ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন; মাসে সাশ্রয় হবে ৯০ হাজার টাকা


ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন; মাসে সাশ্রয় হবে ৯০ হাজার টাকা

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি দপ্তরের বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোলার প্যানেলটি চালু হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২৩ লাখ টাকা (২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা) চুক্তিমূল্যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড’। স্থাপিত এই সোলার প্যানেল থেকে প্রতিদিন গড়ে ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে।

আরও পড়ুন: সিলেটে টিলা কাটার মহোৎসব, গত ২৫ বছরে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ঝালকাঠি শাখার নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেট মিটারিং ও উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ: সংশ্লিষ্ট সূত্র জানায়, নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক ছাদে সোলার প্যানেল স্থাপন করে নিজেদের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন। গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে গ্রাহককে ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য দেওয়া হবে, যা তিন মাস পরপর সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে।

এদিকে, এই খাতে নতুন উদ্যোক্তাদের যুক্ত হওয়ার সুযোগও রাখা হয়েছে। আগ্রহীরা ‘রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার’ হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিআইএন, হালনাগাদ আয়কর সনদ (ট্যাক্স সার্টিফিকেট), ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সনদ এবং ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তালিকাভুক্তির মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

এছাড়া, সরকারি বিশেষ প্রণোদনা পেতে হলে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে, যার সুবিধা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: ‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ মানববন্ধনে জলবায়ু সংকট ও নদী রক্ষার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমারিওর দাবি, আনচেলত্তিকে আর ব্রাজিলে দেখতে চান না

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


রোমারিওর দাবি, আনচেলত্তিকে আর ব্রাজিলে দেখতে চান না

জাপানের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পদত্যাগের দাবি জানিয়েছেন দেশের ফুটবল কিংবদন্তি রোমারিও। বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা মনে করেন, ক্লাব ফুটবলে সফল হলেও জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তি তার যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।

নিজের ইনস্টাগ্রামে করা একটি পোস্টে আনচেলত্তিকে সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়ে রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে আনচেলত্তিকে স্বীকৃতি দিলেও ব্রাজিলের দায়িত্বে তার পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন রোমারিও। তিনি বলেন, ‘আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ, কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি।’

১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদকেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘মিস্টার প্রেসিডেন্ট, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন!’

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি রয়েছে। তবে বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন রোমারিও মনে করেন, আরেকটি বিশ্বকাপের স্বপ্ন নষ্ট হওয়ার আগেই পদক্ষেপ নেয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ার বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ২টি নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


কচুয়ার বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ২টি নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ‘৩ নম্বর বিতারা (পশ্চিম) ইউনিয়ন’ ও ‘৩ নম্বর বিতারা (পূর্ব) ইউনিয়ন’ নামে দুটি আলাদা ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এই প্রস্তাবের বিষয়ে গত ১২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা প্রশাসক, চাঁদপুরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ‘৩ নম্বর বিতারা (পশ্চিম) ইউনিয়ন’ ও ‘৩ নম্বর বিতারা (পূর্ব) ইউনিয়ন’ নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা নীতিমালা এবং একই বছরের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা অনুসরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারার বিধানও বিবেচনায় নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের গত ২৫ অক্টোবরের একটি স্মারকের আলোকে উত্থাপিত প্রস্তাবের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতা প্রদান করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চাঁদপুরের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে কচুয়া উপজেলার বিদ্যমান ৩ নম্বর বিতারা ইউনিয়ন বিভক্ত হয়ে দুটি পৃথক ইউনিয়ন পরিষদ গঠিত হবে। তবে এই পর্যায়ে দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘারপাড়ায় ৫ কিলোমিটার সড়কে ৭টি গতিরোধক, যানবাহনে বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


বাঘারপাড়ায় ৫ কিলোমিটার সড়কে ৭টি গতিরোধক, যানবাহনে বিঘ্ন

শুধু পাঁচ কিলোমিটার সড়কে সাতটি উঁচু ও খাড়া গতিরোধক (বিট) রয়েছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ডের অভাব রয়েছে, এবং জেব্রা ক্রসিংও নেই। এর ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চালকদের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে সড়ক নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে এসব গতিরোধক তৈরি করা হয়েছে। অথচ অধিকাংশ স্থানে এসব গতিরোধক নির্মাণের যৌক্তিকতা নেই।

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বোলদেঘাটা থেকে দোরস্তা পর্যন্ত শেরশাহ সড়কের প্রায় ৫ দশমিক ১৯ কিলোমিটার অংশে এই পরিস্থিতি দেখা যাচ্ছে। জনবসতি ও যানবাহন চলাচলের তুলনায় অপ্রয়োজনীয় এসব গতিরোধক এখন সড়ক ব্যবহারকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছে। গত ১০ নভেম্বর ছাতিয়ানতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িকে একাধিক গতিরোধক পার হতে হয়েছে, যার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে আগুনে বাজারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের দাবি, জনস্বার্থের কথা বিবেচনা না করে নির্মিত এসব নিয়মবহির্ভূত গতিরোধক দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা থেকে দোরস্তা পর্যন্ত মাত্র ৫ দশমিক ১৯ কিলোমিটার পথে সাতটি উঁচু ও খাড়া গতিরোধক রয়েছে। এর মধ্যে হাবুল্লা বাজার, পুকুরিয়া আমতলা বাজার ও আল্লাইপুর বটতলা মোড়ের মতো অধিকাংশ সময় জনশূন্য এলাকায় একাধিক গতিরোধক নির্মাণ করা হয়েছে।

বাঘারপাড়া থেকে যশোরের দিকে যেতে শেরশাহ সড়কের হাবুল্লা বাজারের দুই পাশে রয়েছে দুটি গতিরোধক। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ থাকলেও প্রতিষ্ঠানগুলো সড়ক থেকে বেশ দূরে অবস্থিত। সকাল ও সন্ধ্যার কিছু সময় ছাড়া দিনের অধিকাংশ সময় বাজারটি প্রায় জনশূন্য থাকে। তবুও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ২০২২ সালে সেখানে দুটি গতিরোধক নির্মাণ করা হয়। তবে যানবাহন চালকদের সতর্ক করার জন্য কোনো সাইনবোর্ড বা জেব্রা ক্রসিং স্থাপন করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, এসব গতিরোধকের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু ও নারী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

হাবুল্লা বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে পুকুরিয়া আমতলা বাজার অবস্থিত। সড়ক থেকে প্রায় ৫০ মিটার দূরে দুটি চায়ের দোকান, একটি সারের দোকান ও একটি মুদি দোকান রয়েছে। এসব দোকানের কেন্দ্রবিন্দুতে সড়কের ওপর নির্মাণ করা হয়েছে দুটি খাড়া গতিরোধক। এগুলো পার হওয়ার সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ ছোট যানবাহনের চেসিসে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। ফলে গাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি পার হতে অতিরিক্ত সময় ব্যয় হয়। স্থানীয়দের ভাষ্য, সারাদিনেও এ সড়কে মানুষের চলাচল খুবই কম।

এর মাত্র ৮০০ মিটার পশ্চিমে আল্লাইপুর বটতলা মোড় বাজার। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও চারটি চায়ের দোকান থাকলেও সারাদিনে সাধারণত দুটি দোকান খোলা থাকে। স্থানীয়দের দাবি, বাজারটিতে সাকুল্যে ১০ জন মানুষেরও সমাগম হয় না। অথচ বাজারের দুই পাশে রয়েছে দুটি উঁচু ও খাড়া গতিরোধক।

গতিরোধকের পাশে চায়ের দোকানদার সাত্তার তরফদার বলেন, অপরিচিত মোটরসাইকেল চালকেরা প্রায়ই এসব গতিরোধকে দুর্ঘটনার শিকার হন। এমনও ঘটেছে, মোটরসাইকেল থেকে নারী ও তাঁর কোলে থাকা শিশু ছিটকে দূরে পড়ে গেছে।

শেরশাহ সড়কটি যশোর-নড়াইল সড়কের দোরস্তা নামক স্থানে গিয়ে মিলেছে। স্থানীয়দের কাছে এলাকাটি ভায়না নামে পরিচিত। সেখানে একটি মসজিদ ছাড়া উল্লেখযোগ্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা জনসমাগমের স্থান নেই। তারপরও সেখানে একটি খাড়া গতিরোধক নির্মাণ করা হয়েছে। এতে সড়ক ব্যবহারকারীদের অযথা ভোগান্তি পোহাতে হচ্ছে।

জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা এসব গতিরোধক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মাজেদুল হক বলেন, ছাতিয়ানতলা বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে তাঁদের গাড়িকে বেশ কয়েকটি গতিরোধক পার হতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে। জরুরি মুহূর্তে এ ধরনের বাধা আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটায় এবং ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা তৈরি করে। তিনি অপ্রয়োজনীয় গতিরোধক অপসারণের দাবি জানান।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক জাহাঙ্গীর হোসেন বলেন, এসব উঁচু গতিরোধকের কারণে মুমূর্ষু রোগী নিয়ে বাঘারপাড়া থেকে যশোর সদর হাসপাতালে যেতে অতিরিক্ত সময় লাগে। এতে রোগীর ঝুঁকি বাড়ে। প্রতিটি সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে জনশূন্য বাজারে এতগুলো উঁচু গতিরোধকের প্রয়োজনীয়তা নেই। আর নির্মাণ করতে হলেও তা অবশ্যই নিয়ম মেনে করতে হবে।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী জুলহাস উদ্দিন বলেন, গ্রামীণ সড়কে এভাবে গতিরোধক নির্মাণ বেআইনি। সড়ক পাকাকরণের সময় স্থানীয় প্রভাবশালীদের চাপে ঠিকাদারদের দিয়ে এসব গতিরোধক নির্মাণ করানো হয়েছে। এ কারণে এলজিইডি অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কীকরণ সাইনবোর্ডও দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বোলদেঘাটা-দোরস্তা সড়কের গতিরোধকগুলো নির্মাণে কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। এগুলো অস্বাভাবিকভাবে খাড়া ও উঁচু করে তৈরি করা হয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি বাড়াচ্ছে এবং জানমালের ক্ষতির কারণ হতে পারে। এসব গতিরোধক অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত গদাধর, সড়ক বিলীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত গদাধর, সড়ক বিলীন

কুশিয়ারা নদীর ভাঙনের ফলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙনের কারণে সড়কগুলো বিলীন হয়ে গেছে। মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। নতুন করে মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীভাঙন থেকে গ্রামটির রক্ষায় জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে কুশিয়ারা নদীর তীরবর্তী প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থ এলাকায় মাটি ধসে পড়েছে। এর ফলে নদীতীরবর্তী সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

গদাধর গ্রামে নদীভাঙনের ঝুঁকি একমাত্র একটি স্থানে সীমাবদ্ধ নয়। স্থানীয়দের তথ্যমতে, আসুক আহমদের বাড়ির সামনে, ডা. আব্দুল হালীমের বাড়ির সামনে, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার সামনে, ডা. আব্দুল আজিজের বাড়ির সামনে এবং আলাই মিয়ার বাড়ির সামনেও ভাঙন স্পট রয়েছে। গত কয়েক বছরে এসব স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম মন্তব্য করেন, ‘পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তা নেই। নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।’ তিনি আরও উল্লেখ করেন, পুরো গ্রামে গত কয়েক বছরে বড় বড় কয়েকটি ভাঙন স্পট তৈরি হয়েছে।

নদীভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সড়ক বিলীন হয়ে যাওয়ায় মানুষের চলাচলে বিকল্প পথের সংকট তৈরি হয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অবশিষ্ট সড়ক, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ জানান, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করুন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ করা হোক। পাশাপাশি মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আপৎকালীন বিকল্প সড়কের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%