বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৫ পি.এম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তারিখে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানায় এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের কারণে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রম তুলে ধরেন।
আরো পড়ুন
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী
মন্ত্রী মন্তব্য করেন, বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তার বড় অর্থনৈতিক প্রভাব সৃষ্টি হয়। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমকে আরো জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
মন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে বলেন, আজকের সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রমকে আরো জোরদার করতে হবে।
আরো পড়ুন
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্ব দেন।
সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা নির্মাণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পূর্ব ইউরোপের দেশ মলদোভা বর্তমানে চলমান তীব্র খরা এবং বৈশ্বিক বিভিন্ন সংঘাতের কারণে পানির মারাত্মক ঘাটতি ও বিদ্যুৎ সংকটে ভুগছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য দেশজুড়ে পানি ও জ্বালানি খাতে আগামী ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মলদোভান পার্লামেন্টের ১০১টি আসনের মধ্যে ৫৪টি ভোটের মাধ্যমে এই জরুরি অবস্থার প্রস্তাব পাস করা হয়। আগামী শনিবার থেকে এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।
দেশটির পরিবেশ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মলদোভা অঞ্চলের প্রধান পানির উৎস ‘দিনিস্টার’ এবং ‘প্রুট’ নদীতে পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা একটি ভয়াবহ ‘হাইড্রোলজিক্যাল সংকট’ সৃষ্টি করেছে। স্বাভাবিক অবস্থায় ইউক্রেনের নোভোডনিস্ত্রোভস্ক জলাধার থেকে প্রতি সেকেন্ডে অন্তত ৬০ ঘনমিটার পানি প্রবাহের প্রয়োজন, কিন্তু বর্তমানে তা মাত্র ২২ ঘনমিটার পাওয়া যাচ্ছে। পানির সংকট মোকাবিলায় অপ্রয়োজনীয় কাজে পানি ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন পরিবেশমন্ত্রী জর্জ হাইডার।
অন্যদিকে, প্রধানমন্ত্রী ভাসিলে তোফান এই সংকটকে এক ‘পারফেক্ট স্টর্ম’ বা বহুমুখী বিপদের সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, খরার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি শোধনাগারগুলোর ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শীতের ঠিক মুখে জ্বালানি ও পানির সংকট একত্রে উপস্থিত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, উল্লেখ্য যে, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার সাম্প্রতিক হামলার পর থেকেই প্রতিবেশী দেশ মলদোভার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। নতুন এই জরুরি অবস্থার ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সংকট মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণের আশা করছে দেশটির সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগে মোসলেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এ ঘটনা ঘটে।
আটক মোসলেম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের মৃত আকবর আলী ও মৃত পরিমনের ছেলে।
হাসপাতালে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. আমিনুল ইসলাম জানান, মসজিদের দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি আনসার সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে আটক করেন।
তিনি বলেন, “দানবাক্সটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে কিছু পয়সা পড়ে ছিল। পরে বকশীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তামিম বলেন, “ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর আনসার সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।”
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, “মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারানো বা চুরি যাওয়ার পর অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়বার বা পরবর্তী বার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত ওই পরিপত্রে হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর জন্য মোট ১২টি নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার বিষয়টি অনতিবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে বা অনলাইনে রিপোর্ট করতে হবে। রিপোর্টের ভিত্তিতে অধিদপ্তর পাসপোর্টের স্ট্যাটাস হালনাগাদ করবে।
এছাড়া, নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির সঠিকতা যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়া না গেলে জিডির কপি দিয়েই পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপর অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।
যদি জিডি যাচাইয়ে প্রমাণিত হয় যে ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এবং তা অবৈধভাবে আটকে রাখা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ফেরত পাওয়া সম্ভব না হলে আগের পাসপোর্ট বাতিল (রিভোক) করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) তা হালনাগাদ করবে। প্রয়োজন অনুযায়ী ইন্টারপোলকেও এ বিষয়ে অবহিত করা হবে।
বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট মিশন ‘লস্ট সার্কুলার’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।
নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যু হলে এর ডেটা পেজে ‘পাসপোর্ট হারানোর বিষয়টি লেখা থাকবে। একই সঙ্গে ডাটাবেজে আগের পাসপোর্টের হারানো বা বাতিল হওয়ার তথ্য হালনাগাদ করতে হবে।
পুনঃইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়গত তথ্য, নাম, জন্মতারিখ, পিতার নাম ও মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধনের বিষয় আলাদাভাবে বিবেচনা করা যাবে। পরিপত্রে আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে তা সমর্পণের ভিত্তিতে পুনঃইস্যু করা যাবে।
তবে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেলে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো অংশ প্রদর্শন করা সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে হবে। কোনো পাসপোর্ট হারানো বা চুরি হিসেবে রিপোর্ট করার পর সেটি বাতিল করা হলে পরবর্তীতে পাওয়া গেলেও তা পুনরায় সক্রিয় করা বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।
এ ধরনের পাসপোর্ট পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে জানাতে হবে। বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকে অবহিত করতে হবে।
পাসপোর্ট হারানো বা চুরির ক্ষেত্রে জরিমানার বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি’র বাইরে অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে পরবর্তীতে প্রত্যেকবার হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘটনায় নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
পরিপত্রে বলা হয়েছে, এ-সংক্রান্ত আগের সব পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে নতুন পরিপত্রটি জারি করা হয়েছে। এটি জারির তারিখ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার স্মারক নম্বর ১১৯৭-এর মাধ্যমে এ পরিপত্র জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ