প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুধু পাঁচ কিলোমিটার সড়কে সাতটি উঁচু ও খাড়া গতিরোধক (বিট) রয়েছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ডের অভাব রয়েছে, এবং জেব্রা ক্রসিংও নেই। এর ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চালকদের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে সড়ক নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে এসব গতিরোধক তৈরি করা হয়েছে। অথচ অধিকাংশ স্থানে এসব গতিরোধক নির্মাণের যৌক্তিকতা নেই।
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বোলদেঘাটা থেকে দোরস্তা পর্যন্ত শেরশাহ সড়কের প্রায় ৫ দশমিক ১৯ কিলোমিটার অংশে এই পরিস্থিতি দেখা যাচ্ছে। জনবসতি ও যানবাহন চলাচলের তুলনায় অপ্রয়োজনীয় এসব গতিরোধক এখন সড়ক ব্যবহারকারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছে। গত ১০ নভেম্বর ছাতিয়ানতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িকে একাধিক গতিরোধক পার হতে হয়েছে, যার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে আগুনে বাজারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের দাবি, জনস্বার্থের কথা বিবেচনা না করে নির্মিত এসব নিয়মবহির্ভূত গতিরোধক দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা থেকে দোরস্তা পর্যন্ত মাত্র ৫ দশমিক ১৯ কিলোমিটার পথে সাতটি উঁচু ও খাড়া গতিরোধক রয়েছে। এর মধ্যে হাবুল্লা বাজার, পুকুরিয়া আমতলা বাজার ও আল্লাইপুর বটতলা মোড়ের মতো অধিকাংশ সময় জনশূন্য এলাকায় একাধিক গতিরোধক নির্মাণ করা হয়েছে।
বাঘারপাড়া থেকে যশোরের দিকে যেতে শেরশাহ সড়কের হাবুল্লা বাজারের দুই পাশে রয়েছে দুটি গতিরোধক। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ থাকলেও প্রতিষ্ঠানগুলো সড়ক থেকে বেশ দূরে অবস্থিত। সকাল ও সন্ধ্যার কিছু সময় ছাড়া দিনের অধিকাংশ সময় বাজারটি প্রায় জনশূন্য থাকে। তবুও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ২০২২ সালে সেখানে দুটি গতিরোধক নির্মাণ করা হয়। তবে যানবাহন চালকদের সতর্ক করার জন্য কোনো সাইনবোর্ড বা জেব্রা ক্রসিং স্থাপন করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, এসব গতিরোধকের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু ও নারী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
হাবুল্লা বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে পুকুরিয়া আমতলা বাজার অবস্থিত। সড়ক থেকে প্রায় ৫০ মিটার দূরে দুটি চায়ের দোকান, একটি সারের দোকান ও একটি মুদি দোকান রয়েছে। এসব দোকানের কেন্দ্রবিন্দুতে সড়কের ওপর নির্মাণ করা হয়েছে দুটি খাড়া গতিরোধক। এগুলো পার হওয়ার সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ ছোট যানবাহনের চেসিসে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। ফলে গাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি পার হতে অতিরিক্ত সময় ব্যয় হয়। স্থানীয়দের ভাষ্য, সারাদিনেও এ সড়কে মানুষের চলাচল খুবই কম।
এর মাত্র ৮০০ মিটার পশ্চিমে আল্লাইপুর বটতলা মোড় বাজার। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও চারটি চায়ের দোকান থাকলেও সারাদিনে সাধারণত দুটি দোকান খোলা থাকে। স্থানীয়দের দাবি, বাজারটিতে সাকুল্যে ১০ জন মানুষেরও সমাগম হয় না। অথচ বাজারের দুই পাশে রয়েছে দুটি উঁচু ও খাড়া গতিরোধক।
গতিরোধকের পাশে চায়ের দোকানদার সাত্তার তরফদার বলেন, অপরিচিত মোটরসাইকেল চালকেরা প্রায়ই এসব গতিরোধকে দুর্ঘটনার শিকার হন। এমনও ঘটেছে, মোটরসাইকেল থেকে নারী ও তাঁর কোলে থাকা শিশু ছিটকে দূরে পড়ে গেছে।
শেরশাহ সড়কটি যশোর-নড়াইল সড়কের দোরস্তা নামক স্থানে গিয়ে মিলেছে। স্থানীয়দের কাছে এলাকাটি ভায়না নামে পরিচিত। সেখানে একটি মসজিদ ছাড়া উল্লেখযোগ্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা জনসমাগমের স্থান নেই। তারপরও সেখানে একটি খাড়া গতিরোধক নির্মাণ করা হয়েছে। এতে সড়ক ব্যবহারকারীদের অযথা ভোগান্তি পোহাতে হচ্ছে।
জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা এসব গতিরোধক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মাজেদুল হক বলেন, ছাতিয়ানতলা বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে তাঁদের গাড়িকে বেশ কয়েকটি গতিরোধক পার হতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে। জরুরি মুহূর্তে এ ধরনের বাধা আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটায় এবং ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা তৈরি করে। তিনি অপ্রয়োজনীয় গতিরোধক অপসারণের দাবি জানান।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক জাহাঙ্গীর হোসেন বলেন, এসব উঁচু গতিরোধকের কারণে মুমূর্ষু রোগী নিয়ে বাঘারপাড়া থেকে যশোর সদর হাসপাতালে যেতে অতিরিক্ত সময় লাগে। এতে রোগীর ঝুঁকি বাড়ে। প্রতিটি সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে জনশূন্য বাজারে এতগুলো উঁচু গতিরোধকের প্রয়োজনীয়তা নেই। আর নির্মাণ করতে হলেও তা অবশ্যই নিয়ম মেনে করতে হবে।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী জুলহাস উদ্দিন বলেন, গ্রামীণ সড়কে এভাবে গতিরোধক নির্মাণ বেআইনি। সড়ক পাকাকরণের সময় স্থানীয় প্রভাবশালীদের চাপে ঠিকাদারদের দিয়ে এসব গতিরোধক নির্মাণ করানো হয়েছে। এ কারণে এলজিইডি অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কীকরণ সাইনবোর্ডও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বোলদেঘাটা-দোরস্তা সড়কের গতিরোধকগুলো নির্মাণে কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। এগুলো অস্বাভাবিকভাবে খাড়া ও উঁচু করে তৈরি করা হয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি বাড়াচ্ছে এবং জানমালের ক্ষতির কারণ হতে পারে। এসব গতিরোধক অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন