১১:৩৩ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ের মাধ্যমে সেচ ব্যবস্থার পরিবর্তন ঘটছে। এর ফলে কৃষকরা প্রতারণা এবং ডিপটিউল ড্রাইভারদের হয়রানির শিকার হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনাকে আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ-নেট মিটারিং ভিত্তিক সেচব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। তিনি প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা সমাধান, প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন।
জনবল সংকট মোকাবিলায় নির্বাহী পরিচালক কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছেন। বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেনের তথ্য অনুযায়ী, ৬৫০ জন জনবল রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর উদ্যোগ অব্যাহত রয়েছে। এর লক্ষ্য হলো মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও কার্যকর করা।
অন্যদিকে, বিএমডিএর সেচযন্ত্রগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনা এবং নেট মিটারিংয়ের আওতায় আনার বিষয়টি নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে বিএমডিএর ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে; ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনে রাষ্ট্রপতির সম্মতি ও গেজেট প্রকাশ
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের চাহিদা পূরণ করা হবে; অতিরিক্ত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বিএমডিএর তথ্য অনুযায়ী, পরিকল্পিতভাবে ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের সম্ভাবনা রয়েছে। নতুন ভাষা শিখুন।
সৌরবিদ্যুৎভিত্তিক সেচে কৃষক দিনের আলোতেই প্রয়োজনমতো পানি দিতে পারবেন। এতে রাতের আধারে সেচের ভোগান্তি, শ্রমিকসংকট এবং বিদ্যুতের ওপর নির্ভরতা কমার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন-ব্যবহার এবং গ্রিডে সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে। নির্বাহী পরিচালকের নেতৃত্বে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের এ সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হলে বিএমডিএর সেবার মান বাড়ার পাশাপাশি টেকসই কৃষি, নবায়নযোগ্য জ্বালানি ও জাতীয় জ্বালানি নিরাপত্তায় নতুন অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।
মোঃ জাহাঙ্গীর আলম খান বিএমডিএ’র সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বন্ধ হয়ে যাওয়া প্রায় এক হাজার ১০০টি সেচযন্ত্র পুনরায় সচল করেন। মাঠপর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা তিনি দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে সমাধান করতেন। তাঁর দক্ষ নির্দেশনা ও তদারকিতে সে সময়ে বিএমডিএ’র সেচযন্ত্রগুলোর পরিচালন কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়, যার ফলে কৃষকগণ সর্বোচ্চ সুবিধা লাভ করেন। এছাড়া, তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি দক্ষ, গতিশীল ও কৃষকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলেছিলেন। মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, সমস্যা চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক সমাধানে তিনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও পারদর্শী ছিলেন।
নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ অবকাঠামোর ফলে সেচের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যাবে উদ্বৃত্ত বিদ্যুৎ, বছরে সাশ্রয় হবে বিপুল অর্থ, কমবে কার্বন নিঃসরণ। এতে একদিকে কৃষকের খরচ কমে আসবে এবং অন্যদিকে রাতের হয়রানি কমে আসবে।
আরও পড়ুন: কপিরাইট বিধিমালা প্রণয়নে একক সেক্টরকে প্রাধান্য দেওয়ার অভিযোগ, অংশীজনদের অসন্তোষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন