ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় রেলের নতুন নির্দেশ, রাতে ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ


ভারতীয় রেলের নতুন নির্দেশ, রাতে ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ

দূরপাল্লার ট্রেনে রাতের যাতায়াতের সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার অনুমতি থাকবে না নির্দিষ্ট ছয় ঘণ্টার জন্য। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় চার্জিং পয়েন্টগুলো বন্ধ থাকবে। ভারতীয় রেল বোর্ড রেলকর্মীদের কঠোরভাবে এই নিয়ম মানার নির্দেশ দিয়েছে। চলন্ত ট্রেনে পাওয়ার ব্যাংক বিস্ফোরণের ঘটনার পর বৈদ্যুতিক সুরক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ নতুন করে সতর্ক হয়েছে।

রেলওয়ে বোর্ডের নির্দেশে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে সকল রেলওয়ে জোনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের সতর্ক করা হবে এবং রেলকর্মীদেরও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করতে হবে।

নির্দেশটি যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য রেলের আধিকারিক ও তত্ত্বাবধায়কদের আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে বলা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে সকল কোচের চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না, তা তারা পরীক্ষা করবেন। নিরাপত্তাব্যবস্থা কার্যকরে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছে রেলওয়ে বোর্ড। নির্দেশ অমান্য বা অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রেলকর্মীকে জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৬ যাত্রী onboard

এটি উল্লেখযোগ্য যে, চলন্ত ট্রেনে রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নিয়মটি নতুন নয়। ২০১৪ সালে প্রথমবারের মতো এই নিয়ম চালু করা হয়েছিল। বেঙ্গালুরু–হজুর সাহিব নান্দেদ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার পর রেলওয়ে সেফটি কমিশনারের সুপারিশে এ ধরনের নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়। বর্তমানে ট্রেনে আগুন লাগার ঝুঁকি কমাতে নিয়মটি কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


ডিআইইউতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে ‘কালচারাল ফেস্ট ২.০— আন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ শীর্ষক এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন, যিনি ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’ নামে পরিচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুর এনান, যিনি ‘কেটো ভাই’ নামে পরিচিত, নাজিব নিনাদ ও ফারহান পিরোম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে উৎসবের শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা তুলে ধরা, সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উৎসবে নৃত্য, সংগীত, আবৃত্তি ও চিত্রকলা— এই চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ীদের জন্য ছিল ক্রেস্ট, বৃত্তি ও সনদ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০টির বেশি পণ্যের স্টল বসে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এসব স্টল ঘিরেও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেখানে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোও ডিআইইউর আয়োজন সম্পর্কে আগ্রহী হচ্ছে। এ অগ্রগতির পেছনে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও পরামর্শকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।

দুই দিনব্যাপী আয়োজনের প্রশংসা করে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০টির বেশি স্টল বসেছে। এসব স্টলের মাধ্যমে অংশগ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এর সাংস্কৃতিক ক্লাব সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। পরবর্তী সময়ে তাঁরা নিজেদের পরিচিতজনদের কাছেও বিশ্ববিদ্যালয়টির কথা তুলে ধরতে পারবেন, যা এর পরিচিতি বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পয়লা বৈশাখ, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব। তাঁর মতে, সংস্কৃতি একটি জাতির পরিচয়, ঐতিহ্য ও আত্মার প্রতিচ্ছবি। সাংস্কৃতিক চর্চা শুধু গান, কবিতা, নাচ কিংবা অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, মানবিকতা ও আত্মবিশ্বাস বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, উৎসবে বাইরের শিল্পীদের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করবে এবং দর্শনার্থীদের উপস্থিতি বাড়াবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি অনুষ্ঠানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে সবার নজর রাখা প্রয়োজন। তিনি উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্য নিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ আয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন অভিনেতা শিবা শানু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন অভিনেতা শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে চুক্তিভিত্তিক এক বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করেছেন।

এ নিয়োগের বিষয়টি বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। তার প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। নতুন দায়িত্বে যোগ দিতে হলে, নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে তিনি এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

অভিনয়ের পাশাপাশি, গত কয়েক বছর ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন শিবা শানু। এর ফলে অভিনয়েও কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন এই অভিনেতা।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন শিবা শানু। এ সময়ের মধ্যে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচিতি ও অবস্থান তৈরি করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটি ব্যবসার জেরে খোরশেদ আলম খুন, ১১ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


মাটি ব্যবসার জেরে খোরশেদ আলম খুন, ১১ জনের বিরুদ্ধে মামলা

মাটি ব্যবসার কারণে স্থানীয় হিরু খোরশেদের পেছনে লেগে ছিল। বারবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, যাতে এ ব্যবসা না করেন। "মাটি ব্যবসার কারণে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমার বাবা মারা যাওয়ার আগে বলেছে হিরু, ওয়ালিদ, সোহাগ।" কথাগুলো বললেন লক্ষ্মীপুরে নিহত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমের একমাত্র মেয়ে প্রেমা আক্তার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে খোরশেদ আলমকে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তার বুকে তিনটি গুলির চিহ্ন ছিল।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহত খোরশেদ আলমের মেয়ে প্রেমা বলেন, "আমার বাবাকে ঘর থেকে ডেকে নেওয়ার দুই মিনিট পরই তিনটি গুলির আওয়াজ শোনা যায়। দৌঁড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছে, মাটি ব্যবসাকে কেন্দ্র করেই আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমার বাবা খোরশেদ ঘরে ছিল। মজিদ আর মোরশেদ আমার বাবাকে ডেকে নিয়ে যায়। তাদের সামনে ডাবের গাড়ি যাচ্ছে, পিছনে তাদের তিনজনকে হেঁটে যেতে দেখা যায়। যাওয়ার ২ মিনিট পরই গুলির তিনটি আওয়াজ শোনা যায়। আওয়াজ শুনে ঘটনাস্থল যাওয়ার পথে মোরশেদ আর মজিদ দৌঁড়ে এসে বলছে, যে ওয়ালিদ আর সোহাগ আমার বাবাকে গুলি করেছে। সঙ্গে সঙ্গে গেলেও আমি কাউকে দেখিনি। গিয়ে দেখি আমার বাবা মাটিতে পড়ে আছে। পরে আমার মাও সেখানে আসে। আমার বাবা তখন ওয়ালিদ ও সোহাগের নাম বলেছে।"

প্রেমা আক্তার বলেন, "আমার বাবা একসময় বিএনপির কর্মী ছিল। বিএনপি করার কারণে ১৭ বছর আওয়ামী লীগের আমলে নানান মিথ্যা মামলা খেয়েছে। বিএনপি-আওয়ামী লীগকে কেন্দ্র করে তাকে মারা হয়নি। যদি রাজনীতিকে কেন্দ্র করে মারা হতো, তাহলে তিনি আওয়ামী লীগের সময় মারা যেতো। মূলত উনি মাটির ব্যবসা করতো। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ব্রিক ফিল্ডের মালিক হিরুসহ তার অন্যান্য লোকেরা আমার বাবা পিছে লেগে গেছে। এর আগে মাটির ব্যবসাকে কেন্দ্র করে বারবার ধমক দিয়েছে, মেরে ফেলবে। যাতে মাটির ব্যবসা না করে। অন্য কোন কারণ আছে কিনা আমি জানি না। তবে মূল কারণ মাটির ব্যবসা। আমার বাবাও মারা যাওয়ার আগে বলে গেছে হিরু, ওয়ালিদ, সোহাগ। এখন বাকিটা তাদের গ্রেফতার করলে জানা যাবে।"

খোরশেদ হত্যায় বুধবার (২৮ অক্টোবর) রাতে তার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। এর আগে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে আটক করে।

গ্রেফতার ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে এবং মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, "খোরশেদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা সম্পন্ন, জানুয়ারিতে দ্বিতীয় দফার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা সম্পন্ন, জানুয়ারিতে দ্বিতীয় দফার বৈঠক

মালয়েশিয়ার সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আলোচনা সম্পন্ন হয়েছে। দুই পক্ষ জানিয়েছে, তিন দিনের এই আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফার বৈঠক আগামী ২০২৭ সালের জানুয়ারিতে করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এলডিসি উত্তরণের পর রপ্তানি বাজার ধরে রাখা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ এই চুক্তিকে কৌশলগত সুযোগ হিসেবে বিবেচনা করছে।

গত রবিবার শুরু হওয়া আলোচনা আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শেষ হয়। আলোচনায় ১৩টি ওয়ার্কিং গ্রুপ চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয়গুলি পর্যালোচনা করে।

আলোচনার বিষয়বস্তু ছিল পণ্য ও সেবা বাণিজ্য, রুলস অব অরিজিন, কাস্টমস সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা (এসপিএস), বাণিজ্যে কারিগরি বাধা (টিবিটি) এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই)। বিনিয়োগ ও মেধাস্বত্ব নিয়েও মতবিনিময় হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন বলেছেন, "চুক্তিটি দুই দেশের সম্পর্ককে নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।"

মালয়েশিয়ার ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, "চুক্তি কার্যকর হলে প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।"

মালয়েশিয়ার প্রধান আলোচক ড. রাশিদী সাঈদ এবং তার প্রতিনিধিদলকে অনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয়। দুই পক্ষই নির্ধারিত সময়ের মধ্যে ভারসাম্যপূর্ণ ও ‘উইন-উইন’ চুক্তি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে চুক্তির সুফল পাওয়া চূড়ান্ত শর্তাবলি, শুল্কছাড়ের পরিধি, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও বাস্তবায়ন কাঠামোর ওপর নির্ভর করবে। দ্বিতীয় দফায় বিভিন্ন অধ্যায়ে মতপার্থক্য নিরসন এবং পারস্পরিক গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো মূল চ্যালেঞ্জ হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%