০২:১২ পি.এম
আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার নবায়ন করা’। প্রতিবছর এই দিনটি পালন করা হয় ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সমর্থন জোরদার এবং ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে।
১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে বিভক্ত করার পরিকল্পনা বা ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ অনুমোদন করেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর সংহতি দিবসটি উদযাপন করা হয়।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রতিশ্রুতি সত্ত্বেও ফিলিস্তিনিরা এখনো দখলদারিত্বের মধ্যে বসবাস করছেন এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, সানায় সউদী হামলায় আহত ১৩
২০২৬ সালের এই দিবসটি এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের ভয়াবহ পরিণতি এখনও ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলছে। যুদ্ধবিরতি চুক্তির পরও সেখানে বেসামরিক মানুষ সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, বাড়িঘর উচ্ছেদ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ন্যায়সংগত শান্তির দাবিতে সংগ্রাম করে আসছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক ফোরামে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য সমর্থন জোরদার করাই এই দিবস পালনের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন