বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
১২:৫২ পি.এম
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীনে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ১ম সেমিস্টার পরীক্ষার রুটিনে আংশিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনিবার্য কারণে আগামী ২৭ জুনের পরীক্ষা স্থগিত করে তা পুনর্নির্ধারণ করা হয়েছে ২ জুলাইতে।
ময়মনসিংহের নেপ-এর ডিপিএড বোর্ডের উপ-পরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুসারে আগামী ২৭ জুনের পরীক্ষাটি আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বেলা ৩টা ১৫ পর্যন্ত ‘শিক্ষণ পদ্ধতি-কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনা’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা ৩টা ৩০ থেকে বিকাল ৪টা ৪৫ পর্যন্ত ‘শিখন মূল্যায়ন ও ফলাবর্তন’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নেপ জানাচ্ছে, পূর্বের রুটিনে উল্লেখিত অন্যান্য সব বিষয়ের পরীক্ষার তারিখ, সময়সূচি এবং সংশ্লিষ্ট নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।
ডিপিএড ১ম সেমিস্টার পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে নেপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার ‘গলার কাঁটা’ মনে করছে, এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে তিনি এই বক্তব্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্বে এসে ১৩০০ উন্নয়ন প্রকল্প পেয়েছি। আমাদের জন্য এগুলো বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা এসব প্রকল্প না গিলতে পারছি, না ফেলতে পারছি। এসব প্রকল্প নিয়ে আমরা পর্যালোচনা করেছি। আমরা ডিরেগুলেশনে যাচ্ছি এবং সব প্রকল্প কার্যকরভাবে মনিটর করবো।’
তিনি বলেন, ‘গ্রামগঞ্জে মৃৎশিল্প, শীতলপাটিসহ বিভিন্ন খাতের কারিগরদের এগিয়ে নিতে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ নিয়েছি। আমরা তাদের কাজ আরও মার্কেট অ্যাবল করতে চাই। যা বর্তমানে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, তা ২০০০ টাকায় বিক্রি হবে। তাদের আয় বাড়লেই দেশের জিডিপি বাড়বে।’
লোকসংগীতের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু বলেন, ‘আমরা গান, কালচার, চলচ্চিত্র-সবই মনিটাইজ করতে চাই। বিনোদন একটি আয়ের উৎস হতে পারে।’
তিনি দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংস্কারের মাধ্যমে পর্যটন খাতে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন এবং জানান, ‘সৃজনশীল অর্থনীতিতে আমরা বরাদ্দ দিয়েছি।’
অর্থমন্ত্রী দাবি করেন যে, আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি এবং বলেন, ‘একজন ছাড়া আমি কাউকেই চিনি না।’
এতে তিনি কৃষি খাতকে সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়ার বিষয়টি তুলে ধরেন, বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ভেনেজুয়েলার মহান জনগণের ওপর যে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, তা ব্যাপক মাত্রার এবং এতে প্রাণহানির সংখ্যা ভয়াবহ’।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র মানুষের জন্য সাহায্যের জন্য (ভেনেজুয়েলাকে) প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম!’ খবর বিবিসি’র।
ট্রাম্প বলেছেন, তিনি তার দেশের ‘সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়!!!’
এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ে ট্রাম্প ভেনেজুয়েলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে রদ্রিগেজ জানান, যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে।
অন্যান্য নেতাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে রদ্রিগেজ যেসব বার্তা শেয়ার করেছেন, এটি সেগুলোরই একটি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিলির প্রেসিডেন্টসহ আরও অনেককে ধন্যবাদ জানিয়েছেন।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক সহায়তার বিভিন্ন প্রস্তাবও ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বিবেচনা করছে।
এদিকে, ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার (২৪ জুন) ৩৯ সেকেন্ডের মধ্যে আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে মৃতের সংখ্যা নিয়ে রদ্রিগেজই এই প্রথম কোনো পরিসংখ্যান তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নব্বই দশকের দাপুটে অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তিনি আজও রূপে-গুণে অনন্য। দর্শকদের উপহার দিয়েছেন দারুণ দারুণ সব সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন নতুন রূপে মেলে ধরে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন এই তারকা।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। ভিডিওটিতে তাকে বেশ কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন ও সাবলীল মুহূর্তে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে।
ভিডিও শেয়ার করে পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা।’ এই লেখার সাথে তিনি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
ভিডিওটিতে দেখা যায়, একটি খোলামেলা ও সবুজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার পরনে রয়েছে আকর্ষণীয় একটি কমলা ও কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। সেখানে একে একে নারীরা এসে তার সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী সাধারণ সালোয়ার-কামিজ ও শাড়ি।
ভিডিওর একপর্যায়ে বান্ধবীদের সঙ্গে পূর্ণিমার খুনসুটি ও হাসির রোল পড়ে যায়। এক নারীর সঙ্গে ইয়ার্কি করতে করতে জড়িয়ে ধরার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাবু রাঢ়ী (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবু রাঢ়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামের দুলাল রাঢ়ীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিজস্ব জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাবু রাঢ়ীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ৮ থেকে ৯ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের বাবা দুলাল রাঢ়ী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ