ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮


পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও ছিলেন।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, "আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।" নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন।

মার্কিন সামরিক বাহিনীতে ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। এই বিমানটি ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এবং সম্প্রতি এটি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছে।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

দুর্ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে, নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকে দেখা যায়। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কার্যক্রমে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থানরত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং সব আগত বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জরুরি সাড়া কার্যক্রমে মনোযোগ দেওয়ার জন্য অ-বাণিজ্যিক দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘাঁতকর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। প্রাথমিক ভিডিওচিত্র পর্যালোচনার পর দুর্ঘটনাটিকে ‘উদ্ধার-অযোগ্য এবং প্রাণে বাঁচার সম্ভাবনাহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং বিস্তারিত কারণ অনুসন্ধান ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম এই বিমান প্রায় ৭০ হাজার পাউন্ড (৩২ হাজার কেজি) অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শত শত প্রচলিত বোমা ও ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকেন—বিমান কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি নাগরিককে আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৪ এম


মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি নাগরিককে আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত একটি পৃথক অভিযানে ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক, এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারুর একটি আবাসিক বাসস্থানে অভিযান চালান।

অভিবাসন বিভাগ সূত্রে জানানো হয়েছে, বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান ও অন্যান্য অভিবাসন আইন সংশ্লিষ্ট বিষয়ে যাচাই-বাছাইয়ের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আইন প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত অন্তত ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ এম


চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত অন্তত ৩০ জন

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর এলাকার একটি চর দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী তিতাস উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার টেঁটা-বল্লম নিয়ে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২৮ জনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ তথ্য জানিয়েছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরের মালিকানা ও দখল নিয়ে মেঘনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দাদের এবং তিতাস উপজেলার নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ বাটেয়ারা মৌজার ১৪ দশমিক ৭৫ একর জমি ১৯৮৯-৯০ সালে ২৩টি দলিলের মাধ্যমে আলীপুর গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়েছিলেন।

অন্যদিকে নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দারা দাবি করে আসছেন যে, তারা ১৯৯৯-২০০০ সালে একই এলাকার ১০ দশমিক ১৪ একর জমি ইজারা নিয়েছিলেন। এই বিরোধের সূত্র ধরেই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তিতাস থানার সঙ্গে সমন্বয় করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার জানান, সংশ্লিষ্ট জমির কাগজপত্র ও রেকর্ড যাচাই-বাছাই করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাসের মধ্যেই চীনে খুলছে বিডার প্রথম বিদেশি অফিস: আশিক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ এম


তিন মাসের মধ্যেই চীনে খুলছে বিডার প্রথম বিদেশি অফিস: আশিক চৌধুরী

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, দেশের বাইরে বিডার প্রথম অফিস খুব শিগগিরই চালু করা হবে। আগামী তিন মাসের মধ্যে এই অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এক প্রতিবেদনে চীনা গণমাধ্যম সিজিটিএন এই তথ্য জানিয়েছে। আশিক চৌধুরী আরও বলেছেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া বিদেশি অফিসের মাধ্যমে আরও সহজ ও দ্রুত হবে। ফলে তাদের জন্য যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সুবিধাজনক হবে।

তিনি উল্লেখ করেছেন, গত পাঁচ বছরে চীনা বিনিয়োগ বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের উৎসগুলোর একটি হয়ে উঠেছে। এই গুরুত্বকে বিবেচনায় নিয়ে বিডা চীনা বিনিয়োগকারীদের জন্য একটি আলাদা সেবা কাঠামো গড়ে তুলেছে এবং তাদের জন্য পৃথকভাবে কাজ করছে।

আশিক চৌধুরী জানান, গত বছরের শেষ প্রান্তিকে বিডার অধীনে একটি বিশেষ 'চায়না ডেস্ক' চালু করা হয়েছে। এই ডেস্কে নিয়োজিত কর্মকর্তারা কেবল চীনা বিনিয়োগকারীদের সহায়তা ও সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকছেন। চীনা বিনিয়োগকারীদের জন্য পৃথক ফোকাসড সাপোর্ট ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত মার্চ মাসে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছিলেন, চীনে বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান করা এবং বিনিয়োগকারীদের উদ্বেগ দ্রুত সমাধানের সুযোগ তৈরি করবে এই অফিস।

তখন তিনি আশা করেছিলেন, আগামী ছয় মাসের মধ্যেই অফিসটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রথমবারের মতো দেশের বাইরে একটি অফিস স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে। চীনা বিনিয়োগের কিছু অংশ বাংলাদেশে আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা উৎস পর্যায়ে সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে, এই উদ্যোগের সুযোগকে কাজে লাগিয়ে বিডা ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল (চাইনিজ ইকোনমিক জোন) বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। বিডার ধারণা, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিডার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বেসরকারি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে সৌদি আরবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এই সময়ে মূল ভূখণ্ড চীন থেকে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং হংকং থেকে ১৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরযান মেরামত কারখানার লাইসেন্সে বিআরটিএর নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৫২ এম


মোটরযান মেরামত কারখানার লাইসেন্সে বিআরটিএর নতুন নির্দেশনা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়েই লাইসেন্স গ্রহণ করা ছাড়া মোটরযান মেরামত কারখানা স্থাপন কিংবা পরিচালনা করতে পারবে না।

সংস্থাটি সম্প্রতি এক বার্তায় জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৬৪ (১) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ছাড়া কোন ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে নির্ধারিত পদ্ধতি ও নির্ধারিত ফি পরিশোধ করে লাইসেন্স গ্রহণ করার অনুমতি দেয়া হবে না যা মোটরযান মেরামত কারখানা চালানোর জন্য প্রয়োজন।

বিআরটিএ আরও জানায়, ঢাকা বিভাগের আওতাধীন এলাকায় যারা লাইসেন্স গ্রহণে আগ্রহী, তাদের সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ১৫৭ এর উপবিধি-(১) অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা সহকারী পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) কাছে নির্ধারিত ফরম-৪০ (বিআরটিএর ওয়েবসাইট www.brta.gov.bd থেকে সংগ্রহযোগ্য) অনুযায়ী আবেদন করতে হবে।

এছাড়া, বিআরটিএ আরও জানিয়েছে যে, বিধি-১৫৬ এর উপবিধি-(৫) অনুযায়ী আবেদনের সঙ্গে প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে মোটরযান মেরামতে নিয়োজিত কর্মীদের (অটোমোবাইল) মোটরযানের উপর প্রাসঙ্গিক কারিগরি জ্ঞান ও দক্ষতার প্রমাণপত্র, মোটরযান মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সাজসরঞ্জামের ব্যবস্থা থাকার প্রমাণ, কারখানায় অন্তত পাঁচটি যানবাহন রাখার জায়গার প্রমাণ, মালিক বা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স সনদের সত্যায়িত কপি, টিআইএন সার্টিফিকেট ও হালনাগাদ আয়কর পরিশোধ সনদের সত্যায়িত কপি, স্থানীয় কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশ এবং আর্থিক সচ্ছলতার সনদ জমা দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%