০২:০৯ পি.এম
সউদী আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শনিবার একে অপরের রাজধানী লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে। সউদী কর্তৃপক্ষ জানায়, রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় সউদী হামলায় ১৩ জন আহত হওয়ার খবর দিয়েছে হুতিদের গণমাধ্যম।
সউদী নেতৃত্বাধীন জোট, যা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে, গত গ্রীষ্মে দেশটির গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে হুতিদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।
হুতি যোদ্ধারাও প্রতিদিন সউদী আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও রিয়াদের আর্থিক জেলা।
আরও পড়ুন: সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানাকে গ্রেফতার
সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "হুতি বিদ্রোহীদের ছোড়া রিয়াদ অভিমুখী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।"
এদিকে, হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সানার একটি আবাসিক এলাকায় সউদী বিমান হামলায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের সংবাদমাধ্যম আল-মাসিরার তথ্য অনুযায়ী, এ হামলায় ১৩ জন আহত হয়েছেন।
শনিবার পরে সউদী নেতৃত্বাধীন জোট জানায়, তাদের বাহিনী দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে। এ সময় ওই অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা জারি করে।
এদিকে, ইয়েমেনের উপকূলীয় জলসীমায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। শনিবার সোমালি জলদস্যুরা সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পণ্যবাহী জাহাজ অল্প সময়ের জন্য ছিনতাই করেছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা ও একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা।
আরও পড়ুন: রাজনৈতিক পালাবদল ও টিকে থাকার মনস্তত্ত্ব: সমালোচনামূলক পর্যালোচনা
আফ্রিকার হর্ন অঞ্চলের উপকূলীয় জলসীমায় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি জলদস্যুতার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের বালহাফ বন্দরের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলাকারীরা উঠে পড়ে।
পরে সংস্থাটি জানায়, জলদস্যুরা জাহাজটি ছেড়ে চলে গেছে এবং জাহাজটি তার পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করছে। তবে কেন জলদস্যুরা জাহাজটি ছেড়ে গেছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জাহাজটির নাম এমভি মারসা ভার্গো বলে শনাক্ত করেছেন। পানামার পতাকাবাহী জাহাজটির মালিক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মারসা ওশান শিপিং।
আরও পড়ুন: শেখ হাসিনা দেশে আসতে পারবেন না: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে তিন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ছয়জন সোমালি সশস্ত্র ব্যক্তি জাহাজটি ছিনতাই করেছিলেন। ইয়েমেনের ভূখণ্ড থেকে সোমালি জলদস্যুদের চালানো এটিই প্রথম হামলা বলে দাবি করেছেন তাঁরা।
এক কর্মকর্তা বলেন, "জলদস্যুতায় হুতিদের সহায়তার অভিযোগ তোলা ঠিক হবে না।" তাঁর দাবি, ইয়েমেনে বসবাসরত সোমালি শরণার্থীদের একটি অংশের অপরাধী চক্র পুন্টল্যান্ডের জলদস্যুদের সহায়তা করছে। তিনি বলেন, ‘তাদের অনেকের মধ্যে পারিবারিক ও গোত্রীয় সম্পর্ক রয়েছে। উভয় পক্ষের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল।’
নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, জাহাজটিতে থাকা ১৯ জন নাবিক নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছিলেন। তবে তাঁদের এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন