বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৪:১০ পি.এম
নওগাঁর বদলগাছী উপজেলায় রেবা বেগম (৩০) নামের এক নারীকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এই গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।
গত ৮ জুলাই ২০২৬, বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। জানা যায়, আহত রেবা বেগম নওগাঁর ধামইরহাট উপজেলার ইশেবপুর ইউনিয়নের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্র অনুযায়ী, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে, আদিবাসী উজ্জ্বলের বাড়ির নিকটে ওই নারীকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় এবং পেটে চাকু মেরে পালিয়ে যায়। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন।
সংবাদ পাওয়া মাত্রই বদলগাছী থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই নৃশংস হামলার সাথে ‘ভেকু চালক’ সৌখিন জড়িত থাকতে পারে। অভিযুক্ত সৌখিন বেশ কিছুদিন ধরে ওই বুড়া কালী মন্দিরের পাশের একটি পুকুর খননের কাজ (ভেকু দিয়ে মাটি কাটা) করে আসছিল। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় কিছুটা চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে জোরালো পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সংসদে তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা সরকারের কার্যকর উদ্যোগের অংশ।
মন্ত্রী জানান, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি সহজীকরণ করা হচ্ছে। এ ছাড়া, প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক ও করহার যৌক্তিকীকরণ এবং বিকল্প উৎস থেকে আমদানির সুযোগ খুঁজে বের করার কাজও করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জাতীয় সংসদে বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা, চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য জায়গাটা ভালোভাবে দেখভাল করার জন্য আমদানি সহজীকরণ এবং শুল্ক ও কর হার যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজারে কৃত্রিম সংকট, মজুদদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের জনগণের জন্য টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে এবং সরবরাহ শৃঙ্খল কার্যকর রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে। পণ্যের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেন সাধারণ ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব কমে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ১। মোঃ সাইদ (২৪) ২। আকাশ (২৩) ৩। মোঃ ফারুক, যাকে কুত্তা ফারুকও বলা হয় (২৬) ৪। কর্ণেল (১৯) ৫। মোঃ মাইন উদ্দিন (২১) ৬। মোঃ সিফাত, যিনি হিটার নামে পরিচিত (২২) এবং ৭। মোঃ নাহিদুল (২৫)।
আদাবর থানার সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় আদাবর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানায় যে, আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডে ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে এলাকাটি অভিযান পরিচালনা করা হয় এবং পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজতে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার হয়।
আদাবর থানার সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২ টি মামলা রয়েছে, মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১ টি মামলা এবং মোঃ সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ১ টি মামলা রয়েছে। এই ঘটনায় আদাবর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাহতাব আলী একজন রিকশাচালক, তার সন্তান সুমন। প্রায়ই নেশাগ্রস্ত সুমনের সাথে তার পিতা এবং স্ত্রীর ঝগড়া হতো। সুমন তার স্ত্রী কে মারধর করে সংসারে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে স্ত্রী চলে যায় ঢাকায়। ০৩/০৭/২৬ তারিখে সুমনের স্ত্রী ঢাকা থেকে চলে আসে অতঃপর আবার পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া অশান্তি।
০৫/০৭/২৬ তারিখে বাবা মাহতাব আলী এবং সন্তান সুমন এক ঘরে শুয়ে থাকে। বাবা তার সন্তান কে ভালো মতো বুঝাতে থাকে। সন্তান তার বাবার কথা মেনে নিতে পারেনা। ০৬/০৭/২৬ তারিখ রাত ৩ টার দিকে
নেশা গ্রস্ত সন্তান সুমন তার বাবা মহাতাব আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্তান সুমন তার বাবা মহাতাব আলীকে ঘর থেকে টেনে হেচরে বাহিরে উঠানে এনে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। সন্তানের আঘাতে কিছুক্ষণের মধ্যেই পিতার মৃত্যু হয়।
এ বিষয়ের সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলার রুজু হয় । পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম থানা পুলিশ কে দ্রুত আসামি গ্রেফতার করার নির্দেশ প্রদান করে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কেও বিশেষ নির্দেশনা প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখার একটা বিশেষ টীম আসামি সুমন কে গ্রেফতার করার জন্য জোড় তৎপরতা শুরু করে । তথ্য প্রযুক্তি ব্যাবহার করে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর বিশেষ টীম ঘটনার তারিখ থেকে নওগাঁ ও বগুড়া অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে আসামি ঢাকা পালিয়ে যায়, কখনো সে নওগাঁ চলে আসে । জেলা গোয়েন্দা শাখা আজ ০৮/০৭/২৬ তারিখে প্রযুক্তি বিশ্লেষণ করে আসামি সুমন (২৫) পিতা মহাতাব আলী সাং বনানী পাড়া থানা জেলা নওগা কে আজ বিকেল বেলা নওগাঁ সদর থানা এলাকার সুলতানপুর থেকে ঢাকা পালিয়ে যাবার সময় গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক তৎপর রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীর জেলখানা গেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মোবাইল কোর্ট চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হলো।
সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, অভিযানের সময় জনসাধারণের স্বাভাবিক চলাচলের পথ এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারা অনুযায়ী তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তার পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ও অপসারণ করা হয়।
অন্যদিকে, একই এলাকার ‘রাজবিলাস বিরিয়ানি হাউস’ নামে একটি রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান চালায়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশন করার প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, জনস্বার্থ রক্ষা এবং নগরীকে যানজট ও দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন সময়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ