একটি পানিবণ্টন চুক্তি, সামরিক বা নিরাপত্তা চুক্তি নয়। তাই সন্ত্রাসবাদের সঙ্গে এর কার্যকারিতার সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু এই যুক্তি দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে উপেক্ষা করে। এ অঞ্চলে পানি শুধু পানি নয়। সিন্ধু নদ অববাহিকা পাকিস্তানের কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির প্রাণভোমরা। ১৯৬০ সালের চুক্তিতে সিন্ধু, ঝিলাম ও চেনাব- এই পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি মূলত পাকিস্তানের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়। অন্যদিকে ভারতকে নির্দিষ্ট কিছু ব্যবহারের অধিকার দেওয়া হয়। পূর্বাঞ্চলীয় নদীগুলোর ওপর ভারতের অধিকতর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। ফলে পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ ব্যবহারে চুক্তিটি দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দিয়েছে।

দেশভাগের পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি যুদ্ধ, সামরিক উত্তেজনা ও দীর্ঘ রাজনৈতিক বৈরিতার মধ্যেও টিকে আছে। স্বাধীনতার পর ভারত-পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। কিন্তু টিকে থাকা মানেই অপরিবর্তনীয় থাকা নয়। ১৯৬০ সালের ভারত ও পাকিস্তান আর ২০২৬ সালের ভারত ও পাকিস্তান এক বাস্তবতায় নেই। জনসংখ্যার চাপ বেড়েছে। জলবায়ু পরিবর্তন নতুন সংকট তৈরি করেছে। পানির ঘাটতি, জ্বালানির চাহিদা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে।

ভারতের যুক্তি হলো, সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে দুই দেশের সম্পর্কের চরিত্রে। নয়াদিল্লির দৃষ্টিতে পাহেলগাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত দীর্ঘদিন ধরে মুম্বাই, উরি, পুলওয়ামা ও পাহেলগামসহ বিভিন্ন হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। পাকিস্তান অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। ভারত পাহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবা ও টিআরএফ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের তথ্যপ্রমাণ উপস্থাপনের কথাও বলেছে। পাকিস্তান এখনো কোনো ধরনের দায় স্বীকার করেনি। এই অভিযোগ ও পাল্টা অভিযোগ শুধু কূটনৈতিক বিতর্ক নয়। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার পেছনে ভারতের রাজনৈতিক ও নিরাপত্তাগত যুক্তিরও অংশ।

ভারতের সবচেয়ে শক্তিশালী যুক্তি কোথায়

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

ভারতের অবস্থানকে সবচেয়ে শক্তিশালীভাবে ব্যাখ্যা করা যায় এভাবে- সন্ত্রাসবাদ ঘটলেই কোনো চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। এমন দাবি টেকসই নয়। বরং ভারতের যুক্তি একটি সামগ্রিক বাস্তবতার ওপর দাঁড়িয়ে আছে। বারবার সন্ত্রাসী হামলা, পাকিস্তানভিত্তিক উগ্রপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে ভারতের অভিযোগ, সীমান্তপারের সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ, দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এবং পুরো আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের পরিবর্তন- সব মিলিয়ে সেই পরিস্থিতি আর নেই, যে পরিস্থিতিতে সিন্ধু পানি চুক্তির জন্ম হয়েছিল। ভারতের যুক্তির সবচেয়ে শক্তিশালী জায়গা সম্ভবত এটিই।

আরো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে- চুক্তি স্থগিত করা এবং চিরতরে বাতিল করে দেওয়া এক বিষয় নয়। ভারত এখনো বলেনি যে সিন্ধু পানি চুক্তির অস্তিত্ব চিরতরে শেষ। তারা বলছে, চুক্তিটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এর ভবিষ্যৎ পাকিস্তানের আচরণের সঙ্গে যুক্ত। অর্থাৎ দরজাটি পুরোপুরি বন্ধ করা হয়নি। নিরাপত্তা পরিস্থিতি বদলালে ভবিষ্যতে সহযোগিতা আবার শুরু হতে পারে। ভারতের বক্তব্য তাই এমন নয় যে চুক্তির কোনো মূল্য নেই। বরং তাদের যুক্তি হলো, সহযোগিতার যেমন সুবিধা আছে, তেমনি বিশ্বাস ধ্বংসেরও পরিণতি আছে।

দ্য হেগের সালিসি আদালত অবশ্য ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে, ভারত যে কারণগুলো দেখিয়েছে, তা চুক্তি স্থগিত বা বাতিলের জন্য যথেষ্ট নয়। কিন্তু আদালতের কোনো রায় কি এমন জায়গায় বিশ্বাস ফিরিয়ে আনতে পারে, যেখানে বিশ্বাসই আর অবশিষ্ট নেই? আন্তর্জাতিক আইনকে এত যান্ত্রিকভাবে ব্যাখ্যা করা উচিত কি না, সেটিও প্রশ্ন। কারণ, কোনো রাষ্ট্র যদি মনে করে তার নিরাপত্তা পরিবেশ মৌলিকভাবে বদলে গেছে, তাহলে তার প্রতিক্রিয়ার কোনো অর্থবহ সুযোগ কি থাকা উচিত নয়?

শান্তি কি একপক্ষের দায়িত্ব?

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

যারা ভারত ও পাকিস্তানকে সংলাপ ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান, তাদের বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ। পানি সহযোগিতা জরুরি। চুক্তির স্থিতিশীলতা জরুরি। আঞ্চলিক শান্তিও জরুরি। কিন্তু স্থিতিশীলতার অর্থ কি এই যে একটি পক্ষ তার কাছে মৌলিক নিরাপত্তা হুমকি মনে হওয়া সত্ত্বেও সহযোগিতার সব সুবিধা অব্যাহত রাখবে? শান্তি একতরফা দায়িত্ব হতে পারে না। ভারতের দৃষ্টিতে, পাকিস্তান যদি সিন্ধু পানি চুক্তিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, তাহলে শুধু দ্য হেগে আরেকটি আইনি প্রক্রিয়া শুরু করলেই হবে না। যে রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিস্থিতির কারণে চুক্তিটি ভারতের কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠেছে, তার সমাধান করতে হবে।

ভারতের কাছে এর অর্থ সীমান্তপারের সন্ত্রাসবাদের অবসান এবং পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে আর কোনো হুমকি তৈরি হবে না- এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা। পাকিস্তানের জন্য এর অর্থ হতে পারে, ভারতের কৌশলগত ধৈর্যেরও একটি সীমা আছে- সেটি স্বীকার করা। সিন্ধু পানি চুক্তি জন্ম নিয়েছিল ভিন্ন এক দক্ষিণ এশিয়ায়। সেসময় ভারত রাজনৈতিক বৈরিতার বাইরে পানি সহযোগিতাকে আলাদা করে রাখতে রাজি হয়েছিল এই আশায় যে সহযোগিতা হয়তো একদিন সম্পর্ক উন্নয়নের পথ তৈরি করবে। সেই আশা বারবার পরীক্ষার মুখে পড়েছে।

পাহেলগামের শিক্ষা তাই ভারতের দৃষ্টিতে এই নয় যে চুক্তির কোনো মূল্য নেই। বরং শিক্ষা হলো, কোনো চুক্তিকে তার স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর আচরণ থেকে অনন্তকাল বিচ্ছিন্ন করে রাখা যায় না। সিন্ধু পানি চুক্তি যুদ্ধের মধ্যেও টিকে আছে- এটি সত্য। কিন্তু টিকে থাকা আর চিরস্থায়ী হওয়া এক বিষয় নয়। ৬৬ বছরের পুরোনো একটি চুক্তিকে জাদুঘরের নিদর্শনের মতো অপরিবর্তনীয় ধরে নেওয়া যায় না, যখন তার চারপাশের কৌশলগত, পরিবেশগত ও রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। পানি হয়তো চুক্তির নিয়ম মেনে সীমান্ত অতিক্রম করে। বিশ্বাস করে না। পাকিস্তান যদি চুক্তিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চায়, তাহলে সেই প্রত্যাবর্তন শুধু দ্য হেগের আদালতে জেতা যাবে না। বাস্তব পৃথিবীতে আস্থা পুনর্গঠন করতে হবে- যে আস্থা একসময় দুই দেশের মধ্যে সহযোগিতাকে সম্ভব করেছিল।

সেই আস্থা ফিরে না আসা পর্যন্ত ভারতের কাছে পাহেলগামের পরও সবকিছু অপরিবর্তিত রয়েছে- এমন আচরণ প্রত্যাশা করা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান নয়। বরং সেটি বাস্তবতাকে উপেক্ষা করার দাবি। আর কোনো সার্বভৌম রাষ্ট্রের কাছ থেকে বাস্তবতাকে উপেক্ষা করার এমন প্রত্যাশা কতটা যুক্তিসংগত, সেটিই এখন সিন্ধু পানি চুক্তি নিয়ে বিতর্কের সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সৌজন্যে- কালের কণ্ঠ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে হাত মেলালেই বিপদ? ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


ইরানের সঙ্গে হাত মেলালেই বিপদ? ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠকের পর, নয়াদিল্লি এবং তেহরানের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুঞ্জনকে নাকচ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন যে, যদি কোনো দেশ ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে তেহরানকে সহায়তা করে, তবে সেই দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এ তথ্য বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারতের সাথে ইরানের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি বলেন, "প্রতিটি দেশই নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করে।" তিনি উল্লেখ করেন, ইরানের সাথে বিভিন্ন দেশের যোগাযোগ রয়েছে, কিন্তু ওয়াশিংটনও ইরানি সরকারের সাথে আলোচনা করেছে।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেন রুবিও। তিনি বলেন, "কোনো দেশেরই ইরানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করা উচিত নয়।" তিনি আরও বলেন, যদি কোনো রাষ্ট্র তেহরানকে অর্থ উপার্জনের সুযোগ দেয় বা সন্ত্রাসবাদে অর্থায়নে সহায়তা করে, তাহলে ওয়াশিংটনের জন্য ওই রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন হয়ে পড়বে।

রুবিও বলেন, "কোনো দেশেরই উচিত নয় ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা।" তিনি সতর্ক করেন যে, যদি কোনো দেশ তা করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তেহরানের ওপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটন মূলত অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করছে। তবে পরিস্থিতির প্রেক্ষিতে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে রেখেছে।

এদিকে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছয় মাসে গড়ানোর প্রেক্ষাপটে, ট্রাম্প মার্কিন বাহিনীর রাত্রিকালীন হামলার কথা স্বীকার করে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে দাবি করেন যে, তাদের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে। সূত্র : এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম নামের দুই জেলের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আরও দুই জেলে, যাদের নাম নুরুল আলম ও মুহিব উল্লাহ, নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জেলেদের সকলের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন জেলে রওনা হন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের নিকটবর্তী পৌঁছালে ঝড়ের কারণে উল্টে যায়।

পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় নিখোঁজ থাকা নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারের জন্য স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে উপস্থিত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বলে দুই উইকেট, কাউন্টিতে ফের তাণ্ডব হাসানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


দুই বলে দুই উইকেট, কাউন্টিতে ফের তাণ্ডব হাসানের

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে অসাধারণ বোলিং প্রদর্শন করেছেন। কেন্টের প্রতিনিধিত্ব করে তিনি পর পর দুই বলে দুই উইকেট নিয়েছেন। তার বোলিং দক্ষতার কারণে প্রথম দিনের শেষে প্রতিপক্ষ উস্টারশায়ার ২ উইকেটে ৮০ রান সংগ্রহ করেছে।

ক্যান্টারবারিতে টস হেরে প্রথমে ব্যাটিং শুরু করে কেন্ট। তারা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩৮ রানে থামে। ড্যানিয়েল বেল-ড্রামন্ড সর্বোচ্চ ৫২ রান করেন। এদিন হাসান মাহমুদও ব্যাট হাতে অপরাজিত ছিলেন, তিনি ৬ বলে ৪ রান করেন। উস্টারশায়ারের টম টেলর ৩ উইকেট নেন।

উস্টারশায়ারের দুই ওপেনার ড্যানিয়েল লেটগান ও জ্যাক লিব্বি দ্রুত রান তোলার চেষ্টা করেন। কিন্তু ষষ্ঠ ওভারে বল হাতে এসে ম্যাচের পরিস্থিতি পাল্টে দেন হাসান। তিনি পর পর দুই বলে দুই উইকেট দখল করেন।

প্রথমে একটি দুর্দান্ত ডেলিভারিতে জ্যাক লিব্বির স্টাম্প উড়িয়ে দেন হাসান। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। এরপর কেন্ট আর কোনো উইকেট নিতে পারেনি। দিনের শেষে উস্টারশায়ারের স্কোর ২ উইকেটে ৮০ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সামনেও ভ-য়া-বহ বিপর্যয়?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


ভারতের সামনেও ভ-য়া-বহ বিপর্যয়?

নেপালের হিমালয়ের কোলে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বব্যাপী নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। তিব্বত সীমান্তের ল্যাংটাং অঞ্চলে হিমবাহের ধস অথবা দ্রুত পাহাড়ি ঢলের কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তবে ভৌগোলিক বিশ্লেষকরা বলছেন, নেপালের এই প্রাকৃতিক বিপর্যয় সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের জন্য এটি একটি গুরুতর সতর্কবার্তা। পাহাড়ি ঢল এবং নদীগুলোর জলীয় গতিপ্রকৃতি পর্যালোচনা করলে বোঝা যায়, নেপালের পাহাড়ি ঢল ভারতের সমতল ভূমির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

ভৌগোলিক দিক থেকে নেপাল ও ভারতের সম্পর্ক নদীকেন্দ্রিক। নেপালে ছোট-বড় মিলিয়ে প্রায় ছয় হাজারের বেশি নদী ও পাহাড়ি ঝরনা রয়েছে, যার বেশির ভাগই দক্ষিণে ভারতের দিকে প্রবাহিত হয়ে গঙ্গা নদীতে মিশছে। কোশী, গণ্ডক, ঘাগরা এবং মহাকালী নদী উভয় দেশের সীমানা অতিক্রমকারী প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম। এছাড়া শিওয়ালিক বা চুরে পর্বতমালা থেকে উৎসারিত বাগমাটি, কমলা বা রাপ্তির মতো ছোট নদীগুলোও অত্যন্ত খাড়া পাহাড়ি পথ বেয়ে নেমে আসে। বর্ষাকালে এগুলো অতি দ্রুত এবং ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আন্তর্জাতিক সমন্বিত পর্বত উন্নয়ন কেন্দ্রের বিশেষজ্ঞদের মতে, সাত থেকে নয়টি বড় নদী সরাসরি নেপাল থেকে ভারতের সমতল ভূমিতে প্রবেশ করে, যা ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর বন্যার মূল উৎস।

এই ভৌগোলিক কাঠামোর কারণে ভারতীয় রাজ্যগুলোর মধ্যে বিহার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারতের সবচেয়ে বেশি বন্যাপ্রবণ এই রাজ্যের মোট ভূখণ্ডের তিন-চতুর্থাংশই প্লাবিত হয় নেপাল থেকে আসা নদীগুলোর কারণে। বিশেষ করে বিহারের দুঃখ নামে পরিচিত কোশী নদী প্রতি বছর বিশাল পলি ও পানি বহন করে নিয়ে আসে। শুধু বিহারই নয়, পার্শ্ববর্তী উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো, যেমন গোলকপুর, বাহরাইচ কিংবা লাখিমপুর খেরিও ঘাগরা ও রাপ্তি নদীর কারণে নিয়মিত ক্ষতিগ্রস্ত হয়। উত্তরাখণ্ড ও উত্তরবঙ্গও একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

নেপালের ভারী বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় কীভাবে ভারতে বন্যায় রূপ নেয়, তা তিনটি ধাপে ঘটে। প্রথমত, হিমালয় পর্বতমালার নিচু অংশে অতিবৃষ্টির সৃষ্টি হয়। দ্বিতীয়ত, নদীর পানির গতিবেগ পর্বত অতিক্রম করে যখন সমতলে পৌঁছায়, তখন নদীগুলো গতিপথ পরিবর্তন করে পলি ছড়িয়ে দেয়। তৃতীয়ত, এই বিপুল পরিমাণ পানি যখন ভারতের সীমানায় প্রবেশ করে, তখন ভারতের স্থানীয় বৃষ্টিপাত, গঙ্গা নদীর পানির উচ্চতা এবং দুর্বল বাঁধ বা অপরিকল্পিত অবকাঠামোর কারণে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।

২০০৮ সালে কোশী নদীর ভয়াবহ ট্র্যাজেডি তার বড় প্রমাণ। সে সময় নেপালের বৃষ্টিপাত বা নদীর পানি ক্ষমতার অতিরিক্ত ছিল না বরং পুরনো ও রক্ষণাবেক্ষণহীন বাঁধ ভেঙে যাওয়ার কারণেই ভারতে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। অর্থাৎ, সীমান্ত পর্যন্ত পানির গতি নির্ধারণ করে নেপালের প্রকৃতি, কিন্তু ভারতে তা কতটা ধ্বংসাত্মক হবে তা অনেকাংশে নির্ভর করে ভারতের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও অবকাঠামোর ওপর।

সাধারণ মানুষের মধ্যে একটি বড় ভুল ধারণা রয়েছে যে, নেপাল ইচ্ছে করে পানি ছেড়ে দিয়ে ভারতে বন্যা ঘটায়। তবে বৈজ্ঞানিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নেপালে পানি আটকে রাখার মতো বিশাল কোনো কৃত্রিম জলাধার নেই। কোশী বা গণ্ডক নদীর ওপর নির্মিত ব্যারাজগুলোর নিয়ন্ত্রণ মূলত ভারতের হাতে থাকে। ফলে সীমান্ত অতিক্রমকারী পাহাড়ি ঢল সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ভারতে পৌঁছায়। তবে এই পানি প্রবাহের সঙ্গে বিশাল পরিমাণ কাদামাটি, পাথর ও পলি যুক্ত হয়ে এক ধরনের ঘন তরল মিশ্রণ তৈরি করে, যা সাধারণ পানির বন্যার চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক।

জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে উষ্ণতা ক্রমাগত বাড়ছে। ফলে ক্ষিপ্র বৃষ্টিপাত, হিমবাহ ধস এবং আকস্মিক হরকা বান বহুগুণ বেড়ে গেছে। ভারতের চামোলি কিংবা ধারালির সাম্প্রতিক ট্র্যাজেডিগুলোর সঙ্গে নেপালের এই বিপর্যয়ের হুবহু মিল রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত ও নেপালের উচিত পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে রিয়েল-টাইম ডাটা শেয়ারিং, দ্রুত সতর্কবার্তা ব্যবস্থা এবং যৌথ নদী ব্যবস্থাপনায় জোর দেওয়া। তা না হলে হিমালয়ের এই অস্থির নদীপ্রবাহ সামনে দুই দেশের জন্যই আরও বড় বিপর্যয় ডেকে আনবে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%