০৯:২৫ পি.এম
খুলনা, ১০ আগস্ট, ২০২৬ : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের কর্মরত ৩১ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে চিকিৎসার মাধ্যমে প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
সভায় পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগের সদস্যরা বিভিন্ন প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন। তাই তাদেরকে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও সচেতন থাকতে হবে।
আরও পড়ুন: ‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার
তিনি আরও যোগ করেন, জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক, তবে আইনের প্রয়োগে দৃঢ় থাকতে হবে। মানুষ যখন রাগান্বিত হন, তখন পুলিশ সদস্যদের ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরব।
পুলিশ কমিশনার বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের জন্য ভালো ব্যবহার একটি অন্যতম প্রধান উপায়। মানুষের সকল সমস্যার সমাধান করা সম্ভব নাও হতে পারে, তবে আন্তরিকভাবে তাদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা শোনা এবং যথাসাধ্য সাহায্য করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও সম্মান অর্জন করা যায়।
কেএমপি কমিশনার আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে গত এক মাসের প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারের মাধ্যমে ভূষিত করা হয়।
আরও পড়ুন: মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জে গ্রেফতার
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন